Bangladesh · 2026-11-13 17:00:00

জুবা

জুবা
তেঁতুলিয়া নদীর একটি পরিচিতি আছে। দেশের মানুষ কমবেশি সবাই জানে। কিন্তু এর স্বভাব সম্পর্কে জানে কেবল তারাই যারা এটা পার হয়েছে। বরিশাল থেকে ভোলার পথে নদীর মাঝামাঝি কালাবদর এলাকায় পৌঁছলেই হঠাৎ বদলে যায় এর চেহারা। শান্ত জল যেন মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে। ঢেউগুলো দাঁড়াশ সাপের ফণার মতো মাথা তোলে, গর্জন করতে করতে লঞ্চের গায়ে আছড়ে পড়ে। অভিজ্ঞ যাত্রীরাও তখন চুপ হয়ে যায়। কেউ বিড়বিড় করে দোয়া পড়ে, কেউ শক্ত করে জানালা ধরে বসে থাকে।
কবীরও সেদিন জানালার পাশে বসে নদী দেখছিল। সে ঢাকায় কর্মরত একজন সরকারি কর্মকর্তা। বরিশাল বিভাগের দরিদ্র জনগোষ্ঠী নিয়ে পরিচালিত একটি প্রকল্পের কাজেই তার দৌলতখানে আসা। সহকর্মীরা কালাবদরের ঢেউয়ের কথা আগেই বলেছিল। কিন্তু নিজের চোখে না দেখলে নদীর এই রূপ বিশ্বাস করা যায় না।
দৌলতখানে পৌঁছে প্রথম যে জিনিসটি তাকে মুগ্ধ করল, তা হলো মেঘনা। নদী নয়, যেন এক চলমান সমুদ্র। সেই বিশাল নদীর পাড়েই রেশমাদের বাড়ি। একসময় উঠান ছিল, ফলের গাছ ছিল, বাঁশঝাড় ছিল। এখন সেসবের অধিকাংশই নদীর গর্ভে। ভাঙনের সঙ্গে লড়াই করতে করতে শেষ পর্যন্ত যে সামান্য ভিটেটুকু টিকে আছে, তার ওপর দুটি টিনের ঘর দাঁড়িয়ে আছে যেন জেদ করে।
রেশমার বাবা মৎস্যজীবী। নিজের নৌকা আছে, জালও আছে, কিন্তু স্বাধীনতা নেই। বছরের যে সময় নদীতে মাছ কমে যায়, সংসার চালাতে তখন মহাজনের কাছ থেকে দাদন নিতে হয়। আর দাদনের বিনিময়ে ধরা সব মাছই তুলে দিতে হয় সেই মহাজনের আড়তে। মাছ যত বড়ই হোক, দাম ঠিক করে অন্য কেউ।
রেশমা স্থানীয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। কলেজে সবাই তাকে মজা করে ‘রানি’ বলত। রাজকীয় পোশাকের জন্য নয়, তার সহজ সরল সৌন্দর্যের জন্য। তার রূপে মুগ্ধ হয়ে অনেকেই তার কাছে আসতে চেয়েছে, কিন্তু সে কাউকেই গুরুত্ব দেয়নি।
শুধু একজনের সামনে এলেই তার বুকের ভেতর অকারণে ঢেউ উঠত। রাতুল। পাশের সৈয়দপুর গ্রামের ছেলে। পড়াশোনায় মেধাবী, খেলাধুলায় সেরা, গানেও তার আলাদা পরিচিতি ছিল। কলেজ মাঠে ফুটবল খেলতে নামলে রেশমা ভিড়ের আড়ালে দাঁড়িয়ে থাকত। রাতুল গোল করলে সবাই হাততালি দিত, আর তার মনে হতো— গোলটা যেন তার নিজের।
রাতুলকে কখনোই ভালোবাসার কথাটি বলা হয়নি। ভালোবাসার কথা বলা তো দূরে থাক, চোখে চোখ পড়লেই তার মাথা নিচু হয়ে যেত।
রাতুলও হয়তো কিছু বলতে চেয়েছিল। কিন্তু সে-ও কিছু বলতে পারেনি।
তাদের সম্পর্কের ভাষাটাই ছিল যেন নীরব।
ইন্টারমিডিয়েট পরীক্ষার পর রাতুলের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়বে। পড়াশোনা শেষ করে আবার দৌলতখানে ফিরে আসবে। সে বিশ্বাস করত, নদী শুধু ভাঙে না, নদী মানুষকে বাঁচায়ও। এই নদীকেই কেন্দ্র করে একদিন বদলে দেওয়া যাবে দৌলতখানের মানুষের জীবন।
কিন্তু মেঘনা মানুষের স্বপ্নের মূল্য বোঝে না।
বর্ষার এক রাতে নদী এমনভাবে ভাঙতে শুরু করল যে দেখতে দেখতেই গ্রামের অর্ধেক পানির নিচে চলে গেল। কারও ঘর, কারও জমি, কারও বাগান—সবকিছু হারিয়ে গেল মুহূর্তে। রাতুলদের বাড়িও রক্ষা পেল না। তার ঢাকায় পড়তে যাওয়ার স্বপ্ন মেঘনার স্রোতে ভেসে গেল।
সংসার বাঁচাতে সে উঠল রেশমার বাবার মাছধরা নৌকায়। বদলে গেল তার দিনের হিসাব।
কখন নদীতে যেতে হবে, কখন ফিরতে হবে—সব ঠিক করে দিত জোয়ার-ভাটা। মাছধরা নৌকাগুলোর ঘাটে ফেরার একটি নির্দিষ্ট সময় ছিল। এ সময় পাড়ের লোকজন তাদের জন্য অপেক্ষা করত। অপেক্ষার সেই সময়ের নাম—জুবা।
২.
মেঘনার মানুষ ঘড়ি দেখে সময় মাপে না, তারা সময় মাপে জোয়ার-ভাটা দেখে। কখন জোয়ার আসবে, কখন ভাটা নামবে, কখন নৌকা ফিরবে—এই হিসাবেই তাদের দিন কাটে। মৎস্যপল্লির মানুষের কাছে দিনের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সময়টির নাম জুবা।
জুবার সময় দূর নদী কিংবা সমুদ্র থেকে একে একে নৌকাগুলো ঘাটে ভিড়তে শুরু করে। মাছভর্তি ঝুড়ি কাঁধে নিয়ে লোকজন ছুটে যায় আড়তের দিকে। কোথাও বরফ ভাঙার শব্দ, কোথাও দরদাম, কোথাও মাছ গোনার তাড়া। নিরিবিলি ঘাট মুহূর্তেই মানুষের কোলাহলে ভরে ওঠে।
রেশমার কাছে জুবার আরেকটি অর্থ আছে। এ সময়েই রাতুল ফিরে আসে।
নৌকা ঘাটে ভেড়ার অনেক আগেই সে নদীর পাড়ে এসে দাঁড়ায়। দূর থেকে নৌকার ছই দেখে চিনতে পারে। নৌকা যত কাছে আসে, তার বুকের ধুকপুকানিও তত বেড়ে যায়।
রাতুল নৌকা থেকে নেমে প্রথমে মাছ নামানোর কাজে হাত লাগায়। আড়তে মাছ পৌঁছে দিয়ে একটু ফাঁকা সময় পেলে নদীর পাড়ে দাঁড়ায়। সেই মুহূর্তটুকুই যেন সারা দিনের সবচেয়ে বড় অবসর।
—অনেক কষ্ট হলো?
রেশমা প্রায় প্রতিবারই একই প্রশ্ন করে।
রাতুল হেসে বলে—নদীর কষ্ট নদীতেই রেখে এসেছি।
কথা খুব বেশি আগায় না। কিন্তু না-বলা কথাগুলোই যেন বেশি শোনা যায়।
কখনো রেশমা গামছায় মুড়ে দুই টুকরা পিঠা এনে দেয়। কখনো ভাজা শুঁটকি আর গরম ভাতের বাটি। সমুদ্রে যাওয়ার আগে চুপিচুপি শুকনা খাবারের ছোট্ট পুঁটলিও গুঁজে দেয় তার হাতে।
রাতুল কখনো না করে না।
একদিন মৃদু হেসে বলেছিল—এভাবে যত্ন করলে একদিন অভ্যাস হয়ে যাবে।
রেশমা চোখ নামিয়ে উত্তর দিয়েছিল—সব অভ্যাস খারাপ না।
সেদিন আর কেউ কিছু বলেনি।
মেঘনার বাতাস তাদের নীরবতার ভেতর দিয়ে বয়ে গিয়েছিল।
রেশমার জীবনে আপন বলতে খুব বেশি মানুষ ছিল না। জন্মের সময়ই মাকে হারিয়েছে। সৎমায়ের সংসারে বড় হয়েছে অবহেলা আর বকুনি খেয়ে। তাই হয়তো সামান্য আন্তরিকতাও তার কাছে বড় প্রাপ্তি মনে হয়।
আর রাতুল?
সে বুঝত, পৃথিবীতে এমন একজন মানুষ আছে, যে তার জন্য অপেক্ষা করে।
কয়েক মাস আগে দৌলতখানে বৈশাখী মেলা বসেছিল। বহু অনুরোধের পর রেশমা প্রথমবারের মতো বাড়ির বাইরে বেরিয়েছিল রাতুলের সঙ্গে। মেলার ভিড়ে ঘুরতে ঘুরতে রাতুল পুতির মালা আর কাচের চুড়ি কিনে তার হাতে দিয়েছিল।
রেশমা এগুলো সঙ্গে সঙ্গে পরেনি।
বাড়ি ফিরে গভীর রাতে, সবাই ঘুমিয়ে পড়ার পর আয়নার সামনে দাঁড়িয়ে এগুলো পরেছিল।
নিজেকে দেখে তার মনে হয়েছিল, পৃথিবীর সবচেয়ে দামি অলংকারও বুঝি এর চেয়ে সুন্দর হয় না।
অন্যদিকে বাবার কাছ থেকে কষ্টে জোগাড় করা কিছু টাকা দিয়ে সে রাতুলের জন্য একটি নীল ফতুয়া কিনে দিয়েছিল।
রাতুল ফতুয়াটি খুব যত্ন করে রেখে দিত।
সমুদ্রে যাওয়ার আগে কখনো কখনো সেটি বের করে বুকের কাছে চেপে ধরত। তার মনে হতো, কাপড়ে এখনো রেশমার হাতের গন্ধ লেগে আছে।
কিন্তু মানুষের পরিকল্পনার চেয়ে নদীর পরিকল্পনা অনেক সময় বড় হয়।
৩.
সেই সময়েই দৌলতখানে এল কবীর।
উপজেলা ডাকবাংলোতেই তার থাকার ব্যবস্থা হলো। অফিসের কাজ শেষ করে বিকেলের দিকে আশপাশে হাঁটতে বের হতো। মানুষের সঙ্গে কথা বলতে তার ভালো লাগত। প্রকল্পের কাগজে দারিদ্র্যের যে হিসাব লেখা থাকে, বাস্তবের মুখগুলো তার চেয়ে অনেক বেশি নির্মম—এ কথা সে ভালো করেই জানত।
এক ভোরে মেঘনার পাড় ধরে হাঁটতে গিয়ে রেশমার দেখা পেয়ে গেল।
কাঁখে কলস, খালি পায়ে নদীর পাড় ঘেঁষে হেঁটে আসছে। সম্ভবত পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি নিয়ে ফিরছে। নদীর বাতাসে উড়ছে ওড়নার প্রান্ত। মুখে কোনো প্রসাধন নেই, তবু একধরনের শান্ত সৌন্দর্য তাকে যেন আলাদা করে চিনিয়ে দিচ্ছে।
কবীর অকারণেই দাঁড়িয়ে পড়ল। তাঁর ডিপার্টমেন্টের স্থানীয় এক কর্মকর্তার কাছে মেয়েটির পরিচয় জানতে চাইল।
কথা সেখানেই শেষ হতে পারত। কিন্তু হলো না।
পরদিন সেই কর্মকর্তাই রেশমা সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলল। তার বাবার আর্থিক অবস্থা, মেয়েটার স্বভাব-চরিত্র সর্বোপরি তার সৌন্দর্য সম্পর্কে ব‍্যাপক প্রশংসা করা হলো। এমন একটি মেয়েকে ঘরে নেওয়া হলে অবশ্যই সুখ-শান্তি আসবে বলে ধারণা দেওয়া হলো।
স্থানীয় ওই কর্মকর্তার অনুরোধেই কবীর তার বাবাকে ডেকে আনার কথা বলল ডাকবাংলোতে।
সরকারি বড় কর্মকর্তা, শিক্ষিত, প্রতিষ্ঠিত মানুষ—এমন পাত্রের প্রস্তাব শুনে রেশমার বাবা একমুহূর্তও দেরি করল না। তার মনে হলো বহুদিনের অভাব, নদীভাঙন, অনিশ্চিত ভবিষ্যৎ—সবকিছুর মাঝখানে যেন হঠাৎ এক টুকরা নিরাপদ আশ্রয় এসে দাঁড়িয়েছে।
সে শুধু বলল—স্যার, মেয়েটাকে সুখে রাখবেন।
রেশমার মতামত জানতে চাওয়া হয়েছিল।
সে মাথা নেড়ে বলেছিল—আমি পারব না।
এই পরিস্থিতিতেও সে রাতুলের কথা বলতে পারেনি।
কারণ, তাদের সম্পর্কের কোনো নাম ছিল না। কোনো প্রতিশ্রুতি ছিল না। কোনো সাক্ষীও ছিল না।
ছিল শুধু জুবার সময়ের অপেক্ষা আর কয়েকটি নীরব বিকেল।
রেশমার সৎমা আপত্তির কোনো সুযোগই দিল না।
—এমন পাত্র বারবার আসে না। জেলের নৌকায় জীবন কাটানোর জন্য মেয়েমানুষ জন্মায় না।
বিয়ের দিন ঠিক হয়ে গেল।
আর মাত্র দুই দিন।
ঠিক সেই সময় রাতুল ছিল গভীর সমুদ্রে।
সেদিনও নিশ্চয়ই সে ভেবেছিল, ফিরে এসে জুবার ভিড় শেষ হলে নদীর পাড়ে রেশমার সঙ্গে একটু কথা বলবে।
সে জানত না, এই কয়েক দিনের ব্যবধানই তার জীবনে অনেক বড় দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে।
৪.
রাতুল ফিরল বিয়ের আগের বিকেলে।
দূর থেকে নৌকাটি দেখে রেশমার বুকটা কেঁপে উঠল। সে ভাবল—আজ সব কথা বলে দেবে। বলবে, তাকে ছাড়া অন্য কারও হাত ধরা তার পক্ষে সম্ভব নয়।
কিন্তু ঘাটে পৌঁছনোর আগেই গ্রামের দু-একজন ছেলে রাতুলকে ফিসফিস করে বলল
—শুনছিস? কাল রেশমার বিয়ে।
প্রথমে সে বিশ্বাসই করতে পারল না।
সে ভেবেছিল নিশ্চয়ই মজা করছে।
মাছভর্তি ঝুড়ি নামাতে নামাতে আবার শুনল একই কথা। এবার আর সন্দেহ রইল না। তার হাতের ঝুড়িটা কেমন যেন ভারী হয়ে উঠল।
জুবার কোলাহল চারদিকে তখন তুঙ্গে। আড়তদাররা দাম হাঁকছে, কুলি মাছ বয়ে নিয়ে যাচ্ছে, বরফ ভাঙার শব্দে ঘাট মুখর। অথচ সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে রাতুলের মনে হলো, পৃথিবীটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে।
রেশমা দূরে দাঁড়িয়ে ছিল।
দুজনের চোখ একবারের জন্য মিলল।
সেই দৃষ্টিতে অভিযোগ ছিল না, অভিমানও ছিল না। ছিল শুধু এক অসহায় স্বীকারোক্তি—সবকিছু চাইলেই নিজের মতো করে রাখা যায় না।
রাতুল ধীরে ধীরে তার কাছে এগিয়ে এল।
অনেকক্ষণ চুপ থেকে শুধু বলল,
—ভালো থাকো।
রেশমার ঠোঁট কাঁপল।
সে কিছু বলতে চেয়েও পারল না। শুধু নিজের ওড়নার আঁচল শক্ত করে চেপে ধরল।
পরদিন দুপুরে বিয়ে হয়ে গেল।
কবীর রেশমাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিল।
লঞ্চটি যখন তেঁতুলিয়ার কালাবদরের দিকে এগোচ্ছিল, নদী আবার উত্তাল হয়ে উঠল। বিশাল ঢেউ বারবার লঞ্চের গায়ে আছড়ে পড়ছে। জানালার পাশে বসে রেশমা শেষবারের মতো নদীর দিকে তাকাল।
দূরে, অনেক দূরে, একটি মাছধরা নৌকা ঘাটে ভিড়ছে।
হয়তো জুবার সময় হয়েছে।
আবার মাছ নামবে। আড়তে দর উঠবে। মানুষ ব্যস্ত হয়ে পড়বে দিনের রোজগারের হিসাব নিয়ে।
শুধু রেশমার জীবনে আর কোনো জুবা আসবে না।
যে সময়ের জন্য সে প্রতিদিন অপেক্ষা করত, যে সময় মানেই ছিল রাতুলের ফিরে আসা, সেই সময় আজ থেকে শুধুই একটি স্মৃতি।
মেঘনা তার ভাঙন থামায় না।
সে ঘর ভাঙে, স্বপ্ন ভাঙে, মানুষের অপেক্ষাও ভাঙে।
লঞ্চটি ধীরে ধীরে দৃষ্টির আড়ালে মিলিয়ে গেল। নদীর পাড়ে জুবার শেষ কোলাহল থেমে গেলে, রাতুল একা দাঁড়িয়ে রইল।
মেঘনার ওপারে সন্ধ্যা নেমে আসছিল।
তার মনে হলো, নদী হয়তো মানুষকে একদিন সবকিছু ফিরিয়ে দেয়।
শুধু সময়টুকু আর কখনো ফিরিয়ে দেয় না।
২৬/০৭/২০২৬ খ্রি.
দৌলতখান, ভোলা।

Source - www.bondhushava.com ↗