Bangladesh · 2026-11-13 16:51:58

গ্যাসের দাম সরকার বাড়ায়নি, তবু বেশি দামের কেনার কারণ জানালেন মন্ত্রী

গ্যাসের দাম সরকার বাড়ায়নি, তবু বেশি দামের কেনার কারণ জানালেন মন্ত্রী
সরকার গ্যাসের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক চাহিদা ও উৎপাদনের মধ্যে ঘাটতি থাকছে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখা এবং গৃহস্থালিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার এই গ্যাস কিনছে। তবে এসব কারণে সরকার গ্যাসের দাম বাড়ায়নি।

এলপিজির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এলপিজি আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে এর দাম নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।

Source - www.bd24live.com ↗