দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৮৩ এবং হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩০৪ জনে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পৃথক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫৫ জন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩৪ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, খুলনায় ১৬০ জন, বরিশালে ১৪৭ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৭৬ জন এবং সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে প্রাণ হারাল ৭ জন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ২৩৮ জন। অন্য বিভাগগুলোর মধ্যে খুলনায় ৮৫ জন, চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৯ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ৩০ জন, রংপুরে আটজন এবং সিলেটে চারজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগে তিনজন এবং অন্যান্য এলাকায় দুজন মারা গেছেন। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৯৯ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩০৪।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৪৯৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯ হাজার ২০৭ জন।
এ ছাড়া একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ২৯১ জন। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৪ হাজার ৮৮০ জনের হাম শনাক্ত হয়েছে।
Source - www.bd24live.com ↗