Bangladesh · 2026-11-13 22:03:20

সৌদির পাশে যুদ্ধে নামতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত: হাবিবুল্লাহ মিয়াজি

সৌদির পাশে যুদ্ধে নামতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত: হাবিবুল্লাহ মিয়াজি
সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধে অংশ নিতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। তিনি বলেছেন, সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের মুসলমানরা দেশটির পক্ষে লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমান সৌদি আরবের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সেই সংহতির বার্তা দেওয়া হচ্ছে। সৌদি সরকার প্রয়োজনে যুদ্ধের ডাক দিলে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে দাঁড়াবেন।

তিনি অতীতের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে মক্কার পবিত্র মসজিদুল হারামে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। তখন বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়েছিল, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করতে ভূমিকা রাখে। অতীতের মতো বর্তমানেও বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সৌদি আরবে হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে হুথিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানান খেলাফত আন্দোলনের আমির। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে।

ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের প্রতি সংহতি জানিয়ে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, প্রয়োজনে সৌদি আরব বাংলাদেশের মুসলমানদের পাশে পাবে। একই সঙ্গে বিশ্বব্যাপী মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হলে বিভিন্ন দেশের মুসলমানরাও সৌদি আরবের সমর্থনে এগিয়ে আসবেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য নেতাকর্মীও বক্তব্য দেন। পরে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

Source - www.bd24live.com ↗