কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ সাবেক এক ইউপি সদস্য ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার করে দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মোজাম্মেল হক ভূঁইয়া (৩৮)। তিনি দুলালপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। অপরজন একই উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের নূরে আলম ভূঁইয়া (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের অনন্তপুর গ্রামের একটি মৎস্য খামারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় খামারের একটি টিনশেড ঘর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত তাঁদের দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ব্রাহ্মণপাড়ায় সাবেক ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২, ইয়াবা ও দুটি মোটরসাইকেল জব্দ

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মোজাম্মেল হক ভূঁইয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম আদালতে চলমান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
Source - www.bd24live.com ↗