Bangladesh · 2026-11-14 00:03:24

নুসরাতের বাড়ি ঘুরে বিরোধীদলীয় প্রতিনিধিদল—শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির গল্প ‘মিথ্যা’

নুসরাতের বাড়ি ঘুরে বিরোধীদলীয় প্রতিনিধিদল—শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির গল্প ‘মিথ্যা’
অগ্নিসংযোগে পুড়ে যাওয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রতিনিধিদলের চার সদস্য। বাড়িটি ঘুরে দেখার পর তাঁরা বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতেই সরকার ‘শর্টসার্কিট ও পরিত্যক্ত বাড়ির মিথ্যা গল্পের’ অবতারণা করেছে।
আজ শুক্রবার ঢাকা থেকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে যায় বিরোধীদলীয় প্রতিনিধিদলটি। দলে ছিলেন এনসিপির সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন (নারায়ণগঞ্জ-৪) ও মাহমুদা আলম মিতু (সংরক্ষিত নারী আসন) এবং জামায়াতের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল (চুয়াডাঙ্গা-১) ও আবদুল গফুর (কুষ্টিয়া-২)।
নুসরাতদের পুড়ে যাওয়া বাড়ি ঘুরে দেখার পর সংবাদ সম্মেলন করেন প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার পর তদন্ত হওয়ার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলে দিচ্ছেন। মানুষজন থাকেন—এমন একটি বাড়িকে তিনি বলছেন পরিত্যক্ত বাড়ি। তদন্তের আগেই তিনি যদি শর্টসার্কিটের কথা বলেন, তাহলে তদন্ত প্রতিবেদনে কী আসবে, তা বোঝাই যায়। সংসদে দাঁড়িয়ে তিনি তা বলে দিয়েছেন। এখন সেটি স্থানীয় কর্মকর্তাদের লেখার বাকি। ফ্যাসিস্ট আমলের প্রবণতা এই নির্বাচিত সরকারের আমলেও দেখতে হবে, সেটি তাঁরা আশা করেননি।
বিরোধীদলীয় প্রতিনিধিদলের পক্ষ থেকে একটি পরিদর্শন প্রতিবেদন তৈরি করে তা জনসমক্ষে প্রকাশ করা হবে বলেও জানান আবদুল্লাহ আল আমিন।
কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও সংসদ সদস্য আবদুল গফুর বলেন, বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বিভ্রান্তিকর কথা বলেছেন। তাঁর কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা আলম বলেন, নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আর নিজের ব্যর্থতার দায় এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলার ঘটনাকে লঘু করার চেষ্টা করেছেন।
নুসরাত তাবাসসুমের ক্ষোভ
সংবাদ সম্মেলনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম তাঁর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে ‘আওয়ামী লীগের কুকীর্তি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার) থানায় মামলা করার সময় একজন আসামির অবস্থান, মোবাইল নম্বরসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানিয়েছিলেন। আশা করেছিলেন, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল তাঁরা দেখতে পাননি।
নুসরাত বলেন, ‘কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে সেটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত এসব বিষয়। কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে মানুষ বসবাস করতেন কি না, তাঁরা কোন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সেখানে গরু নাকি ছাগল থাকত—এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এ ধরনের আলোচনার আমি নিন্দা জানাই।’
কোনো ধরনের তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল বলে দেওয়ার মতো আচরণকে ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করেন নুসরাত তাবাসসুম।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। এ সময় দলের সমাজকল্যাণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-যুব ও কর্মসংস্থান সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Source - www.prothomalo.com ↗