ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশটির আরব নাগরিকদের লক্ষ্য করে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া বিরোধী নেতা গাদি আইজেনকট। তিনি বলেছেন, রাজনৈতিক স্বার্থে একটি জনগোষ্ঠীকে কোণঠাসা করা এবং তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।
শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন আইজেনকট। সম্প্রতি ইসরাইলের নির্বাচনী প্রচারণায় আরব নাগরিকদের লক্ষ্য করে চালানো বক্তব্য ও প্রচারের সমালোচনা করেন তিনি।
আইজেনকট বলেন, ইসরাইলের মোট জনসংখ্যার প্রায় ২১ শতাংশ আরব নাগরিক। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠরা রাজনৈতিক স্বার্থে এসব নাগরিকের বৈধতা প্রশ্নবিদ্ধ করতে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালিয়ে আসছেন।
ফিলিস্তিনিদের ‘পক্ষ নিয়ে’ নেতানিয়াহুর একহাত নিলেন আইজেনকট

তিনি আরও বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী শুধু নিজের সমর্থকদের নন, দেশটির সব নাগরিকের প্রধানমন্ত্রী। যারা তাকে ভোট দেননি, তারাও এর বাইরে নন। আরব নাগরিকেরা ইসরাইলের সমাজ ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। একটি জনগোষ্ঠীকে প্রান্তিক করে দেওয়া এবং সামগ্রিকভাবে তাদের হেয় করার চেষ্টা রাষ্ট্রের স্বার্থবিরোধী।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনে আইজেনকটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থি ও ধর্মীয় দলগুলোর জোট পায় ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। তবে ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব দলগুলো রেকর্ড ১৯টি আসন পেয়েছে।
নির্বাচনের পর আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। তবে ইসরাইলের নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করেছে। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলার পর হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগেও আরব দলগুলোর সমালোচনা করেছেন তিনি। যদিও দলগুলোর নেতারা ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।
আইজেনকট বলেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। এমনকি তাদের কারও কারও প্রতি তীব্র বিরূপ মনোভাবও থাকতে পারে। কিন্তু সে কারণে একটি পুরো জনগোষ্ঠীকে অপবাদ দেওয়ার সুযোগ নেই। এমন প্রচেষ্টা তিনি মেনে নেবেন না।
তবে আরব দলগুলোর সমর্থন পেলেও তাদের নিয়ে সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আইজেনকট। ওই দলগুলোর ১৯টি আসনসহ তার জোটের আসনসংখ্যা দাঁড়াত ৬৭। কিন্তু আরব দলগুলোকে সরকারে না নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে অতি-রক্ষণশীল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস দলের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন তিনি। এ দুই দলের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬১ হবে।
গত ৮ নভেম্বর ইসরাইলের প্রেসিডেন্ট আইজাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকটকে। নতুন সরকার গঠনের জন্য তার হাতে ছয় সপ্তাহ সময় রয়েছে। তিনি যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছেন।
এদিকে রাজনৈতিকভাবে চাপে থাকা নেতানিয়াহু ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরাইলের সামরিক বাহিনীর সংশ্লিষ্ট মহল এবং আইজেনকট—কেউই এ মুহূর্তে নতুন করে সংঘাত বাড়ানোর পক্ষে নন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আইজেনকট সতর্ক করে বলেছেন, গুরুতর প্রয়োজন ছাড়া ইরানকে ঘিরে নতুন কোনো সামরিক উত্তেজনা তৈরি করা উচিত হবে না।
Source - www.bd24live.com ↗