Bangladesh · 2026-11-14 10:44:07

মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র রূপান্তর

মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়: মুসলিম সভ্যতায় ‘মাদ্রাসা’র রূপান্তর
আধুনিক যুগে একটি আদর্শ বিশ্ববিদ্যালয় বলতে আমরা কী বুঝি? সুপরিসর শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের জন্য আবাসিক হল, মেধাবৃত্তি, সমৃদ্ধ গ্রন্থাগার, শিক্ষক-শিক্ষার্থীর ভারসাম্যপূর্ণ অনুপাত এবং চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য সংযুক্ত হাসপাতাল।
শুনে মনে হতে পারে, এ সবই একালের ভাবনা। অথচ আজ থেকে প্রায় এক হাজার বছর আগে, ইউরোপে যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম বীজ বোনা হচ্ছে (ঐতিহ্যগতভাবে ইতালির বলোনা বিশ্ববিদ্যালয়ের সূচনা ধরা হয় ১০৮৮ সালে), তখন ইসলামি সভ্যতার বিভিন্ন শহরে গড়ে উঠছিল এমনই সব পূর্ণাঙ্গ ও স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান।
এই বিদ্যাপীঠগুলো একদিনে গড়ে ওঠেনি। যাত্রা শুরু হয়েছিল মসজিদের আঙিনায় পাঠচক্র দিয়ে। এরপর এল শিশুদের মক্তব ও বড় বড় গ্রন্থাগার। তারপর চতুর্থ হিজরি শতকে খোরাসানের কয়েকটি শহরে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠল প্রথম আবাসিক মাদ্রাসা।
পঞ্চম শতকে সেলজুক উজির নিজামুল মুলক সেই ধারাকে দিলেন রাষ্ট্রীয় রূপ, আর সপ্তম শতকে বাগদাদের মুসতানসিরিয়াহ মাদ্রাসায় তা পেল পূর্ণতা। এরপর সেই ধারা ছড়িয়ে গেল দামেস্ক, কায়রো ও ইস্তাম্বুল থেকে বাংলার প্রাচীন রাজধানী গৌড় পর্যন্ত। এই লেখায় সেই পুরো পথটাই ধরার চেষ্টা করা হলো।
প্রাথমিক যুগে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে ও ব্যক্তিগত আগ্রহে জ্ঞানচর্চা করতেন। কিন্তু পঞ্চম শতকের দিকে সাধারণ মানুষের সেই স্বতঃস্ফূর্ত উদ্দীপনায় কিছুটা ভাটা পড়লে রাষ্ট্র ও বিত্তবানদের পক্ষ থেকে সুসংগঠিত আর্থিক ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা দেওয়া অপরিহার্য হয়ে পড়ে।মসজিদ থেকেই শুরু

ইসলামের প্রাথমিক যুগে জ্ঞানচর্চার কেন্দ্র ছিল মূলত মসজিদ। মসজিদের স্তম্ভে হেলান দিয়ে বসতেন প্রখ্যাত আলেম ও গবেষকেরা, আর তাঁদের ঘিরে তৈরি হতো ছোট ছোট পাঠচক্র বা ‘হালকা’।
শিক্ষক তাঁর ছাত্রকে পড়ানো শেষে একটি সনদ বা ‘ইজাজাহ’ দিতেন। এতে লেখা থাকত, ছাত্রটি অমুক বিষয়ে পারদর্শী হয়েছেন এবং তা অন্যকে শেখানোর অনুমতি পেয়েছেন। এই সনদের চল ছিল সেই যুগের শিক্ষাব্যবস্থার প্রাণ।
এর পাশাপাশি শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য ছিল ‘মক্তব’ বা কুত্তাব, উচ্চতর গবেষণার জন্য বাগদাদের ‘বাইতুল হিকমাহ’র মতো জ্ঞানকেন্দ্র এবং অসংখ্য সমৃদ্ধ পাঠাগার। মসজিদকেন্দ্রিক এই ধারাতেই গড়ে উঠেছিল এমন কিছু প্রতিষ্ঠান, যা আজও বিশ্বের মানুষের কাছে পরিচিত।
মরক্কোর ফেজ শহরে ফাতিমা আল-ফিহরি নামে এক নারী ৮৫৯ খ্রিষ্টাব্দে (২৪৫ হিজরি) প্রতিষ্ঠা করেন আল-কারাউইয়িন মসজিদ ও তার সঙ্গে যুক্ত শিক্ষাকেন্দ্র।
ইউনেসকো ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিতে এটি পৃথিবীর সবচেয়ে পুরোনো, নিরবচ্ছিন্নভাবে চালু থাকা ডিগ্রিদানকারী শিক্ষাপ্রতিষ্ঠান। তবে ‘বিশ্ববিদ্যালয়’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে।
ইউরোপীয় মাপকাঠিতে অনেকে ইতালির বলোনা বিশ্ববিদ্যালয়কে (১০৮৮) সবচেয়ে পুরোনো ধরেন। আল-কারাউইয়িনের শুরুর রূপও ছিল মসজিদ ও মাদ্রাসা, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়-ব্যবস্থায় এটি যুক্ত হয় ১৯৬৩ সালে।
আর কায়রোর আল-আজহারের যাত্রা শুরু হয় ফাতিমীয় শাসনামলে, ৯৭০-এর দশকে, মসজিদ ও মাদ্রাসা হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে সেটিও এক বিশাল শিক্ষাকেন্দ্রে পরিণত হয়।
এই জ্ঞানজগতে নারীর ভূমিকাও ছিল। ফাতিমা আল-ফিহরির কথা আগেই এসেছে। বারো শতকের হাদিসবিদ ইবনে আসাকিরের জীবনীতে পাওয়া যায়, তিনি বহু নারী পণ্ডিতের কাছেও পড়াশোনা করেছিলেন।
কিন্তু সময়ের পরিক্রমায় জ্ঞানবিজ্ঞানের পরিধি যত বাড়তে থাকল, মসজিদের আঙিনা ছাপিয়ে গড়ে উঠল স্বতন্ত্র ও প্রাতিষ্ঠানিক শিক্ষালয়—ইতিহাসে যা ‘মাদ্রাসা’ নামে পরিচিতি পায়। তবে মসজিদে পাঠদান বন্ধ হয়ে যায়নি; দুটি ধারা বহু শতক পাশাপাশি চলেছে।
প্রাচীন তিলয়া করি মাদ্রাসামাদ্রাসার সূচনা: প্রচলিত ধারণার বাইরের ইতিহাস

ইতিহাসের সাধারণ পাঠকদের মধ্যে একটি প্রচলিত ধারণা হলো, সেলজুক উজির নিজামুল মুলক হিজরি পঞ্চম শতকের মাঝামাঝি সময়ে (ভিত্তি ১০৬৫, চালু ১০৬৭ খ্রিষ্টাব্দে) বাগদাদে ‘নিজামিয়াহ মাদ্রাসা’ প্রতিষ্ঠার মাধ্যমেই প্রথম আনুষ্ঠানিক মাদ্রাসার সূচনা করেছিলেন।
নিজামুল মুলকের অবদান নিঃসন্দেহে বিশাল। তিনি বাগদাদ ছাড়াও নিশাপুর, ইস্পাহান, বলখ, হেরাত, মার্ভ, বসরা ও মোসুলের মতো শহরে মাদ্রাসার এক বিস্তৃত জাল ছড়িয়ে দিয়েছিলেন।
তবে আধুনিক ঐতিহাসিক গবেষণা বলছে, তাঁরও অন্তত এক শতাব্দী আগে, অর্থাৎ হিজরি চতুর্থ শতকের মাঝামাঝি সময়ে ইসলামি বিশ্বের পূর্বাঞ্চলে—বিশেষত নিশাপুর, বুস্ত ও তেহরানে—পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছিল।
জার্মান প্রাচ্যবিদ ফার্ডিন্যান্ড উস্টেনফেল্ড ও ঐতিহাসিক ইমাম তাজুদ্দিন আস-সুবকির তথ্যমতে, হাদিসবিশারদ ইমাম আবু হাতিম আল-বুস্তি (মৃ. ৩৪৫ হি.) নিজ শহর বুস্তে একটি স্বতন্ত্র শিক্ষালয় নির্মাণ করেছিলেন, যেখানে একটি সমৃদ্ধ গ্রন্থাগার ও শিক্ষার্থীদের থাকার কক্ষ ছিল; এমনকি দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য তিনি নিয়মিত ভাতা ও খাবারের ব্যবস্থাও করেছিলেন।
একইভাবে নিশাপুরে ইমাম নিশাপুরির (মৃ. ৩৪৯ হি.) ছাত্ররা তাঁর জন্য একটি স্বতন্ত্র মাদ্রাসা গড়ে তোলেন এবং আবু আলি আল-হুসাইনি (মৃ. ৩৯৩ হি.) হাদিস শিক্ষার যে প্রতিষ্ঠানটি গড়েছিলেন, সেখানে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা প্রায় এক হাজার শিক্ষার্থী পড়াশোনা করতেন।
এ ছাড়া নিশাপুরে বাইহাকিয়্যাহ, সাইদিয়্যাহ ও আবু ইসহাক আল-ইসফারাইনির জন্য নির্মিত মাদ্রাসাগুলো নিজামুল মুলকের বহু আগেই জ্ঞানের আলো ছড়াচ্ছিল। (মুহাম্মদ আসআদ তালাস, আত-তারবিয়্যাহ ওয়াত-তালিম ফিল ইসলাম, পৃষ্ঠা: ১০৭–১০৮, মুআসসাসাতু হিন্দাওয়ি, কায়রো, ২০১৮)
তাহলে নিজামিয়াহ কেন এত আলোচিত? কারণ, নিজামুল মুলকের হাত ধরে মাদ্রাসা প্রথম একটি সুসংগঠিত রাষ্ট্রীয় ব্যবস্থার রূপ পায়। ব্যক্তিগত উদ্যোগ থেকে প্রতিষ্ঠানটি হয়ে ওঠে রাষ্ট্রের নীতির অংশ।
গবেষকেরা বলেন, নিজামুল মুলকের আগেও মাদ্রাসা ছিল। তাঁর বড় কৃতিত্ব হলো ওয়াকফের অর্থে অনেক শহরে একই ধাঁচের কলেজের একটি জাল বিছিয়ে দেওয়া। ১০৯১ সালে তিনি ইমাম আবু হামিদ আল-গাজালির মতো মনীষীকে বাগদাদ নিজামিয়াহর অধ্যাপক নিযুক্ত করেন।
এসব প্রতিষ্ঠানের স্নাতকেরা সেলজুক রাষ্ট্রের প্রশাসনেও কাজ পেতেন। অর্থাৎ ধর্মীয় শিক্ষার পাশাপাশি দক্ষ কর্মকর্তা তৈরির একটি রাষ্ট্রীয় ভাবনাও এর পেছনে কাজ করেছিল।
নারীদের প্রতিষ্ঠা করা মসজিদ ও মাদ্রাসামসজিদ ছেড়ে কেন গড়ে উঠল স্বতন্ত্র ক্যাম্পাস

প্রশ্ন জাগতে পারে, মসজিদে যখন এত চমৎকারভাবে জ্ঞানচর্চা চলছিল, তখন বাইরে আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণের প্রয়োজন কেন পড়ল? এর পেছনে মূলত তিনটি বাস্তব ও মনস্তাত্ত্বিক কারণ কাজ করেছিল।
১. ইবাদতের প্রশান্তি রক্ষা: ইসলামের প্রথম শতাব্দীগুলোতে মানুষের মধ্যে জ্ঞানার্জনের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হওয়ায় মসজিদগুলো শত শত পাঠচক্রে ভরে উঠেছিল।
প্রতিটি চক্রে শিক্ষকের উচ্চকণ্ঠে পাঠদান এবং শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও তর্কের ফলে মসজিদের ভেতরে ব্যাপক কোলাহল তৈরি হতো, যা সাধারণ মুসল্লিদের নামাজ ও নির্জন ইবাদতে বিঘ্ন ঘটাত।
একপর্যায়ে কায়রোর আল-আজহারের মতো বড় মসজিদে জুমার নামাজ ছাড়া বাকি সময়ের প্রায় সবটাই কেটে যেত পাঠদানে। অথচ মসজিদের মূল উদ্দেশ্য হলো ইবাদত, আর শিক্ষাদান এর পরবর্তী স্তরের কাজ।
২. যুক্তি ও তর্কশাস্ত্রের বিকাশ: সময়ের সাথে সাথে ইসলামি জ্ঞানভাণ্ডারে ইলমুল কালাম (ধর্মতত্ত্ব), মানতিক (যুক্তিবিদ্যা) ও তর্কশাস্ত্রের (মুনাজারাহ) ব্যাপক বিকাশ ঘটে।
এসব শাস্ত্রে যুক্তিতর্ক ও উচ্চস্বরে বাহাসের প্রয়োজন হতো, যা মসজিদের গাম্ভীর্যপূর্ণ ও ধ্যানমগ্ন পরিবেশের সাথে মানানসই ছিল না।
৩. রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা: প্রাথমিক যুগে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে ও ব্যক্তিগত আগ্রহে জ্ঞানচর্চা করতেন। কিন্তু পঞ্চম শতকের দিকে সাধারণ মানুষের সেই স্বতঃস্ফূর্ত উদ্দীপনায় কিছুটা ভাটা পড়লে রাষ্ট্র ও বিত্তবানদের পক্ষ থেকে সুসংগঠিত আর্থিক ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা দেওয়া অপরিহার্য হয়ে পড়ে। (আসআদ তালাস, আত-তারবিয়্যাহ ওয়াত-তালিম ফিল ইসলাম, পৃ. ১১০)
এই তৃতীয় প্রয়োজনের উত্তর হিসেবেই ইসলামি সভ্যতায় বিকশিত হয়েছিল ‘ওয়াকফ’ ব্যবস্থা। কোনো বিত্তবান বা শাসক তাঁর সম্পত্তি, দোকান, জমি বা বাগানের আয় চিরকালের জন্য একটি প্রতিষ্ঠানের নামে উৎসর্গ করতেন।
সেই আয় থেকেই চলত শিক্ষকের বেতন, ছাত্রের খাবার, বই ও ভবনের রক্ষণাবেক্ষণ। ফলে প্রতিষ্ঠান পরিচালনায় সরকারের পরিবর্তন বা শাসকের মর্জির ওপর পুরোপুরি নির্ভর করতে হতো না। এটিই মাদ্রাসাগুলোকে অনেকটা স্থায়িত্ব ও স্বাধীনতা দিয়েছিল, যদিও শাসকদের সঙ্গে সম্পর্ক পুরোপুরি কখনো কাটেনি।
এর সঙ্গে রাজনৈতিক হিসাবও ছিল। অনেক গবেষক মনে করেন, সেলজুক শাসকেরা সুন্নি শিক্ষার একটি সংগঠিত কাঠামো চেয়েছিলেন। ফলে ধর্মীয় আগ্রহ, রাষ্ট্রের প্রয়োজন আর বিত্তবানদের দান মিলেই মাদ্রাসাকে শক্ত ভিত দিয়েছিল।
বু ইনানিয়া মসজিদ–মাদ্রাসার মিনারযেসব বৈশিষ্ট্যে অনন্য ছিল এই শিক্ষালয়গুলো

মসজিদের পাঠচক্র থেকে স্বতন্ত্র মাদ্রাসাগুলো চারটি মৌলিক বৈশিষ্ট্যে আলাদা ছিল।
প্রথমত, প্রতিটি মাদ্রাসায় বক্তৃতা ও পাঠদানের জন্য ‘ইওয়ান’ বা আধুনিক লেকচার হল থাকত।

দ্বিতীয়ত, শিক্ষক ও শিক্ষার্থীদের বসবাসের জন্য থাকত আসবাবপত্র, তৈজসপত্র ও আলোর ব্যবস্থাসহ সুসজ্জিত আবাসিক হল।

তৃতীয়ত, মসজিদে শিক্ষকেরা বিনা পারিশ্রমিকে পড়াতেন, কিন্তু মাদ্রাসায় প্রতিষ্ঠাতা বা রাষ্ট্রের পক্ষ থেকে নিয়মিত বেতনভুক্ত পেশাদার শিক্ষক নিয়োগ দেওয়া হতো।

চতুর্থত, মসজিদের উন্মুক্ত ভিড়ের তুলনায় মাদ্রাসায় নির্দিষ্ট সংখ্যক মেধাবী শিক্ষার্থী ভর্তি করা হতো এবং ওয়াকফ তহবিল থেকে তাঁদের যাবতীয় ব্যয় নির্বাহ করা হতো। (আহমদ শালাবি, তারিখুত তারবিয়্যাতিল ইসলামিয়্যাহ, পৃষ্ঠা: ৯৬–৯৮, দারুল কাশশাফ, বৈরুত, ১৯৪৫)

তবে প্রতিষ্ঠান আলাদা হলেও উভয়ের মধ্যে আত্মিক যোগসূত্র ছিল গভীর; অনেক মাদ্রাসায় আজান ও জামাতের ব্যবস্থা ছিল, আবার বহু শিক্ষক একই সাথে মসজিদ ও মাদ্রাসায় পাঠদান করতেন।
এই বিবর্তনের ইতিহাস নিয়ে পশ্চিমা গবেষকেরাও কাজ করেছেন। প্রাচ্যবিদ জর্জ মাকদিসি তাঁর বিখ্যাত গ্রন্থে দেখিয়েছেন, ইসলামি বিশ্বের মাদ্রাসা, ওয়াকফ ও সনদ দেওয়ার রীতি কীভাবে মধ্যযুগের শিক্ষাব্যবস্থায় বিশেষ ভূমিকা রেখেছে।
ইউরোপের কলেজ-ব্যবস্থার সঙ্গে এর কতটা সরাসরি যোগ আছে, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে। তবে ওয়াকফের অর্থে চলা আবাসিক ও বৃত্তিনির্ভর প্রতিষ্ঠানের ধারণা যে ইসলামি সভ্যতায় বেশ আগেই পূর্ণ রূপ পেয়েছিল, সে বিষয়ে তাঁর পর্যবেক্ষণ আজও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। (জর্জ মাকদিসি, দ্য রাইজ অব কলেজেস: ইনস্টিটিউশনস অব লার্নিং ইন ইসলাম অ্যান্ড দ্য ওয়েস্ট, এডিনবরা ইউনিভার্সিটি প্রেস, ১৯৮১)
দামেস্কে নুরউদ্দিনের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর কালাউন এমন একটি প্রতিষ্ঠান গড়ার প্রতিজ্ঞা করেছিলেন। যার প্রশংসায় প্রখ্যাত কবি ইমাম বুসিরি লিখেছিলেন, “আপনি একই সঙ্গে মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণ করেছেন, যেন মানুষের ধর্ম ও দেহ—উভয়েরই আরোগ্য নিশ্চিত হয়।”শ্রেণি নয়, বিষয়ভিত্তিক বিশেষায়ণ

আধুনিক শিক্ষাব্যবস্থায় যেমন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর রয়েছে, ইসলামি সভ্যতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল বিষয়ভিত্তিক বিশেষায়ণের ওপর ভিত্তি করে।
ফিকহ বা আইনশাস্ত্রের মাদ্রাসা: সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রের সাথে আইন ও বিচারব্যবস্থার সম্পর্ক থাকায় এই প্রতিষ্ঠানগুলোই ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। এর মধ্যে কোনোটি ছিল একক মাজহাবভিত্তিক—যেমন বাগদাদের ইমাম আবু হানিফা মাদ্রাসা।
কোনোটি ছিল দুটি মাজহাবের সমন্বয়ে—যেমন মদিনার শিহাবিয়্যাহ মাদ্রাসা (শাফিয়ি ও হাম্বলি)। আবার দামেস্কের ফাখরিয়্যাহ মাদ্রাসায় তিনটি মাজহাব (হানাফি, মালিকি ও হাম্বলি) এবং বাগদাদের মুসতানসিরিয়াহ মাদ্রাসায় চারটি মাজহাবই একসঙ্গে পড়ানো হতো। (নাজি মারুফ, নাশআতুল মাদারিসিল মুসতাকিল্লাহ ফিল ইসলাম, পৃষ্ঠা: ১০–১৩, মাকতাবাতুল আজহার, বাগদাদ, ১৯৬৬)
দারুল কোরআন ও দারুল হাদিস: পবিত্র কোরআনের বিশুদ্ধ পাঠ ও তাফসিরের জন্য দামেস্কের ‘দারুর রাশাইয়্যাহ’র মতো স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে উঠেছিল।
অন্যদিকে হাদিসশাস্ত্রের উচ্চতর গবেষণার জন্য সুলতান নুরউদ্দিন জেনগি আনুমানিক ১১৭০ সালের দিকে দামেস্কে, হাদিসবিদ ও ঐতিহাসিক ইবনে আসাকিরের জন্য, সর্বপ্রথম ‘দারুল হাদিস’ প্রতিষ্ঠা করেন। (টেরি অ্যালেন, আয়ুবিড আর্কিটেকচার, সলিপসিস প্রেস, ২০০৩)
পরবর্তী সময়ে কায়রোতে সুলতান আল-কামিল গড়ে তোলেন ‘আল-মাদ্রাসাতুল কামিলিয়্যাহ’। (নাজি মারুফ, নাশআতুল মাদারিসিল মুসতাকিল্লাহ ফিল ইসলাম, পৃষ্ঠা: ১৪–১৫, মাকতাবাতুল আজহার, বাগদাদ, ১৯৬৬)
চিকিৎসাবিজ্ঞানের শিক্ষালয়: চিকিৎসাবিদ্যা শুরুতে মসজিদে পড়ানো হলেও পরে তা ‘বিমারিস্তান’ বা আধুনিক হাসপাতালে স্থানান্তরিত হয়। উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ইবনে আবদুল মালিক ৮৮ হিজরিতে (আনুমানিক ৭০৬–০৭ খ্রিষ্টাব্দ) প্রথম হাসপাতাল নির্মাণ করেন।
পরবর্তী সময়ে হাসপাতালের পাশেই গড়ে ওঠে মেডিকেল কলেজ, যাতে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি রোগীদের সরাসরি সেবা দিয়ে হাতে-কলমে শিখতে পারেন।
কায়রোর সুলতান মানসুর কালাউন (১২৮৪–৮৫ খ্রিষ্টাব্দে, মাত্র ১৩ মাসে) এমন এক বিশাল হাসপাতাল ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ করেছিলেন, যেখানে চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি কোরআন, হাদিস ও ফিকহ পড়ানো হতো।
ওয়াকফের দলিল অনুযায়ী, সেখানে রোগী ও দরিদ্র মানুষ ওষুধ, আশ্রয়, খাবার ও পোশাকসহ বিনা মূল্যে সেবা পেতেন; একই চত্বরে চলত চিকিৎসা শিক্ষা ও গবেষণা।
ঐতিহাসিক আল-মাকরিজির বর্ণনায়, দামেস্কে নুরউদ্দিনের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর কালাউন এমন একটি প্রতিষ্ঠান গড়ার প্রতিজ্ঞা করেছিলেন। যার প্রশংসায় প্রখ্যাত কবি ইমাম বুসিরি লিখেছিলেন, “আপনি একই সঙ্গে মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণ করেছেন, যেন মানুষের ধর্ম ও দেহ—উভয়েরই আরোগ্য নিশ্চিত হয়।”
এমনকি আইন ও বিচারকাজে ফরেনসিক ও শারীরিক জখমের বিষয়গুলো বোঝার জন্য আল-আজহারের মতো মসজিদেও প্রতিদিন দুপুরে চিকিৎসাবিজ্ঞানের প্রাথমিক পাঠ দেওয়া হতো (আসআদ তালাস, আত-তারবিয়্যাহ ওয়াত-তালিম ফিল ইসলাম, পৃষ্ঠা: ১০৩)
আল-আত্তারিন: যে মাদ্রাসা গরিব ছাত্রদের ভবিষ্যৎ গড়ে দিতবাগদাদের মুসতানসিরিয়াহ: বিস্ময়কর একাডেমিক মডেলমুসতানসিরিয়াহ: বিস্ময়কর একাডেমিক মডেল

মধ্যযুগের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান কতটা উন্নত ছিল, তা বুঝতে হলে আব্বাসীয় খলিফা আল-মুসতানসির বিল্লাহ কর্তৃক প্রায় ছয় বছর ধরে নির্মিত হয়ে ৬৩১ হিজরিতে (১২৩৩ খ্রিষ্টাব্দে) চালু হওয়া বাগদাদের ‘আল-মাদ্রাসাতুল মুসতানসিরিয়াহ’র দিকে তাকালেই যথেষ্ট।
এটি ছিল একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, যার সাথে সংযুক্ত ছিল কোরআন, হাদিস ও চিকিৎসাবিজ্ঞানের স্বতন্ত্র বিভাগ। দজলা নদীর তীরের এই ভবনে চার মাজহাবের জন্য আলাদা আলাদা কোণ নির্ধারিত ছিল।
অনেক গবেষকের মতে, এক প্রতিষ্ঠানের ছাদের নিচে চার মাজহাব পড়ানোর ঘটনা এটিই প্রথম; কায়রোর সালিহিয়্যাহ মাদ্রাসা প্রায় এক দশক পরে এই আদর্শে গড়ে ওঠে।
এই প্রতিষ্ঠানের ৭৮টি আবাসিক কক্ষের প্রতিটিতে চারজন করে শিক্ষার্থী থাকার ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়া ও পোশাকের সম্পূর্ণ খরচ বহন করত কর্তৃপক্ষ; পাশাপাশি হাতখরচ হিসেবে প্রত্যেককে মাসে দুটি স্বর্ণমুদ্রা (দিনার), তাজা ফলমূল, মিষ্টান্ন, সাবান ও তেল দেওয়া হতো।
প্রতিষ্ঠানের বিশাল চত্বরে ছিল একটি বিস্ময়কর জ্যোতির্বৈজ্ঞানিক জলঘড়ি।
চার মাজহাবের জন্য সেখানে চারজন শীর্ষ অধ্যাপক নিযুক্ত ছিলেন, যাঁদের স্বয়ং খলিফা যাচাই-বাছাই করে নিয়োগ দিতেন। অধ্যাপকেরা মাসে ১২ দিনার বেতন ও খাদ্যসামগ্রী পেতেন এবং তাঁদের জন্য অবসরের কোনো বাধ্যবাধকতা ছিল না—শারীরিকভাবে সক্ষম থাকা পর্যন্ত তাঁরা পাঠদান করতে পারতেন।
শ্রণিকক্ষে অধ্যাপক কালো পোশাক পরে খেজুরপাতার তৈরি বিশেষ আসনে বসতেন এবং তাঁর ডানে ও বাঁয়ে দাঁড়িয়ে থাকতেন চারজন সহকারী শিক্ষক বা ‘মুইদ’, যাঁরা শিক্ষার্থীদের পড়া বুঝিয়ে দিতে সাহায্য করতেন।
উদ্বোধনের সময় এই বিশ্ববিদ্যালয়ে ২৪৮ জন আবাসিক শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষক ও সহকারী ছিলেন—অর্থাৎ প্রতি ১২ জন শিক্ষার্থীর জন্য ছিলেন একজন শিক্ষক! আজকের অনেক বিশ্ববিদ্যালয়ও এমন অনুপাত স্বপ্নে দেখে।
শিক্ষার্থীদের গবেষণার জন্য সেখানে ছিল ৮০ হাজার দুর্লভ বইয়ের এক সুবিশাল গ্রন্থাগার এবং আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি হাসপাতাল। (হুদা নাজি উবায়েদ সাবাহ, আল-মাদারিসুল ইলমিয়্যাতুত তুরাসিয়্যাহ ফি বাগদাদ, মাজাল্লাতুল মাওরিদ, ৪৪/৩–৪, দারুশ শুউনিস সাকাফিয়্যাহ, বাগদাদ, ২০১৭)
এই বিদ্যাপীঠের ইতিহাস অবশ্য শুধু গৌরবের নয়। ১২৫৮ সালে মোঙ্গল আক্রমণে বাগদাদ বিধ্বস্ত হলে মাদ্রাসাও ক্ষতিগ্রস্ত হয়, তবে পরে তা মেরামত করা হয়। চতুর্দশ শতকের শেষ দিকে তৈমুরের আক্রমণে পাঠদান বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ১৫৮৯ সালে ক্লাস আবার শুরু হলেও ১৬৩৮ সালে তা চিরতরে থেমে যায়।
পরে ভবনটি সরাইখানাসহ নানা কাজে ব্যবহৃত হয়েছে। ১৯৬০ সালে ইরাক সরকার সংস্কার করে একে জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে খুলে দেয়। আব্বাসীয় বাগদাদের হাতে-গোনা যেসব নিদর্শন আজও টিকে আছে, এটি তার একটি। (আর্কনেট ডিজিটাল লাইব্রেরি, ‘মাদ্রাসা আল-মুসতানসিরিয়াহ’ ভুক্তি)।
প্রতিষ্ঠানের ৭৮টি আবাসিক কক্ষের প্রতিটিতে চারজন করে শিক্ষার্থী থাকার ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়া ও পোশাকের সম্পূর্ণ খরচ বহন করত কর্তৃপক্ষ; পাশাপাশি হাতখরচ হিসেবে প্রত্যেককে মাসে দুটি স্বর্ণমুদ্রা (দিনার), তাজা ফলমূল, মিষ্টান্ন, সাবান ও তেল দেওয়া হতো।কায়রো থেকে ইস্তাম্বুল, গৌড় পর্যন্ত

মুসতানসিরিয়াহ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। একই ভাবনা পরের শতকগুলোতে নতুন নতুন রূপে ছড়িয়ে পড়ে। আইয়ুবি ও মামলুক আমলে কায়রো আর দামেস্কে সুলতান ও আমিরেরা একের পর এক মাদ্রাসা, দারুল হাদিস ও হাসপাতাল গড়েন।
কালাউনের কমপ্লেক্সে একই ওয়াকফের আয়ে চলত শিক্ষা, চিকিৎসা ও দানের কাজ, যার কথা আগে এসেছে।
ষোড়শ শতকে অটোমান সাম্রাজ্যে এই ধারা আরও বড় আকার নেয়। সুলতান সুলেইমানের নির্দেশে স্থপতি সিনান ১৫৫০ থেকে ১৫৫৭ সালের মধ্যে ইস্তাম্বুলে গড়ে তোলেন সুলেইমানিয়ে কমপ্লেক্স।
মসজিদকে ঘিরে ছিল চারটি মাদ্রাসা, হাদিস শিক্ষার প্রতিষ্ঠান, একটি চিকিৎসা মাদ্রাসা, হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয় ও গরিবের জন্য লঙ্গরখানা; এসবের খরচ চলত ওয়াকফের আয়ে। (গুলরু নেজিপোগলু, ‘দ্য সুলেইমানিয়ে কমপ্লেক্স ইন ইস্তাম্বুল: অ্যান ইন্টারপ্রিটেশন’, মুকারনাস, খণ্ড: ৩, ব্রিল, ১৯৮৫)
এর চিকিৎসা মাদ্রাসা প্রায় তিন শতক ধরে অটোমান চিকিৎসক তৈরি করেছে।
এই ধারার ঢেউ বাংলায়ও এসে পৌঁছেছিল। প্রাচীন গৌড়-লখনৌতির দক্ষিণ উপকণ্ঠে, বর্তমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৪৭৯ সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে নির্মিত হয় দারসবাড়ি মসজিদ।
‘দারস’ মানে পাঠ; নামেই বোঝা যায়, এটি ছিল পাঠের বাড়ি। মসজিদের পূর্ব দিকে একটি বড় দিঘির ওপারে ছিল মাদ্রাসা, দুইয়ে মিলে এক শিক্ষাপ্রাঙ্গণ। আজ সেটি ধ্বংসাবশেষ। তবু মসজিদ ও মাদ্রাসা একই চত্বরে জ্ঞানচর্চার কেন্দ্র গড়ার যে ঐতিহ্য, বাংলার মাটিতেও তার সাক্ষী হয়ে আছে দারসবাড়ি। (বাংলাপিডিয়া, ‘দারসবাড়ি মসজিদ’ ভুক্তি, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ)।
শেষ কথা

ইসলামি সভ্যতার এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেখায়, জ্ঞানচর্চা শুধু ব্যক্তির উদ্যোগে টিকে থাকে না; তার জন্য চাই রাষ্ট্র ও সমাজের যৌথ উদ্যোগ। আধ্যাত্মিকতা, যুক্তি ও বিজ্ঞানের মেলবন্ধনে গড়া এই বিদ্যাপীঠগুলো বহু মেধাবীর সামনে শেখার দরজা খুলে দিয়েছিল।
ওয়াকফের মতো দানশীলতার সংস্কৃতি, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা, মেধাবী শিক্ষার্থীর জন্য বৃত্তি এবং তত্ত্বের সঙ্গে হাতে-কলমে শেখার যোগ—এই চার ধারণা আজকের দিনেও আমাদের নতুন করে ভাবতে শেখায়।
এসব প্রতিষ্ঠানে আসন ছিল সীমিত, ভর্তি হতেন বাছাই করা শিক্ষার্থীরা। অনেক প্রতিষ্ঠান শাসকদের রাজনৈতিক প্রয়োজনের সঙ্গেও জড়িয়ে ছিল। যুদ্ধ আর আক্রমণে, বিশেষ করে ১২৫৮ সালে বাগদাদের পতনে, অনেক কিছুই হারিয়ে গেছে।
কালের পরিক্রমায় এসব প্রতিষ্ঠানের অনেকই হারিয়ে গেছে, কিন্তু যে স্বপ্ন তাদের জন্ম দিয়েছিল, তা আজও ফুরিয়ে যায়নি: জ্ঞান হোক সবার জন্য, আর শেখার সুযোগ হোক সম্মানের সঙ্গে।
আসাদিয়া মাদ্রাসা: আইয়ুবি যুগে শিক্ষা বিপ্লবের ঠিকানা

Source - www.prothomalo.com ↗