গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিকের মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করায় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ওই শ্রমিকের মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে শ্রমিকের মৃত্যুর গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
Source - www.bd24live.com ↗