Bangladesh · 2026-11-14 10:46:13

ভেসলিন দিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ

ভেসলিন দিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ
বাংলাদেশের প্রথম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশ প্রতিযোগিতায় বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। বলের কন্ডিশন পরিবর্তন করে রিভার্স সুইং আদায় করতে খেলোয়াড়েরা ভেসলিন ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাচলে অনুষ্ঠিত ফাইনালে খুলনা বিভাগ দ্বিতীয় একাদশকে ইনিংস ও ৩৫ রানে হারিয়ে ঢাকা বিভাগ দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়ন হওয়ার পর এ অভিযোগ সামনে আসে। টুর্নামেন্টের সঙ্গে সংশ্লিষ্টদের এমন অভিযোগ ঘিরে ঘরোয়া ক্রিকেটে নতুন বিতর্ক তৈরি হয়েছে।

ফাইনালের পর ঢাকা বিভাগের কর্মকর্তারা অভিযোগ করেন, প্রতিপক্ষের খেলোয়াড়েরা বলের কন্ডিশন পরিবর্তন করতে ভেসলিন ব্যবহার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ঢাকা দলের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ। খেলোয়াড়রা এটা করে (ভেসলিন দিয়ে বল টেম্পারিং)। তারা আঙুলের ফাঁকে ভেসলিন লুকিয়ে রাখে, ফলে কে এটি করল তা চিহ্নিত করা প্রায় অসম্ভব।’

ওই কর্মকর্তার দাবি, ভেসলিন ব্যবহারের ফলে বল ভারী হয়ে যায় এবং রিভার্স সুইং করানো সহজ হয়। তাঁর ভাষ্য, ভেসলিন লাগানো বল স্বাভাবিকভাবে বাতাসে চলাচল করে না এবং পিচে স্কিডও করে।

তিনি আরও অভিযোগ করেন, খুলনা বিভাগের খেলোয়াড়েরা চুলে ভেসলিন লাগিয়ে সেখান থেকে বলে ঘষতেন। এমনকি হাতেও ভেসলিন রাখতেন, যাতে বল ধরার সময় সেটি লেগে যায়। বিষয়টি আম্পায়ারদের একাধিকবার জানানো হলেও তা শনাক্ত করা কঠিন বলে দাবি করেন ওই কর্মকর্তা।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ভেসলিন ব্যবহারের অভিযোগ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স কমিটি এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।

এনসিএলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, দলগুলোর পক্ষ থেকে মৌখিকভাবে বিষয়টি জানানো হলেও আম্পায়াররা এ বিষয়ে কোনো ব্যবস্থা নেননি। তবে অভিযোগের সত্যতা কিংবা কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের প্রমাণ পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হয়নি।

এখন বিসিবি এ অভিযোগের বিষয়ে কোনো তদন্ত বা ব্যবস্থা নেয় কি না, সেটিই দেখার বিষয়। দেশের ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় এমন অভিযোগের নিষ্পত্তি না হলে প্রতিযোগিতার স্বচ্ছতা ও সুনাম নিয়ে প্রশ্ন উঠতে পারে।

সূত্র: ক্রিকবাজ

Source - www.bd24live.com ↗