Bangladesh · 2026-11-14 14:20:40

প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে

প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে
আমাদের সমাজে এমন কিছু প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন, যাঁদের সরকারি খাতায় কোনো অস্তিত্ব নেই। কেবল একটি প্রতিবন্ধী পরিচয়পত্র না থাকায় রাষ্ট্র থেকে তাঁরা যে ভাতা, বিনা মূল্যে চিকিৎসা কিংবা সহায়ক প্রযুক্তি পাওয়ার কথা ছিল, তার প্রতিটি সুবিধা থেকে তাঁরা বঞ্চিত। নথিপত্রের এই অনুপস্থিতি তাঁদের এক অদৃশ্য দেয়ালের ওপারে ঠেলে দিয়েছে।
আবার একটি পরিবারের কথা ধরা যাক, যেখানে চারজন সদস্যই শারীরিক ও কার্যক্ষমতার দিক থেকে বিভিন্ন সীমাবদ্ধতার সম্মুখীন। অথচ পরিবারের তরুণ দুই সদস্যের প্রতিবন্ধী কার্ড থাকলেও প্রবীণ মা–বাবা সেই সুবিধা পাননি। স্থানীয় পর্যায়ের দৃষ্টিভঙ্গিটাই এমন যে, বয়স হলে তো শরীর নানাভাবে অচল হবেই, এটাকে আলাদাভাবে গণনা করার কী আছে! ফলে একই ছাদের নিচে থেকেও বয়সের কারণে দুজন মানুষ প্রয়োজনীয় সামাজিক সুরক্ষার বাইরে থেকে যান।
বাংলাদেশ যদি সত্যিই বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চায়, তবে প্রথম কাজ হলো প্রতিটি মানুষকে সঠিকভাবে গণনা করা। কারণ, যাঁদের আমরা সংখ্যায় গুনি না, তাঁদের জন্য আমরা কোনো পরিকল্পনাও করি না। প্রতিবন্ধী ব্যক্তিরা আর কোনো অস্পষ্ট পরিচয়ে অদৃশ্য হয়ে থাকার পাত্র নন।কর্মক্ষেত্রের চিত্রটাও খুব একটা আলাদা নয়। অফিসে প্রতিদিন সহকর্মীদের নানা কটুকথা ও কটাক্ষ শুনতে হয় এক মনঃসামাজিক প্রতিবন্ধকতার শিকার মানুষকে। মেজাজের অস্থিরতা কিংবা মানসিক চাপের মুহূর্তে তাঁর আচরণকে সবাই ‘পাগলামি’ বলে ধরে নেন। প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে এই মানসিক স্বাস্থ্যসংকটকে ‘প্রতিবন্ধিতা’ হিসেবে স্বীকার না করায় সহমর্মিতা বা সঠিক স্বাস্থ্যসেবা পাওয়া তো দূরের কথা, তাঁকে প্রতিনিয়ত বঞ্চনা আর অবহেলার মুখোমুখি হতে হয়।
যাঁদের আমরা সংখ্যায় গুনি না, তাঁদের জন্য আমরা কোনো পরিকল্পনাও করি না। প্রতিবন্ধী ব্যক্তিরা আর কোনো অস্পষ্ট পরিচয়ে অদৃশ্য হয়ে থাকার পাত্র ননঅন্যদিকে একটি শুভংকরের ফাঁকি তৈরি হয়েছিল, যখন প্রতিবন্ধী ব্যক্তিদের ঢালাওভাবে ‘সুবর্ণ নাগরিক’ আখ্যা দেওয়া হয়। রাষ্ট্র যেমন সিআইপি বা ভিআইপিদের সুনির্দিষ্ট নিয়ম ও সরকারি নীতিমালার ভিত্তিতে চিহ্নিত করে, এই ক্ষেত্রে তেমন কোনো স্বচ্ছ গাইডলাইন বা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়নি। কেবল একটি গালভরা নাম দিলেই অধিকার নিশ্চিত হয় না; সুনির্দিষ্ট আইনি পরিচয় ও চিহ্নিতকরণ ব্যবস্থা না থাকায় অসংখ্য মানুষ আজও সামাজিক সুবিধার আওতাবহির্ভূত।
এই চার বাস্তব চিত্র কোনো একক ঘটনা নয়; এটি আমাদের দেশের গভীর তথ্যের গোলকধাঁধার নগ্ন রূপ। মানুষ যখন প্রাতিষ্ঠানিক নথিতে স্থান পায় না, তখন রাষ্ট্রীয় নীতিতেও তাদের ঠাঁই হয় না। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সংখ্যা নিয়ে বিভিন্ন জরিপে চরম অসংগতি দেখা যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানার আয় ও ব্যয় জরিপ ২০১০ অনুযায়ী দেশে প্রতিবন্ধিতার হার ছিল ৯ দশমিক শূন্য ৭ শতাংশ। ২০১৬-এর খানার আয় ও ব্যয় জরিপে তা কমে দাঁড়ায় ৬ দশমিক ৯৪ শতাংশে। আবার প্রতিবন্ধিতাবিষয়ক জাতীয় জরিপ (এনএসপিডি) ২০২১ অনুযায়ী এই হার ২ দশমিক ৭৯ শতাংশ (পুরুষ ৩ দশমিক ২৯ শতাংশ এবং নারী ২ দশমিক ৩৪ দশমিক)।
ইউনিসেফ ও এনএসপিডি ২০২১-এর ভিত্তিতে শিশুদের প্রতিবন্ধিতার হার ১ দশমিক ৭ শতাংশ বলেছে। অথচ খানার আয় ও ব্যয় জরিপের ২০২২-এর সাম্প্রতিক বিশ্লেষণে দৈনন্দিন কার্যক্ষমতার সীমাবদ্ধতাকে বিবেচনায় নিলে এই হার দাঁড়ায় প্রায় ৫ দশমিক ৭১ শতাংশে, যা প্রায় ৯৪ লাখ মানুষের সমান। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্ব জনসংখ্যার প্রায় ১৬ শতাংশ মানুষ কোনো না কোনো উল্লেখযোগ্য প্রতিবন্ধিতা নিয়ে বসবাস করেন।
আমাদের দেশের মূল সমস্যা হলো, আমরা কাকে ‘প্রতিবন্ধী’ বলছি আর তাঁদের কীভাবে গণনায় আনছি। যুক্তরাজ্যের ফ্যামিলি রিসোর্সেস সার্ভে (২০২২-২৩/২০২৩-২৪) অনুযায়ী সেখানে প্রতি চারজনের একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে স্বীকৃত এবং কানাডার কানাডিয়ান সার্ভে অন ডিজঅ্যাবিলিটি (২০২২) অনুযায়ী ১৫ বছর বা তার বেশি বয়সীদের ২৭ শতাংশের (প্রায় ৮০ লাখ) অন্তত একটি প্রতিবন্ধিতা রয়েছে। উন্নত বিশ্বে প্রবীণদের বয়সভিত্তিক সীমাবদ্ধতা এবং স্নায়বিক বা মানসিক ‘অদৃশ্য প্রতিবন্ধিতা’কে সঠিকভাবে গণনায় আনা হয়, যা আমাদের দেশে পুরোপুরি উপেক্ষিত।
বাংলাদেশের ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’-এ ১২ ধরনের প্রতিবন্ধিতার কথা বলা হলেও সুনির্দিষ্ট নীতিমালার অভাবে তা মাঠপর্যায়ে প্রয়োগ করা যাচ্ছে না। অথচ ভারতের রাইটস অব পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ অ্যাক্ট, ২০১৬-এ ২১ ধরনের শ্রেণি (যেমন: লার্নিং ডিজঅ্যাবিলিটি, মানসিক অসুস্থতা, থ্যালাসেমিয়া, অ্যাসিড সারভাইভার) সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত রয়েছে।
তথ্যের এই সংকট শুধু পরিসংখ্যানের বিষয় নয়; এটি বাজেট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানবাধিকারের সংকট। তথ্য হলো অধিকার দাবি করার ভাষা। জনশুমারি, শ্রমশক্তি জরিপ ও সামাজিক সুরক্ষা ডেটাবেজে আন্তর্জাতিক মানদণ্ড, বিশেষ করে ওয়াশিংটন গ্রুপ কোয়েশ্চেনস সম্পূর্ণভাবে প্রয়োগ করতে হবে এবং নিবন্ধনের স্পষ্ট গাইডলাইন তৈরি করতে হবে।
বাংলাদেশ যদি সত্যিই বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে চায়, তবে প্রথম কাজ হলো প্রতিটি মানুষকে সঠিকভাবে গণনা করা। কারণ, যাঁদের আমরা সংখ্যায় গুনি না, তাঁদের জন্য আমরা কোনো পরিকল্পনাও করি না। প্রতিবন্ধী ব্যক্তিরা আর কোনো অস্পষ্ট পরিচয়ে অদৃশ্য হয়ে থাকার পাত্র নন।
ভাস্কর ভট্টাচার্য ডিজিটাল অ্যাকসেসিবিলিটি বিশেষজ্ঞ ও প্রতিবন্ধী অধিকারকর্মী
vashkarbd@gmail.com

Source - www.prothomalo.com ↗