Bangladesh · 2026-11-14 14:00:00

যে দেশে ভাইয়েরা রাঁধেন বোনদের জন্য

যে দেশে ভাইয়েরা রাঁধেন বোনদের জন্য
সামোয়ার প্রধান বিমানবন্দরে ইমিগ্রেশন পার হতেই দেখি, দুজন গান ধরেছেন। সত্যজিতের গুপী-বাঘা যেন গেয়েই যাচ্ছে, গেয়েই যাচ্ছে!
একসময় গান শেষ হলো। আমি ডলার ভাঙাতে এগিয়ে গেলাম। আমাদের যেমন টাকা, ওদের মুদ্রার নাম তালা। ১ মার্কিন ডলারে ২ তালা। কাউন্টারের নারী তালা গুনছেন, আর আমি তাঁর কানের দিকে স্থির তাকিয়ে আছি। তাঁর কানে গোঁজা একটা লাল জবা। এ দেশে নারীরা বাঁ কানে ফুল গুঁজলে অবিবাহিত, আর ডান কানে গুঁজলে বিবাহিত।
ডলার ভাঙিয়ে আরও এগিয়ে যাই। ট্যাক্সিচালকেরা এগিয়ে আসেন। না, না, কোনো জটলা বা হামলে পড়ার ভাব তাঁদের মধ্যে নেই। রাজধানী শহর আপিয়া বিমানবন্দর থেকে বেশ দূর—প্রায় ৩৫ মাইল। সব ট্যাক্সিই ভাড়া চাইল ৮০ তালা। আমি জানি, এয়ারপোর্ট শাটলে গেলে ২৬ তালায় শহরে পৌঁছানো যায়।
শাটলের খোঁজে তথ্যকেন্দ্রে গেলাম।
সেখানে বসে আছেন বিশালদেহী এক পুরুষ। তিনি বললেন, ‘ট্যাক্সিতে চড়ে একটু বেশি টাকা দিলে কী এমন ক্ষতি! আমাদের চালকেরা নাহয় একটু বেশি টাকাই পেলেন।’
তাঁর এমন সরলতায় মুগ্ধ হলাম, কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিলাম। তিনি হনহন করে আমার কেবিন লাগেজটি টেনে নিয়ে গেলেন। একটি মিনিবাসে তুলে দিয়ে চালককে বলে দিলেন, ২৬ তালার বেশি যেন না নেন।
সামোয়ায় লেখকআগে থেকে বুক করে রাখা হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত নেমে এল। সেখানে আমার জন্য অপেক্ষা করছিল আরেক বিস্ময়। আমার থাকার ব্যবস্থা হয়েছে পাতার ঘরে! স্থানীয় ভাষায় একে বলে ‘ফালে’। পাতায় ঘেরা সেই ঘরের দেয়ালে এত বড় বড় ফাঁক যে বাইরের পৃথিবীকে আটকানোর কোনো চেষ্টাই এখানে নেই।
প্রকৃতির এত কাছে থাকার বিপদও কয়েক ঘণ্টার মধ্যেই টের পেলাম। মাঝরাত থেকেই মোরগ ডাকা শুরু করল। ডাক শুনে মনে হয়, এই বুঝি ভোর হলো। কিন্তু না, ভোর তখনো অনেক দূর। আরও একটা পরিচিত ডাক শুনছি বারবার। কখনো মনে হয় শিয়াল, কখনো কুকুর। একসময় রাত পোহাল।
২.
একদিন দুপুরে রাস্তা দিয়ে হাঁটছি। মাত্রই স্কুল ছুটি হয়েছে। মেয়েরা হেঁটে বাড়ি ফিরছে, কেউ কেউ গাড়ির জন্য অপেক্ষা করছে। কারও সঙ্গে অভিভাবক নেই। ছবি তোলার অনুমতি চাইতেই মেয়েগুলো হেসে কুটিকুটি। হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে ঢলে পড়ছে। ওদের শিক্ষার মাধ্যম ইংরেজি। তাই বুঝতে পারছি, আমার কথা ওরা বুঝেছে। কিন্তু না-ও বলছে না, হ্যাঁ-ও বলছে না। হাসির বিরাম নেই।
ইশ্‌, রামগরুড়ের ছানাদের এখানে এনে যদি ছেড়ে দিতে পারতাম!
সামোয়ার রাজধানী আপিয়া থেকে বিশ্বের বিভিন্ন শহরের দূরত্ব৩.
একদিন একটি সাংস্কৃতিক পরিবেশনা দেখতে গেলাম। শহরের মধ্যে খোলা জায়গায় আড়াই ঘণ্টা ধরে চলে এই আয়োজন। প্রায় তিন হাজার বছর আগে সামোয়ানদের পূর্বপুরুষেরা দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সমুদ্রপথে এখানে এসে পৌঁছান। পলিনেশীয় বংশোদ্ভূত এই পূর্বপুরুষদের গান, নাচ, কীভাবে তারা পাতা দিয়ে বাসন বানাত এবং সেই বাসনে খাবার খেত—পরিবেশনাটিতে সেগুলোই তুলে ধরা হয়।
আমি সবচেয়ে আগ্রহ নিয়ে দেখেছি তাদের রান্না। প্রায় ৪০ মিনিট ধরে দেখানো হলো, কীভাবে গরম পাথর চাপা দিয়ে রান্না করা হতো খাবার। এটি তাদের হাজার বছরের ঐতিহ্য।
পাথরের স্তূপ গরম করতে করতে এক দীর্ঘদেহী পুরুষ জিজ্ঞেস করলেন, ‘রান্নার কাজে কে সাহায্য করতে চাও?’
আমি আর পাশে দাঁড়ানো এক আমেরিকান নারী হাত তুলতেই বললেন, ‘না, না, নারীরা নয়। আমাদের সুপ্রাচীন ঐতিহ্য হলো, এ দেশে ভাইয়েরা রাঁধেন বোনদের জন্য। যদিও আমাদের পরিবারে নারী-পুরুষ সবাই রান্না করতে জানে।’
জানতে চাইলাম, ‘তাহলে সংসারে তোমাদের বোনদের কাজ কী?’
উত্তর এল, ‘আমাদের বোনেরা? আমাদের বোনেরা বাগান করে, ফুলের বাগান।’
ইশ্‌, এমন কয়েকজন জায়ান্ট ভাইকে যদি বেঁধে ঢাকায় নিয়ে আসতে পারতাম! সারা জীবন বসে বসে খেতে পারতাম!
যে মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা

Source - www.prothomalo.com ↗