Bangladesh · 2026-11-14 14:51:57

পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন

পোশাকশিল্পের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন
চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন তৈরি পোশাক কারখানার মালিকরা।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বিজিএমইএ সূত্রে জানা গেছে, বৈঠকে প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাভার, গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা টানা কয়েক দিন কাজে যোগ না দেওয়ায় পোশাক কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে মালিকদের একটি বড় অংশ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার পক্ষে মত দিয়েছেন। বৈঠকের আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে, সাভারের ৫০টি পোশাক কারখানা ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিএমইএ।

Source - www.bd24live.com ↗