Bangladesh · 2026-11-14 14:44:34

ইনানীর মাটির নিচে কত গ্যাস, আগুন নিয়ন্ত্রণে মাঠে বাপেক্স

ইনানীর মাটির নিচে কত গ্যাস, আগুন নিয়ন্ত্রণে মাঠে বাপেক্স
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ থেকে বের হওয়া প্রাকৃতিক গ্যাসের আগুন ১৮ দিন ধরে জ্বলছে। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস নির্গমনের পর এবার আগুন নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। আধুনিক যন্ত্রপাতি, ভারী খনন সরঞ্জাম ও কারিগরি উপকরণ নিয়ে শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে শুরু হয়েছে প্রস্তুতিমূলক কাজ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সবকিছু অনুকূলে থাকলে শনিবার (১৪ নভেম্বর) থেকে নিয়ন্ত্রিত খনন ও আগুন নেভানোর কারিগরি কার্যক্রম শুরু হতে পারে।

শুক্রবার সকাল থেকে লরি ও ক্রেনে করে ঘটনাস্থলে নেওয়া হয় ভারী যন্ত্রপাতি, পাইপ, খনন সরঞ্জামসহ প্রয়োজনীয় উপকরণ। বিশেষজ্ঞ দলের তৎপরতা এবং যন্ত্রপাতি স্থাপনের প্রস্তুতি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও কিছুটা স্বস্তি ফিরেছে। তবে দীর্ঘদিন ধরে গ্যাসের আগুন জ্বলতে থাকায় ছোট ইনানী এলাকার মানুষের মধ্যে এখনো উদ্বেগ কাটেনি।

বাপেক্সের নয় সদস্যের প্রতিনিধি দলের প্রধান এবং প্রতিষ্ঠানটির সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার অহিদুল ইসলাম বলেন, ‘গ্যাসের প্রবাহ ও চাপের স্থায়িত্ব বুঝতে টানা ১৫ দিন পর্যবেক্ষণ করা হয়েছে। এতে দেখা গেছে, গ্যাস একই গতি ও চাপে বের হচ্ছে। এ অবস্থায় গ্যাস অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ।’

তিনি বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ করা এবং গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনা। কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ ও গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন বলেন, ‘দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন নিরাপত্তা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবিষ্যতে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কি না, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার বলেন, ‘নলকূপ থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলার পর থেকেই প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসের মতো ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।’

বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ একই চাপ ও প্রবাহে গ্যাস বের হওয়ায় সেখানে বড় কোনো গ্যাসস্তর থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শুধু গ্যাসের প্রবাহ ও চাপের স্থায়িত্ব দেখে মজুদের পরিমাণ কিংবা বাণিজ্যিক সম্ভাবনা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। এ জন্য প্রয়োজন ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে। এসব গ্যাসক্ষেত্রের মধ্যে রয়েছে তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, সুন্দলপুর, শ্রীকাইল, শাহজাদপুর ও ভোলা নর্থ।

ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুদ পাওয়া গেলে এবং তা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য হলে দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে এলাকাটি। এতে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং আমদানিনির্ভরতা কমানোর নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিতে হলে আগে নিশ্চিত হতে হবে গ্যাসের মজুদ, গুণগত মান ও উত্তোলনযোগ্যতা।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় মো. আবদুল্লাহর বাড়িতে গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেই গ্যাসে আগুন ধরে যায়। এরপর থেকে অব্যাহতভাবে জ্বলছে আগুন।

ঘটনার পর বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দীর্ঘ পর্যবেক্ষণ শেষে এবার আগুন নিয়ন্ত্রণে কারিগরি উদ্যোগ শুরু হওয়ায় নতুন করে আশার সঞ্চার হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

তবে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসের প্রবাহ নিরাপদে বন্ধ করা। এরপরই জানা যাবে, ইনানীর মাটির নিচে থাকা গ্যাসের সম্ভাবনা কতটা বাস্তব এবং তা দেশের জ্বালানি খাতে নতুন কোনো সম্ভাবনার দুয়ার খুলতে পারে কি না।

Source - www.bd24live.com ↗