Bangladesh · 2026-11-14 14:43:39

নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে কাজ করছে: নাটোরে হুইপ দুলু

নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে কাজ করছে: নাটোরে হুইপ দুলু
নারীদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীদের ঘরের বাইরে কাজ করার সুযোগ তৈরি করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার প্রসারে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আর বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে। একসময় ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকা নারীরা আজ ইউএনও, ডিসি, সংসদ সদস্যসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

শনিবার দুপুরে নাটোর শহরের বঙ্গজ্বল রাজবাড়ির আনন্দ ভবনে খান ফাউন্ডেশন আয়োজিত ‘ভয়েসেস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় ‘নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব’ শীর্ষক সংসদ সদস্যদের সঙ্গে সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ, খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ, সাবেক সংসদ সদস্য ও মহিলা দলের সভাপতি সুফিয়া হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Source - www.bd24live.com ↗