শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে পাহাড়ে অস্ত্রের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ধরনের ন্যক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক উল্লেখ করে অবিলম্বে সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং দ্রুত গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পাহাড়ী এলাকার অগ্রযাত্রায় জন্য গঠিত সামাজিক সংগঠন ‘টুগেদার ফর এডুকেশন, অ্যাথলেটিকস অ্যান্ড মিশন (TEAM)।
সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রাবি শিক্ষার্থীদের ওপর এমন হামলা এবং ছিনতাইয়ের ঘটনা শেরপুরের পর্যটনশিল্প ও জেলার ভাবমূর্তির জন্য অত্যন্ত বিব্রতকর। এমন ঘটনায় শেরপুরের বিভিন্ন পর্যটনকেন্দ্র, বিশেষ করে পাহাড়ি এলাকায় অবস্থিত পর্যটনস্থানগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে।
শেরপুরের গজনী অবকাশে রাবি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে দাবি টিম সংগঠনের

ফলে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শেরপুরের পাহাড়ি অঞ্চলে অবস্থিত ‘গজনী অবকাশ’ ও ‘মধুটিলা ইকোপার্কে’ স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, নিয়মিত পুলিশি টহল এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি।
টিম বিশ্বাস করে, দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা এবং শেরপুরের পর্যটনকেন্দ্রগুলোকে নিরাপদ এবং পর্যটকবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
Source - www.bd24live.com ↗