হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে কমপক্ষে চারটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (১৪ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর সামরিক অভিযান শুরু করার পর থেকে হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরান জানিয়েছে, এই প্রণালি দিয়ে চলাচল করতে হলে প্রতিটি জাহাজকে তাদের পূর্বানুমতি নিতে হবে।
ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম কিংবা সেগুলো কোন দেশের পতাকাবাহী ছিল, সে বিষয়ে ইরানের সামরিক বাহিনী সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি। তবে আইআরজিসি নিশ্চিত করেছে, দক্ষিণ হরমুজ অঞ্চলে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি বিশাল আকৃতির সুপারট্যাঙ্কারও রয়েছে।
সুপারট্যাঙ্কারসহ চার তেলবাহী জাহাজে আগুন, হরমুজ নিয়ে কঠোর ইরান

এর আগে চলতি সপ্তাহের শুরুতে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছিলেন, হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। ওয়াশিংটন ইসলামাবাদ স্মারকপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাবিগুলো মেনে নিলেই কেবল এই জলপথ পুনরায় খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
সূত্র: আল জাজিরা
Source - www.bd24live.com ↗