Bangladesh · 2026-11-14 16:07:16

লো মেরিডিয়েনের ঢাকায় নতুন জেনারেল ম্যানেজার গ্রেগর শ্মিট-কিফার: আতিথিয়তাও যাঁর কাছে আরেক শিল্প

লো মেরিডিয়েনের ঢাকায় নতুন জেনারেল ম্যানেজার গ্রেগর শ্মিট-কিফার: আতিথিয়তাও যাঁর কাছে আরেক শিল্প
পৃথিবীর নানা প্রান্তে কাজের অভিজ্ঞতা, খাবারের প্রতি গভীর অনুরাগ আর শিল্পের প্রতি ভালোবাসা—সব মিলিয়ে গ্রেগর শ্মিট-কিফার এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। আতিথেয়তাকে তিনি দেখেন কেবল সেবা নয়, বরং সংস্কৃতি, সৃজনশীলতা ও মানুষের সঙ্গে সংযোগের এক অনন্য শিল্প হিসেবে। এসব গল্পই সম্প্রতি উন্মোচিত হয়েছে শেখ সাইফুর রহমান ও নাদিয়া ইসলামের সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতায়।
আন্তর্জাতিক অভিজ্ঞতা, খাবারের প্রতি অনুরাগ, শিল্পচর্চা ও মানুষের সঙ্গে সংযোগের গুরুত্ব নিয়ে কথা বললেন লো মেরিডিয়েন ঢাকার জেনারেল ম্যানেজার গ্রেগর শ্মিট-কিফার। তাঁর কাছে আতিথেয়তা কেবল আর পাঁচটা পেশা নয়, বরং সংস্কৃতি, ভ্রমণ, মানুষের গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে জড়িয়ে থাকা এক বিস্তীর্ণ যাপন।
আতিথিয়েতাশিল্পে সাফল্য বলতে সাধারণত অতিথিসেবা, ব্যবসায়িক প্রবৃদ্ধি কিংবা আন্তর্জাতিক মান বজায় রাখার কথা মনে আসে। কিন্তু এই শিল্পের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা মানুষদের কাছে এর আরেকটি দিকও আছে। প্রতিদিন নানা দেশ, সংস্কৃতি ও মানুষের সঙ্গে পরিচিত হওয়া, খাবারের মাধ্যমে নতুন জায়গাকে চেনা এবং ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকেও নতুন করে আবিষ্কার করা। লো মেরিডিয়েন ঢাকার জেনারেল ম্যানেজার গ্রেগর শ্মিট-কিফারের কথায় এই মানবিক দিকটি স্পষ্ট হয়ে ওঠে।
জার্মানিতে বেড়ে ওঠা গ্রেগরের পেশাগত জীবনের শুরু হয়েছিল বেশ সাধারণ একটি চাকরি দিয়ে, বয়স তখন মাত্র ১৯। একটি ড্যান্স ক্লাবে কাজ করতেন তিনি। কাজের বিনিময়ে ভালো টিপস পেয়ে মনে হয়েছিল, অতিথিদের সঙ্গে যোগাযোগ ও সেবার এই কাজটি তিনি ভালোই পারেন।
লো মেরিডিয়েন ঢাকার জেনারেল ম্যানেজার গ্রেগর শ্মিট-কিফারেরসেই অভিজ্ঞতাই তাঁকে ভাবতে শিখিয়েছিল, আতিথেয়তাশিল্পে হয়তো তাঁর জন্য একটি জায়গা রয়েছে। জার্মানিতে বাধ্যতামূলক সামরিক বা বেসামরিক সেবার সময়ের সঙ্গে মিলিয়ে বাড়তি আয়ের জন্য কাজটি শুরু করেছিলেন তিনি। কিন্তু ধীরে ধীরে সেটিই হয়ে ওঠে পেশাজীবনের প্রথম ধাপ। ফিরে তাকিয়ে গ্রেগর বুঝতে পারেন, মানুষের সঙ্গে কাজ করার প্রতি তাঁর আগ্রহ সম্ভবত আরও আগে থেকেই তৈরি হয়েছিল।
৬ বছর বয়সেই নিজের ঘরে রেস্তোরাঁ খোলার পরিকল্পনা
গ্রেগরের শৈশবের একটি গল্প শুনলে আতিথেয়তাশিল্পের প্রতি তাঁর আগ্রহের শিকড় কিছুটা বোঝা যায়। ছয় বা সাত বছর বয়সে তাঁদের বাড়িতে শিশুদের দেখাশোনা ও রান্নার কাজে সাহায্য করার জন্য একজন তরুণী থাকতেন। তাঁর রান্না খুব পছন্দ করতেন গ্রেগর। একসময় নিজের ঘরেই রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করেন। ঘরে টেবিল সাজিয়ে অতিথিদের বসানোর ব্যবস্থা করবেন, আর সেই তরুণী রান্না করবেন। বয়সের তুলনায় বেশ বড়সড় সেই পরিকল্পনা আজও তাঁকে হাসায়।
গ্রেগরের ভাষায়, তখনই হয়তো তাঁর ভেতরে আতিথেয়তাশিল্পের প্রতি আগ্রহ তৈরি হয়ে গিয়ে থাকবে। শৈশবে পরিবারের সঙ্গে জার্মানির বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে তাঁকে। তাঁর মা ছিলেন শিক্ষক। চাকরির কারণে কয়েক বছর পরপর তাঁদের নতুন জায়গায় যেতে হতো। চার ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়।
পরিবারের সঙ্গে সেই সময় কাটানো এবং বিভিন্ন পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার অভিজ্ঞতাও তাঁর জীবনবোধে প্রভাব ফেলেছে। তবে পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়ালেও শৈশবের কিছু স্মৃতি তাঁর কাছে বিশেষভাবে মূল্যবান। দক্ষিণ জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে বরফে ঢাকা শীতের দিনগুলো এখনো মনে পড়ে। বন্ধুদের সঙ্গে বরফ ছোড়াছুড়ি, ছোট গ্রামে বেড়ে ওঠা এবং শীতের প্রকৃতি তাঁকে নিজের শিকড়ের কথা মনে করিয়ে দেয়।
খাবারের স্মৃতির মধ্যেও রয়েছে পরিবারের ছাপ। তাঁর দাদি একসময় সুয়াবিয়ান অঞ্চলের ঐতিহ্যবাহী রাভিওলির মতো একটি খাবার তৈরি করতেন। প্রায় ২৫ বছর পর ভাইয়ের জন্মদিনে সেই খাবার আবার খাওয়ার সুযোগ হয়েছিল তাঁর। পরিচিত স্বাদটি যেন বহু বছর আগের পারিবারিক স্মৃতিকে ফিরিয়ে এনেছিল।
ভ্রমণ তাঁকে দিয়েছে নতুন দৃষ্টিভঙ্গি
গ্রেগরের পেশাগত জীবনের বড় একটি অংশ কেটেছে বিভিন্ন দেশে। ফ্রান্সে কাজ করার অভিজ্ঞতা দিয়ে শুরু, এরপর তুরস্ক, লন্ডন, সিঙ্গাপুরসহ নানা জায়গায় কাজ ও বসবাসের সুযোগ পেয়েছেন। প্রতিটি গন্তব্যেরই নিজস্ব আকর্ষণ ও চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন তিনি। তবে ব্যক্তিগত জীবনে লন্ডনের গুরুত্ব আলাদা। সেখানে উচ্চশিক্ষার অংশ হিসেবে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, পরিচয় হয়েছে তাঁর স্ত্রীর সঙ্গে। প্রায় ২৫ বছর আগে শুরু হওয়া সেই সম্পর্ক আজও তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ। পেশার প্রয়োজনে বিভিন্ন দেশে যেতে হয়েছে তাঁকে, আর এই যাত্রায় স্ত্রীর সমর্থনকে বিশেষভাবে মূল্য দেন গ্রেগর। তাঁদের দুই ছেলেও এখন বড় হয়ে উঠছে।
তাঁর এই যাত্রায় স্ত্রীর সমর্থনকে বিশেষভাবে মূল্য দেন গ্রেগরকাজের সূত্রে নতুন দেশ ও সংস্কৃতি জানার সুযোগকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেন। সিঙ্গাপুরের র‍্যাফেলসে কাজ করার অভিজ্ঞতা তাঁর কাছে স্মরণীয়। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আরও অনেক জায়গা ঘুরে দেখার আগ্রহ রয়েছে তাঁর। ঢাকায় কাজ করার সুযোগ পাওয়াকে সেই অনুসন্ধানেরই একটি নতুন অধ্যায় হিসেবে দেখছেন তিনি।
খাবারের স্বাদে একটি দেশের গল্প
গ্রেগরের কাছে ভ্রমণ মানে শুধু দর্শনীয় স্থান দেখা নয়, খাবারের স্বাদ নেওয়াও। কোনো শহরে পৌঁছালে স্থানীয় খাবারের খোঁজ করেন তিনি। কারণ, তাঁর মতে, খাবারের মধ্য দিয়ে একটি দেশের সংস্কৃতি, মানুষের অভ্যাস এবং সামাজিক জীবনের অনেক কিছু বোঝা যায়। খাবার মানুষকে এক টেবিলে বসায়, কথোপকথনের সুযোগ তৈরি করে এবং ভিন্ন সংস্কৃতির মানুষের মধ্যে পরিচিতির সেতু গড়ে তোলে।
নানা দেশের খাবারের প্রতি তাঁর আগ্রহ আছেসিঙ্গাপুরের লাকসা তাঁর পছন্দের খাবারের তালিকায় রয়েছে। পাকিস্তানের বিরিয়ানির কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি। তবে কোন দেশের বিরিয়ানি সেরা, তা নিয়ে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মানুষের নিজস্ব দাবি থাকবেই—এ কথা মজার ছলে স্বীকার করেন গ্রেগর। রান্না করতেও ভালো লাগে তাঁর, বিশেষ করে ফরাসি বিস্ত্রো-ধাঁচের খাবার।
স্পেনের পায়েইয়াও তাঁর পছন্দের তালিকায় আছে। স্ত্রীর পরিবারের সঙ্গে স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলের যোগ থাকায় সেখানকার খাবারের সঙ্গে পরিচয় আছে। স্ত্রীর ভাইয়ের রান্না পায়েইয়া তাঁর কাছে বিশেষ উপভোগ্য।
আরেকটি খাবারের জন্য দূরত্ব পেরিয়ে যেতে রাজি গ্রেগর, সেটি আইরিশ গরুর মাংস। তাঁর মতে, এর স্বাদ ও মান যথেষ্ট প্রশংসা পাওয়ার যোগ্য হলেও আন্তর্জাতিক খাদ্যজগতে এটি সব সময় সেই স্বীকৃতি পায় না। হরিণের মাংসসহ বিভিন্ন ধরনের মাংস এবং মাছও তাঁর পছন্দের। মাছের মধ্যে ট্রাউটের কথা আলাদাভাবে উল্লেখ করেন তিনি।
নিজে রান্না করতে হলে কী তৈরি করবেন—এমন প্রশ্নে গ্রেগরের উত্তর বাটার চিকেন। পাকিস্তানে একটি রান্নার প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় এই খাবার নিয়ে তাঁর অভিজ্ঞতা বেশ মজার ছিল। সেখানে তিনি বাটার চিকেন রান্নার পদ্ধতি ব্যাখ্যা করলে উপস্থিত অনেকেই অবাক হয়েছিলেন। একজন ইউরোপীয় হয়েও দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই খাবার সম্পর্কে তাঁর ধারণা ছিল, যা তাঁদের কাছে ছিল অপ্রত্যাশিত।
বাংলাদেশের খাবার নিয়েও তাঁর আগ্রহ রয়েছে। তবে স্থানীয় খাবার চেখে দেখার ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক থাকতে চান তিনি। বিশেষ করে পথখাবারের স্বাদ নিতে আগ্রহী হলেও কোথায় খাবেন, তা নিয়ে কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নিতে চান। তাঁর মতে, পরিচ্ছন্নতা বজায় রেখে স্থানীয় খাবার তুলে ধরতে পারলে পথখাবারও একটি শহরের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে।
শিল্পের প্রতি ভালোবাসা, পেশার বাইরে অন্য এক পরিচয়
গ্রেগরের সঙ্গে কথা বলতে গিয়ে বোঝা যায়, হোটেলশিল্পের বাইরেও তাঁর একটি গভীর ব্যক্তিগত জগৎ রয়েছে। তিনি ছবি আঁকেন। সময়ের অভাবে নিয়মিত আঁকা হয় না, তবে সুযোগ পেলে রং ও তুলির কাছে ফিরে যান। শিল্পের প্রতি এই টান পারিবারিকভাবেও পাওয়া।
গ্রেগর একজন শিল্পীও। সময় পেলে ছবি আঁকেনতাঁর দাদা ছিলেন ফ্রাঙ্কফুর্টে শিল্পকলার অধ্যাপক এবং নিজেও ছবি আঁকতেন। গ্রেগরের এক চাচা সমকালীন শিল্পজগতে পরিচিত একজন শিল্পী। ফলে ছোটবেলা থেকেই শিল্পের সঙ্গে পরিচয় তাঁর। দাদার কাছ থেকে পুরোনো মাস্টারদের মতো করে ছবি আঁকার কৌশল শেখার অভিজ্ঞতাও রয়েছে। স্তরে স্তরে রং বসানো, ধৈর্য ধরে কাজ করা এবং একটি ছবিকে ধীরে ধীরে পূর্ণতা দেওয়ার প্রক্রিয়া তাঁকে আকৃষ্ট করে।
পুরোনো শিল্পীদের মধ্যে রাফায়েলের কাজ তাঁর বিশেষ পছন্দের। বত্তিচেল্লি কারাচ্চিওলোর কাজের প্রতিও আগ্রহ রয়েছে। সমকালীন শিল্পীদের মধ্যে ফটোরিয়েলিস্টিক (আলোকচিত্রধর্মী) চিত্রকর্ম এবং চমৎকার বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট পেইন্টিংয়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত জার্মান শিল্পী গেরহার্ড রিখটারের কাজও ভালো লাগে তাঁর।
শহরে গেলে সিনেমা হলের চেয়ে জাদুঘরে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানান গ্রেগর। মাদ্রিদের প্রাদো জাদুঘর কিংবা লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে বারবার গিয়েও নতুন করে আবিষ্কারের আনন্দ পান তিনি। লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামও তাঁর বিশেষ পছন্দের জায়গাগুলোর একটি।
শিল্পের প্রতি তাঁর এই অনুরাগ শুধু ছবি দেখা বা আঁকার মধ্যে সীমাবদ্ধ নয়। শিল্পকর্মকে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ। শিল্পীর জীবন ও কাজকে ঘিরে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ কিংবা নির্দিষ্ট মতাদর্শের মধ্যে আটকে ফেলার প্রবণতা তাঁর ভালো লাগে না। শিল্পকে তার নিজস্ব প্রেক্ষাপট ও সৃজনশীলতার জায়গা থেকে বোঝার পক্ষপাতী তিনি।
পোশাকে ব্যক্তিত্ব, জুতায় আরাম ও মান
পোশাকের ক্ষেত্রেও গ্রেগর পছন্দ করেন পরিমিত রুচি। তাঁর মতে, স্টাইল থাকা জরুরি, কিন্তু অতিরিক্ত সাজসজ্জার প্রয়োজন নেই। স্থানীয় পোশাকের প্রতিও তাঁর আগ্রহ রয়েছে। পাকিস্তানে থাকার সময় সেখানকার ঐতিহ্যবাহী পোশাক সংগ্রহ করার পরামর্শ পেয়েছিলেন, আর বিষয়টি তাঁকে আকৃষ্ট করেছিল। বাড়িতে আরাম করে পরার জন্য জাপানি ইউকাতাও তাঁর সংগ্রহে রয়েছে।
টাই আর জুতার প্রতি তাঁর বিশেষ অনুরাগ আছেতবে পুরুষদের পোশাকের একটি অনুষঙ্গ নিয়ে তাঁর বিশেষ দুর্বলতা আছে, সেটি টাই। তিনি মনে করেন, স্যুটের সঙ্গে টাই ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ তৈরি করে। একই রঙের স্যুট ও সাদা শার্টের মধ্যে টাইয়ের মাধ্যমে নিজস্ব রুচির পরিচয় দেওয়া যায়। সাম্প্রতিক সময়ে আনুষ্ঠানিক পোশাকে টাইয়ের ব্যবহার কমে যাওয়ায় কিছুটা আক্ষেপও রয়েছে তাঁর।
জুতার ক্ষেত্রে অবশ্য রুচির পাশাপাশি ব্যবহারিক দিকটিও গুরুত্বপূর্ণ। একসময় লন্ডনে ওয়েটার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা ও হাঁটার কাজের জন্য ভালো জুতা কতটা প্রয়োজন। সে সময় কম দামের জুতা কিনে কয়েক মাস পরপর বদলাতে হতো। পরে উপলব্ধি করেন, মানসম্মত জুতা কিনলে তা দীর্ঘদিন ব্যবহার করা যায়। সেই অভিজ্ঞতা থেকে জুতার মানের বিষয়ে আপস করতে চান না তিনি।
আতিথেয়তার ভবিষ্যৎ প্রযুক্তিতে নয়, মানুষের সংযোগেও
হোটেলশিল্প দ্রুত বদলাচ্ছে। প্রযুক্তি অতিথিসেবাকে সহজ করছে, স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বাড়ছে। কিন্তু গ্রেগরের বিশ্বাস, বিলাসবহুল আতিথেয়তার মূল শক্তি কেবল প্রযুক্তি নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক।
অতিথির প্রয়োজন বুঝতে পারা, আন্তরিকভাবে স্বাগত জানানো এবং এমন অভিজ্ঞতা তৈরি করা, যা অতিথি দীর্ঘদিন মনে রাখবেন—এসবই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। প্রযুক্তি সেবাকে দ্রুত ও কার্যকর করতে পারে, কিন্তু ব্যক্তিগত যত্নের বিকল্প হতে পারে না।
এই দর্শন তাঁর নেতৃত্বের ক্ষেত্রেও প্রযোজ্য। বিভিন্ন সংস্কৃতি ও অভিজ্ঞতার মানুষের সঙ্গে কাজ করতে হলে পারস্পরিক সম্মান, মনোযোগ দিয়ে শোনা এবং দলের সদস্যদের দক্ষতাকে মূল্য দেওয়া জরুরি। আন্তর্জাতিক হোটেল পরিচালনায় অভিন্ন মান বজায় রাখার পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও অতিথিদের প্রত্যাশা বোঝাও সমান গুরুত্বপূর্ণ।
লো মেরিডিয়েন ঢাকায় তাঁর দায়িত্বের অন্যতম লক্ষ্য হলো অতিথিদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা, খাবার ও পানীয়ের আয়োজনকে নতুনভাবে সাজানো এবং আতিথিয়েতার বাজারে হোটেলটির প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করা। একই সঙ্গে ব্র্যান্ডের আন্তর্জাতিক পরিচয়ের সঙ্গে বাংলাদেশের শিল্প, ঐতিহ্য ও স্থানীয় সৃজনশীলতাকে যুক্ত করার সম্ভাবনাও রয়েছে। জামদানি ও টাঙ্গাইল শাড়ি, বাঁশ-বেতের কাজ কিংবা মাটির ও কাঠের কারুশিল্পের মতো স্থানীয় উপাদান হোটেলের অভিজ্ঞতায় কীভাবে জায়গা করে নিতে পারে, তা নিয়ে ভাবনার সুযোগ রয়েছে। কারণ এগুলো হতে পারে গেস্ট এক্সেরিয়েন্সের অংশ; অন্যদিকে এর মাধ্যমে স্থানীয় কারুশিল্পীদেরও সহায়তা করা হবে।
বাংলাদেশের পর্যটনে কিসের ঘাটতি?
বাংলাদেশের আতিথেয়তা ও পর্যটন খাতে সম্ভাবনা দেখেন গ্রেগর। দেশের খাবার, সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের আন্তরিকতা আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মতো উপাদান। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে কয়েকটি ক্ষেত্রে আরও কাজ প্রয়োজন।
স্থানীয় খাবার আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলার জন্য ভালো উপকরণের সহজলভ্যতা, সরবরাহব্যবস্থার উন্নয়ন, দক্ষ জনবল এবং পরিকল্পিত প্রচার গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক হোটেল ব্র্যান্ডগুলো স্থানীয় খাবারকে বিশ্বমানের পরিবেশনায় তুলে ধরতে পারে। অতিথি শেফ বিনিময়, খাবারের উৎসব এবং বিভিন্ন দেশের রন্ধনশৈলীর সঙ্গে বাংলাদেশের খাবারের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগও এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
ঢাকাকে ব্যবসায়িক গন্তব্য হিসেবে আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলে পর্যটনের সুযোগ বাড়ানো দরকার। পর্যটন অবকাঠামো, যাতায়াত, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিচিতি তুলে ধরার কাজ একসঙ্গে এগোলে সম্ভাবনাগুলো আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে ঠিক কোন বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন, সে প্রসঙ্গে গ্রেগরের বক্তব্যের সারকথা হলো, সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় উপাদানগুলোকে আরও ভালোভাবে এক জায়গায় আনা। খাবার ও সংস্কৃতির সমৃদ্ধি আছে, কিন্তু সেগুলোকে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক মানে উপস্থাপন করার জন্য সরবরাহব্যবস্থা, অবকাঠামো, দক্ষতা এবং প্রচারের সমন্বয় জরুরি।
তরুণদের জন্য পরামর্শ: ভিত্তি তৈরি করুন, পৃথিবীকে জানুন
বাংলাদেশের যেসব তরুণ আতিথেয়তাশিল্পে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য গ্রেগরের পরামর্শ হলো, প্রথমে শিক্ষার একটি শক্ত ভিত্তি তৈরি করতে হবে। স্কুল, বিশ্ববিদ্যালয় কিংবা পেশাভিত্তিক প্রশিক্ষণ—যে পথেই এগোন না কেন, শেখার জায়গাটি গুরুত্বপূর্ণ। এরপর যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের চেষ্টা করা উচিত।
বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষের সঙ্গে কাজ করলে দৃষ্টিভঙ্গি প্রসারিত হয়, মানুষের আচরণ বোঝার ক্ষমতা বাড়ে এবং পেশাগত দক্ষতাও সমৃদ্ধ হয়। তবে শুধু বিদেশে যাওয়াই লক্ষ্য নয়; সেখান থেকে শেখা অভিজ্ঞতা নিজের কাজে প্রয়োগ করতে পারাটাই আসল।
তরুণ প্রজন্মের যাপন গ্রেগরকে উদ্বিগ্ন করেতরুণ প্রজন্মের জীবনযাপন নিয়েও তাঁর কিছু উদ্বেগ রয়েছে। গ্রেগরের মতে, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার মানুষের সরাসরি যোগাযোগের সুযোগ কমিয়ে দিতে পারে। একসময় মানুষ বন্ধুদের সঙ্গে দেখা করতে, একসঙ্গে খেতে কিংবা আড্ডা দিতে বাইরে যেত। এখন অনেক সময় একই টেবিলে বসেও সবাই নিজের ফোনে ব্যস্ত থাকে।
একজন বাবা হিসেবে সন্তানদের প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সচেতন থাকার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। তাঁর মতে, প্রযুক্তির সুবিধা গ্রহণ করতে হবে, কিন্তু বাস্তব জীবনের সম্পর্ক, সামাজিক যোগাযোগ এবং একসঙ্গে সময় কাটানোর গুরুত্ব যেন হারিয়ে না যায়।
আগামী দিনের লক্ষ্য
লো মেরিডিয়েন ঢাকায় আগামী কয়েক বছরে নিজের অন্যতম লক্ষ্য হিসেবে হোটেলটির অবস্থান আরও শক্তিশালী করার কথা বলেন গ্রেগর। অতিথিদের অভিজ্ঞতা উন্নত করা, খাবার ও পানীয়ের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলা এবং প্রতিযোগিতামূলক বাজারে হোটেলটির স্বতন্ত্র পরিচয় ধরে রাখাই তাঁর অগ্রাধিকার।
তবে তাঁর কথাবার্তায় পেশাগত লক্ষ্যগুলোর পাশাপাশি বারবার ফিরে আসে ব্যক্তিগত আগ্রহের বিষয়গুলো শিল্প, ভ্রমণ, খাবার, পরিবার এবং মানুষের সঙ্গে যোগাযোগ। একদিকে তিনি আন্তর্জাতিক হোটেল পরিচালনার দায়িত্ব সামলান, অন্যদিকে সুযোগ পেলেই জাদুঘরে যান, ছবি আঁকার কথা ভাবেন কিংবা নতুন কোনো দেশের খাবার সম্পর্কে জানতে চান।
এই দুই জগতের মধ্যে তাঁর কাছে বিরোধ নেই। বরং শিল্প তাঁকে দেখার চোখ দেয়, ভ্রমণ শেখায় ভিন্ন সংস্কৃতিকে বুঝতে, আর খাবার মানুষের সঙ্গে সংযোগ তৈরি করে। আতিথেয়তাশিল্পেও শেষ পর্যন্ত প্রয়োজন তিনটি বিষয়—মনোযোগ দিয়ে দেখা, অন্যকে বোঝার চেষ্টা করা এবং আন্তরিকভাবে স্বাগত জানানো।
গ্রেগর শ্মিট-কিফারের গল্প কেবল একজন আন্তর্জাতিক হোটেল নির্বাহীর পেশাগত যাত্রার গল্প নয়। এটি এমন একজন মানুষের গল্প, যিনি পৃথিবীর নানা প্রান্তে কাজ করেও নিজের শিকড়, পারিবারিক স্মৃতি এবং শিল্পের প্রতি ভালোবাসাকে সঙ্গে রেখেছেন। তাঁর কাছে ভালো আতিথেয়তা মানে শুধু সুন্দর একটি ঘর বা নিখুঁত সেবা নয়; বরং এমন একটি অভিজ্ঞতা তৈরি করা, যেখানে মানুষ নিজেকে স্বাগত, সম্মানিত এবং সংযুক্ত বলে অনুভব করেন।
ছবি: মীর হোসেন

Source - www.haal.fashion ↗