Bangladesh · 2026-11-14 16:09:56

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা বাড়াতে সরকারের ‘নতুন উদ্যোগ’
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থার আওতায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পরিকল্পনা করা হচ্ছে।

এ লক্ষ্যে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) প্রযুক্তিসম্পন্ন স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা।

বিএসসিএল সূত্রে জানা গেছে, এ প্রকল্প বাস্তবায়িত হলে উপকূল থেকে অনেক দূরে অবস্থানরত মাছ ধরার নৌযানগুলোর অবস্থানও শনাক্ত করা সম্ভব হবে। এতে গভীর সমুদ্রে বিপদে পড়া জেলেদের উদ্ধার কার্যক্রম সহজ হওয়ার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা জোরদার, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনাময় এই জলসীমায় কার্যকর নজরদারি এখনো বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এর ফলে সামুদ্রিক নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। পাশাপাশি বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।

উল্লেখ্য, বর্তমানে মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য ব্যবহৃত হচ্ছে।

প্রস্তাবিত এআইএস স্যাটেলাইট ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকা একটি স্যাটেলাইট পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবারও পর্যবেক্ষণের আওতায় আসবে।

এর মাধ্যমে সমুদ্রের কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার কার্যক্রম বেশি এবং কোনো নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে কি না, তা বিশ্লেষণ করা সম্ভব হবে। একই সঙ্গে অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ ও টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নেও সহায়তা মিলবে।

বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটভিত্তিক এই নজরদারি সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জেলেদের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমে বাড়বে সক্ষমতা

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার কবলে পড়েন অনেক জেলে। বিশেষ করে উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে চলে গেলে অনেক নৌযান মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

এ কারণে নিখোঁজ নৌযান খুঁজে বের করতে অনেক সময় দীর্ঘ অনুসন্ধান চালাতে হয়। প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে নৌযানগুলো উপকূল থেকে অনেক দূরে অবস্থান করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়বে।

এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে যাত্রাপথ পরিকল্পনা করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমানো এবং জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে।

বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে নৌযানের যাত্রাপথ নির্ধারণ করা গেলে প্রতিটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার পর্যন্ত ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে প্রায় ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় তৈরি হবে তথ্যভান্ডার

স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে সমুদ্রে নৌযানের চলাচল ও মাছ ধরার কার্যক্রমের দীর্ঘমেয়াদি তথ্য সংরক্ষণ করা যাবে। কোন এলাকায় কতগুলো নৌযান যাচ্ছে, কখন মাছ ধরছে এবং কখন উপকূলে ফিরছে—এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক মৎস্য আহরণের একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হবে।

এ ধরনের তথ্য মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কোনো এলাকায় অতিরিক্ত মাছ আহরণের প্রবণতা, নির্দিষ্ট সময়ে নৌযানের উপস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে মাছ ধরার কার্যক্রমের পরিবর্তন পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ সহজ হবে।

তবে এআইএস প্রযুক্তির মাধ্যমে সরাসরি সমুদ্রে মাছের অবস্থান শনাক্ত করা যায় না। এ প্রযুক্তির মূল কাজ হলো নৌযানের পরিচয়, অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা। সমুদ্রের কোন এলাকায় মাছের উপস্থিতি বেশি, তা জানতে পানির তাপমাত্রা, রঙ, ক্লোরোফিলের মাত্রা, প্ল্যাঙ্কটনের উপস্থিতি ও সমুদ্রস্রোতের তথ্য বিশ্লেষণ করতে হয়।

এ ক্ষেত্রে স্যাটেলাইট রিমোট সেন্সিংয়ের পাশাপাশি সোনার ও ইকো-সাউন্ডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়। অর্থাৎ, এআইএস নৌযানের অবস্থান জানাবে, আর সমুদ্রবিজ্ঞানভিত্তিক প্রযুক্তি মাছ পাওয়ার সম্ভাবনাময় এলাকা চিহ্নিত করতে সহায়তা করবে। ভবিষ্যতে এসব প্রযুক্তির সমন্বিত ব্যবহার বঙ্গোপসাগরে আধুনিক ও তথ্যনির্ভর মৎস্য ব্যবস্থাপনার নতুন সম্ভাবনা তৈরি করবে।

সামুদ্রিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ: বিএসসিএল এমডি

এ বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, বঙ্গোপসাগর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। এই সম্পদের সুরক্ষা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তিনি বলেন, প্রস্তাবিত স্যাটেলাইটভিত্তিক এআইএস ব্যবস্থা চালু হলে গভীর সমুদ্রে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি নিয়মিত পর্যবেক্ষণ করা যাবে। ফলে কোনো নৌযান দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে দ্রুত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া সম্ভব হবে।

মুহাম্মদ ইমাদুর রহমান আরও বলেন, বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও নৌযানসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেশের নিজস্ব স্যাটেলাইট এবং সার্ভার অবকাঠামোর মাধ্যমে সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তার মতে, এটি শুধু একটি প্রযুক্তিগত প্রকল্প নয়; বরং বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতির উন্নয়ন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও জানান, নৌযানের চলাচল ও মৎস্য আহরণসংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা, অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ এবং জ্বালানি সাশ্রয়েও এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।

সূত্র: বাসস

Source - www.bd24live.com ↗