ডিসেম্বরকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা ও সার্চলাইট। পাশাপাশি প্রয়োজনে আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক বলেন, ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাতের টহলে পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।
কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন

তিনি আরও বলেন, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা জোরদার করেছিল। নেত্রকোনা সীমান্তেও এ ধরনের তৎপরতা ছিল। তবে বিজিবির কঠোর নজরদারি, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া কার্যকর পদক্ষেপের কারণে এ সীমান্ত দিয়ে বিএসএফ কোনো পুশইন করতে পারেনি।
প্রেস ব্রিফিংয়ে গত এক বছরে সীমান্ত এলাকায় বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানের সাফল্যও তুলে ধরা হয়। জানানো হয়, এ সময়ে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার ৯ জন পুরুষ ও দুই নারীকে উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮টি ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জন আসামিকে আটক করেছে বিজিবি।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে কলমাকান্দা, মধ্যনগরসহ নেত্রকোনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Source - www.bd24live.com ↗