Bangladesh · 2026-11-14 19:02:41

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ১৩ ক্যাটাগরি কমে ৯

ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ১৩ ক্যাটাগরি কমে ৯
বিদেশি পর্যটক, চিকিৎসাপ্রার্থী, শিক্ষার্থী, গবেষক ও ব্যবসায়ীদের যাতায়াত আরও সহজ করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন নিয়মে ভিসার মূল ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপক্যাটাগরি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে ভিসা ক্যাটাগরি পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়ার পর এবার নতুন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। ভারত সরকারের দাবি, এই পরিবর্তন আনার আগে বিভিন্ন উন্নত দেশের ভিসা ব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করা হয়েছে।

ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে ভিজিটর ভিসা

নতুন ব্যবস্থায় প্রচলিত ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। পর্যটনের পাশাপাশি এই ভিসার আওতায় ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা ও অবকাশযাপন এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, অবকাশযাপন, স্বল্পমেয়াদি চিকিৎসা এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পবিষয়ক কোর্সে অংশ নেওয়া যাবে। স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিও এর আওতাভুক্ত থাকবে।

অন্যদিকে, দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হবে ভি-২ ভিসা। যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। এতে ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগ থাকবে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের পৃথক ব্যবস্থাও রাখা হয়েছে।

চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর

বিদেশি রোগীদের সুবিধার্থে চিকিৎসা ভিসার কাঠামোতেও পরিবর্তন এনেছে ভারত সরকার। নতুন নিয়মে এম-১ ভিসার আওতায় আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসা নেওয়া যাবে। আর আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য দেওয়া হবে এম-৩ ভিসা।

দুই ধরনের ভিসার ক্ষেত্রেই সাধারণ ও ই-ভিসার মেয়াদ হবে এক বছর। উভয় ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে। এম-১ ভিসাধারী রোগীর সঙ্গীরা এম-২ এবং এম-৩ ভিসাধারী রোগীর সঙ্গীরা এম-৪ ভিসা পাবেন।

ভারত সরকারের মতে, দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত চিকিৎসকের পরামর্শ ও ফলোআপের প্রয়োজন রয়েছে—এমন বিদেশি রোগীদের জন্য নতুন ব্যবস্থা বিশেষভাবে সহায়ক হবে। একাধিকবার প্রবেশের সুবিধা থাকায় প্রতিবার চিকিৎসার জন্য নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনও কমবে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য পৃথক ভিসা

বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২—দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

এস-১ ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

অন্যদিকে, এস-২ ভিসা দেওয়া হবে পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, ভিজিটিং ফ্যাকাল্টি, বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, ইন্টার্ন এবং বিনিময় কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের।

‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পেতে পারবেন। তবে শিক্ষাকোর্সের মেয়াদ পাঁচ বছরের কম হলে সে অনুযায়ী ভিসার মেয়াদ নির্ধারণ করা হবে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।

ব্যবসায়িক ভিসায় নতুন নিয়ম

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—দুটি ভাগে পুনর্বিন্যাস করা হয়েছে।

বি-১ ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে। ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশিরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অন্যদিকে, বি-২ ভিসার আওতায় স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যাবে। এর মধ্যে উৎপাদন খাতে বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানগুলোর নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। যন্ত্রপাতি স্থাপন ও চালু করা, গুণগত মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি ও ইআরপি কার্যক্রম, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত বিদেশি বিশেষজ্ঞরা এর আওতায় আসবেন।

এসব পেশাজীবী ই-ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে বি-২ ক্যাটাগরিতে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পেতে পারবেন। আগে এ ধরনের কার্যক্রম ই-বি৪ ভিসার আওতায় পরিচালিত হতো।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা

বর্তমানে ভারতের ১৩টি উপক্যাটাগরির আওতায় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ই-ভিসা দেওয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিক এ সুবিধা পাচ্ছেন।

নতুন ভিসা কাঠামো কার্যকর করতে তথ্যপ্রযুক্তি অবকাঠামো হালনাগাদের কাজ করছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে পুনর্বিন্যাস করা ব্যবস্থায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেওয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।

নতুন কাঠামোয় ভিসার মূল ক্যাটাগরি হবে নয়টি। এগুলো হলো—

১. ব্যবসায়িক ভিসা
২. কূটনৈতিক ভিসা
৩. কর্মসংস্থান ভিসা
৪. সাংবাদিক ভিসা
৫. চিকিৎসা ভিসা
৬. সরকারি ভিসা
৭. শিক্ষার্থী ভিসা
৮. ভিজিটর ভিসা
৯. বিবিধ ভিসা।

বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি, তাঁদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল পরিবারের সদস্য এবং অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন। এ ছাড়া ভারতে থাকার ভিসা প্রত্যাশী আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্ধারিত কিছু দীর্ঘমেয়াদি ভিসাও এ ক্যাটাগরির আওতায় থাকবে।

ভারত সরকারের আশা, নতুন এই ভিসা কাঠামো কার্যকর হলে বিদেশিদের জন্য দেশটিতে পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে।

সূত্র: এনডিটিভি

Source - www.bd24live.com ↗