গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গালিগালাজ করে আলোচনায় আসা অ্যাডভোকেট কামাল উদ্দিন আদালত থেকে মুক্তি পেয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মুক্তি পাওয়ার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার জন্য দোয়া করেন কামাল উদ্দিন।
এর আগে শুক্রবার রাতে পলাতক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে কামাল উদ্দিনের বাসা ঘেরাও করে মব সৃষ্টির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। শনিবার বিকেলে সিএমপির ৮৮ ধারায় তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে মুক্তি দেন।
মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল
মুক্তির পর কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে মব করা হয়েছে। আমি আগামী ১৯ নভেম্বর লকডাউন ডাকার প্রতিবাদ করেছিলাম। পুলিশ আমাকে রক্ষা করেছে। আমি সরকার বাহাদুরের কাছে কৃতজ্ঞ। মহান আল্লাহপাকের দরবারে দোয়া করি, জনাব তারেক রহমান যেন সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারেন।’
কামাল উদ্দিন সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক। ৫ আগস্ট-পরবর্তী বিভিন্ন মামলায় তিনি আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ গণমাধ্যমকে বলেন, বাসা ঘেরাওয়ের খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ কামাল উদ্দিনকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত মুক্তির আদেশ দেন।
‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েও আলোচনায় আসেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করেন তিনি। তাঁর এসব বক্তব্যের ভিডিও ফেসবুক, টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।
Source - www.bd24live.com ↗