ভারতে শেখ হাসিনার অবস্থান যেন বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ড্যান মোজেনা। তাঁর মতে, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যতের কারণে বাংলাদেশের জাতীয় স্বার্থ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হতে দেওয়া উচিত নয়।
সম্প্রতি বাংলাদেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি, শেখ হাসিনার ভবিষ্যৎ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সাবেক এই মার্কিন কূটনীতিক।
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে সরাসরি মন্তব্য করতে চাননি মোজেনা। তিনি বলেন, শেখ হাসিনা ও তাঁর ভূমিকা নিয়ে তাঁর বিশেষ কোনো মন্তব্য নেই। তবে আওয়ামী লীগের লাখ লাখ বর্তমান ও সাবেক সদস্য রয়েছেন।
শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে সম্পর্ক জিম্মি করা উচিত নয়: ড্যান মোজেনা
পরে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানতে চাইলে মোজেনা বলেন, বিষয়টি নিশ্চিত করে বলা কঠিন। তবে তাঁর ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনার সময় শেষ হয়ে এসেছে।
তিনি আরও বলেন, এর অর্থ এই নয় যে শেখ হাসিনার কাছ থেকে আর কোনো বক্তব্য শোনা যাবে না। তবে দেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে তাঁর ফিরে আসার সম্ভাবনা তিনি দেখছেন না।
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের ভবিষ্যৎকে আলাদা করে দেখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মোজেনা। উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে টানা ১৫ বছরের বেশি সময় বাংলাদেশ শাসন করেছে আওয়ামী লীগ।
শেখ হাসিনাকে ভারতের প্রত্যর্পণ করা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। মোজেনা বলেন, ভারতের কী করা উচিত বা উচিত নয়, সে বিষয়ে তাঁর বিশেষ কোনো ধারণা নেই। বিষয়টি নিয়ে তিনি আলোচনায় যেতে চান না।
বরং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটিকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন সাবেক এই রাষ্ট্রদূত।
মোজেনা বলেন, শেখ হাসিনা এখন আর কোনো দেশের প্রধানমন্ত্রী নন। তিনি দিল্লিতে অবস্থান করে নিজের মতো কাজ করছেন এবং বিভিন্ন বিষয়ে লিখছেন। তাঁকে নিয়ে ব্যস্ত না থেকে বাংলাদেশের স্বার্থ এগিয়ে নেওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনাকে কেন্দ্র করে দেশের পররাষ্ট্রনীতিকে জিম্মি করা উচিত নয়। তাঁর ভাষায়, শেখ হাসিনা নন, বাংলাদেশের জনগণই সবার আগে।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনা সরকারের সময়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন ড্যান মোজেনা। ওই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে অনেক মানুষের মধ্যে গভীর ক্ষোভ ও দুর্ভোগের সৃষ্টি হয়েছে, যা সহজে ভুলে যাওয়ার মতো নয়।
তাঁর মতে, ওই সরকারের সময়ে বহু মানুষ ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনা চাইলেই অতীতের মতো মুছে ফেলা সম্ভব নয়।
তবে শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক ক্ষোভের বাইরে এসে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানান মোজেনা। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার ওপরও গুরুত্ব দেন তিনি।
মোজেনা বলেন, একজন রাজনৈতিক নেতার প্রধান দায়িত্ব হলো নিজের দেশের স্বার্থ এগিয়ে নেওয়া। তারেক রহমানকেও সেই দায়িত্ব পালন করতে হবে।
এ জন্য ভারতের সঙ্গে সীমান্ত, বাণিজ্য, পানিবণ্টন, অভিবাসন এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা ও সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। এসব সমস্যা দীর্ঘদিন থাকবে উল্লেখ করে মোজেনা বলেন, সেগুলো সমাধানে যোগাযোগ ও আলোচনার পথ খুঁজে বের করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর ভারতে অবস্থান এবং সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের টানাপোড়েনের অন্যতম কারণ হয়ে উঠেছে। এ নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে উদ্বেগ জানানো হয়েছে।
ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা বাধা হয়ে দাঁড়িয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে মোজেনা বলেন, স্বাভাবিকভাবেই এমনটি হওয়ার কথা।
শেখ হাসিনার সরকারের পুরো সময় বাংলাদেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে তাঁর অবস্থানের পুরো সময়ই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল। ফলে তাঁর শাসনপদ্ধতি সম্পর্কে মোজেনার যথেষ্ট ধারণা রয়েছে। শেখ হাসিনার শাসনামলে সৃষ্ট ক্ষতি ও মানুষের মধ্যে জমে থাকা তিক্ত অনুভূতিও তিনি উপলব্ধি করেন।
তবে এসব রাজনৈতিক ক্ষোভ যেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ নির্ধারণে প্রভাব বিস্তার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত।
তথ্যসূত্র: ডেইলি ওয়াদা
Source - www.bd24live.com ↗