দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। কোনো ধরনের খাদ্যসংকট হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য ওএমএস কার্যক্রমের আওতায় সুলভ মূল্যে চাল বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে শ্রমিকরা কম দামে চাল কিনে তাদের চাহিদা পূরণ করতে পারবেন।
চলতি মৌসুমে সারাদেশ থেকে তিন লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শনিবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে মানিকগঞ্জ জেলা থেকে এক হাজার ৩২২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। উদ্বোধনী দিনে তিনজন কৃষকের কাছ থেকে মোট ১৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়।
দেশে কোনো ধরনের খাদ্যসংকট হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের ফলে তারা ন্যায্যমূল্য পাবেন বলে আশা করছে খাদ্য বিভাগ। এতে বাজারে ধানের দাম স্থিতিশীল রাখতেও সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসিম উদ্দিন, পুলিশ সুপার সারোয়ার আলম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিক হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার নাজমুস সাকিবসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।
Source - www.bd24live.com ↗