সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর আলাউদ্দিন মার্কেটে নৌপুলিশের অভিযানে জব্দ করা তাস ও অন্যান্য সামগ্রী পোড়ানোর সময় সৃষ্ট আগুনে আলমগীর হোসেন নামে চার বছর বয়সী এক শিশু দগ্ধ হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আলাউদ্দিন মার্কেটে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে। এমন সংবাদের ভিত্তিতে বুড়িগোয়ালিনী নৌথানার তিন-চার সদস্যের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ তাস, বসার পলিথিন ও বস্তা জব্দ করে ঘটনাস্থলেই আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে আগুন পুরোপুরি না নিভিয়েই পুলিশ সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।
পরবর্তীতে ওই স্থানে শিশুরা খেলতে গেলে আলমগীর হোসেন লাঠি দিয়ে আগুনের কুণ্ডলী নাড়াচাড়া করতে থাকে। এ সময় লাঠির মাথায় থাকা জ্বলন্ত পলিথিন ও কাগজ শিশুটির বাম হাতে জড়িয়ে যায়। এতে তার হাত মারাত্মকভাবে দগ্ধ হয়।
সাতক্ষীরায় নৌপুলিশের জব্দ করা আগুনে দগ্ধ ৪ বছরের শিশু

এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউজ্জামান আকবর প্রথমে বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানান। পরবর্তীতে দগ্ধ শিশুর ভিডিও ফুটেজ দেখালে তিনি বলেন, অভিযান শেষে পুলিশ আগুন নিভিয়েই ঘটনাস্থল ত্যাগ করেছিল। শিশুদের অসাবধানতাবশত নাড়াচাড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নৌপুলিশ দগ্ধ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।
Source - www.bd24live.com ↗