নেত্রকোনার মগড়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা, স্বাভাবিক গতিপ্রবাহ পুনরুদ্ধার এবং নদীকে দখল ও দূষণমুক্ত করার লক্ষ্যে ‘মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প’-এর কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে নেত্রকোনা জেলা পরিষদ কার্যালয়ের পেছনে মগড়া নদীর তীরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), নেত্রকোনা এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের কাজের উদ্বোধন করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।
মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, নদী একটি জীবন্ত সত্তা। নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। নদীর নাব্যতা রক্ষা ও স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনতে সরকার নদী খননের উদ্যোগ নিয়েছে। প্রভাবশালী যেই হোক না কেন, কাউকে নদী দখল ও দূষণ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নদী খননের মাধ্যমে মগড়াকে পুনরুজ্জীবিত করে এর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে আনতে হবে। নদীর নাব্যতা বৃদ্ধি পেলে কৃষিকাজে সেচ সুবিধা বাড়বে এবং সারা বছর গৃহস্থালির কাজে নদীর পানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য নদী রক্ষা ও পুনরুজ্জীবনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তুলে ধরে নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের আওতায় ৪৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে সাতটি প্যাকেজের মাধ্যমে ৪১ কিলোমিটার নদী খনন করা হবে। আগামী ৩০ জুনের মধ্যে খননকাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে মগড়া নদীর নাব্যতা বৃদ্ধি, পানিপ্রবাহের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার, কৃষি ও গৃহস্থালির কাজে পানির ব্যবহার এবং নদীকেন্দ্রিক পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Source - www.bd24live.com ↗