Bangladesh · 2026-11-14 21:06:08

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৫৯ কারখানা বন্ধ

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৫৯ কারখানা বন্ধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষের জেরে অন্তত ৪৭টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৮টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায়, ১৭টি অনির্দিষ্টকালের জন্য এবং পাঁচটি মৌখিকভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া সাতটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকেরা কাজ না করায় আরও ১২টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ৫৯টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোর ফটকে বন্ধের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নোটিশ টাঙিয়ে দিয়েছে। এসব নোটিশে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে শ্রমিক সংগঠনগুলোর নেতারা বলছেন, সব কারখানায় শ্রমিক অসন্তোষ নেই। নির্দিষ্ট কিছু কারখানার অভ্যন্তরীণ সমস্যা সমাধান করা গেলে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন বলেন, সব কারখানায় সমস্যা নেই। হাতে গোনা ১২ থেকে ১৪টি কারখানায় সমস্যা ছিল। ওই কারখানাগুলোর সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব।

তিনি আরও বলেন, এসব কারখানায় বকেয়া বেতন, কাজের চাপ ও অসদাচরণসহ নানা বিষয়ে শ্রমিকদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। পুঞ্জীভূত এই ক্ষোভকে অস্থিতিশীলতায় রূপ দিতে বহিরাগতরা কাজে লাগিয়েছে। এখন মালিকপক্ষ সেই সুযোগ নিচ্ছে। যেসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, সেসব কারখানায় যেন শ্রমিক ছাঁটাই করা না হয়, সে বিষয়ে সরকারকে নজর রাখতে হবে।

Source - www.bd24live.com ↗