টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে বিএনপি নেতার নেতৃত্বে সংঘবদ্ধ জনতার (মব) হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ উঠেছে চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে কেন্দ্র করে। ওই মামলায় গ্রেপ্তার চার সাংবাদিককে হাতকড়া পরিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া সাংবাদিকরা হলেন—এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
এ ঘটনায় শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। মামলার বাদী একজন বিএনপি নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে ৪ সাংবাদিক গ্রেপ্তার

গ্রেপ্তার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার সন্ধ্যায় চার সাংবাদিক দেওবাড়ী বাজার এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় স্থানীয়ভাবে করা সালিশের সংবাদ সংগ্রহ করতে যান। তাঁদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় যুবক নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগটি মাতবরদের সহযোগিতায় ২ লাখ ৮০ হাজার টাকায় মীমাংসা করা হয়। এর মধ্যে ওই নারীকে ২ লাখ টাকা এবং মাতবরদের ৮০ হাজার টাকা দেওয়া হয় বলে তাঁরা জানতে পারেন।
সংবাদ সংগ্রহের একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের পাশের একটি বাড়িতে মাদক সেবনের তথ্য দেন। পরে সাংবাদিকরা ওই বাড়িতে গিয়ে কয়েকজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন বলে তাঁদের দাবি। এ সময় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বাজারে নিয়ে যান।
সাংবাদিকদের অভিযোগ, সেখানে জাহিদের ডাকে দুই থেকে তিন শতাধিক লোক জড়ো হয়ে তাঁদের ঘিরে ধরে এবং হেনস্তার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাঁদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে দফায় দফায় আলোচনা হয় বলেও দাবি করেছেন সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যরা।
তাঁদের আরও অভিযোগ, শনিবার সকালে বিএনপি নেতা ফজলুর রহমান বাদী হয়ে চাঁদাবাজির মামলা করলেও মামলায় কথিত মাদক সেবনকারীদের কাউকে আসামি করা হয়নি। বরং ভিডিও ধারণ করতে যাওয়া সাংবাদিকদেরই মামলায় জড়ানো হয়েছে।
আদালতে নেওয়ার পথে এনটিভি ডিজিটালের প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন সাংবাদিকদের বলেন, “মাদকসেবীরা আমাদের ম্যানেজ করার চেষ্টা করেছে। আমরা রাজি না হওয়ায় মব সৃষ্টি করে আমাদের ফাঁসানো হয়েছে। আমাদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয়। অথচ যাদের মাদক সেবনের ভিডিও ধারণ করা হয়েছে, তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”
এদিকে মামলার বাদী ফজলুর রহমান ফজলুর কাছে সাংবাদিকরা তাঁর কাছ থেকে চাঁদা দাবি বা আদায় করেছেন কি না, জানতে চাইলে তিনি চাঁদা দেননি বলে জানান। এমনকি অভিযুক্ত সাংবাদিকদের নামও তিনি বলতে পারেননি বলে সাংবাদিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে স্থানীয় এক নারী সাংবাদিকদের চাঁদা দিয়েছেন বলে জানিয়েছেন। ফলে চাঁদাবাজির মামলার বাদী ও অভিযোগের কথিত ভুক্তভোগীকে ঘিরে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনায় জেলা ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। সাংবাদিকরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে সখীপুর থানার উপপরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যাঁর কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে বলে অভিযোগ, তিনি কেন মামলার বাদী হননি—এমন প্রশ্নের সুস্পষ্ট জবাব দিতে পারেননি তিনি।
Source - www.bd24live.com ↗