নড়াইলের লোহাগড়ায় বাবা আফছার শেখকে (৬০) বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনার ৯ দিন পর পলাতক ছেলে খায়রুল শেখকে (২৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন-৬ (এসআরবি)। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা খায়রুলকে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খায়রুল শেখ লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের নিহত আফছার শেখের ছোট ছেলে। তিনি এ হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকার জন্য দীর্ঘদিন ধরে বাবা আফছার শেখের সঙ্গে খায়রুলের বিরোধ চলে আসছিল। মাদকের টাকা না পেলে খায়রুল প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া ও দুর্ব্যবহার করতেন। এমনকি বাড়ির জিনিসপত্রও ভাঙচুর করতেন। এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে বাবার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো বটি দিয়ে আফছার শেখের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন খায়রুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পালিয়ে যান অভিযুক্ত ছেলে।
নড়াইলে পিতা হত্যা: ছেলে খায়রুল গ্রেপ্তার

এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে খায়রুল শেখসহ তিনজনের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধূকেও গ্রেপ্তার করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটলিয়ন-৬ (এসআরবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে গোপালগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অভিযান চালায় এসআরবি-৬-এর সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)। অভিযানে খায়রুল শেখকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর খায়রুল শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক ছেলে খায়রুল শেখকে গ্রেপ্তার করেছে এসআরবি। পরে সন্ধ্যায় তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে নিহতের স্ত্রী ও পুত্রবধূকে গ্রেপ্তার করা হয়।#
Source - www.bd24live.com ↗