ভারতের মর্যাদাপূর্ণ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সিনেমাটি এবার ১০টি দেশের নির্বাচিত ১৪টি চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর ভারতের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হবে উৎসবটি। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার চলচ্চিত্রকে গুরুত্ব দেওয়া এই প্রতিযোগিতা বিভাগ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজন হিসেবে পরিচিত। এবারের আসরে বাংলাদেশ থেকে একমাত্র সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘বনলতা সেন’।
উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের জন্য দেওয়া হবে ‘সুবর্ণ চকোরম’ পুরস্কার। বিজয়ী চলচ্চিত্রের প্রযোজক ও পরিচালক যৌথভাবে পাবেন ২০ লাখ ভারতীয় রুপি। এ ছাড়া সেরা পরিচালক পাবেন ‘রজত চকোরম’ ও চার লাখ রুপি। সেরা নবাগত পরিচালকের জন্য রয়েছে তিন লাখ রুপি। দর্শকদের ভোটে নির্বাচিত চলচ্চিত্রের পরিচালক পাবেন দুই লাখ রুপি ও ‘রজত চকোরম’ পুরস্কার।
কেরালা চলচ্চিত্র উৎসবের বাংলাদেশের ‘বনলতা সেন’

এবারের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-এর প্রতিদ্বন্দ্বী তালিকায় রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের আলোচিত নির্মাতাদের সিনেমা। এর মধ্যে রয়েছে ভারতের কিংবদন্তি পরিচালক আদুর গোপালকৃষ্ণনের ‘পদযাত্রা’, ব্রাজিলের অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’ এবং মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’। এ ছাড়া বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানি সিনেমা ‘স্লাম্বার’ও প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
কবি জীবনানন্দ দাশের কাব্যজগৎ ও জীবনবোধ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির প্রযোজক ও পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সহ-প্রযোজক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমন।
সিনেমাটিতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন খায়রুল বাসার। এ ছাড়া অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।
আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘বনলতা সেন’ ছাড়াও ভারতের চারটি চলচ্চিত্রসহ ব্রাজিল, ফিলিপাইন, মেক্সিকো, চীন, ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান ও উরুগুয়ের সিনেমা অংশ নিচ্ছে। উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ভারতের ‘মেম্বার্স অব দ্য প্রবলেমেটিক ফ্যামিলি’, ‘সেল্ভি’ ও ‘দ্য সোল হুইস্পারার’; মেক্সিকোর ‘দ্য সাইলেন্ট ভার্জিন’; চীনের ‘এম্বার্স’; ইরানের ‘পিপলস চাইল্ড’; উজবেকিস্তান ও কাজাখস্তানের যৌথ প্রযোজনার ‘উরোবোরোস’ এবং উরুগুয়ের ‘সুইট ভায়োলেন্স’।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে ‘বনলতা সেন’-এর অংশগ্রহণ দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
Source - www.bd24live.com ↗