হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এ ধরনের হামলার কোনো প্রমাণ পায়নি পুলিশ। পুলিশের দাবি, অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে হামলার অভিযোগ করেন মাহদী হাসান। তিনি দাবি করেন, পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এর পরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এ ঘটনাকে পেট্রোলবোমা হামলা বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
ফেসবুক লাইভে মাহদী তাঁর চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার দৃশ্য দেখান। একই সঙ্গে ঘটনাস্থলে পেট্রোলবোমার অংশ পড়ে থাকার দাবিও করেন।
সমন্বয়ক মাহদীর বাসায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, পুলিশ বলছে ‘নাটক’

লাইভে মাহদী হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। রাত প্রায় সাড়ে ১২টার দিকে হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ে এবং আগুন জ্বলে ওঠে। আমরা ধারণা করছি, পেট্রোলবোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’
তবে মাহদীর অভিযোগ অস্বীকার করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক। তিনি জানান, ফেসবুক লাইভ দেখে ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি।
ওসি বলেন, ‘এটি মাহদী হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোলবোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি।’
তিনি আরও জানান, মাহদী হাসানের বাড়ি থেকে প্রায় ২০ থেকে ৩০ গজ দূরে তাঁর চাচা আনোয়ারের বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। সেখানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে চাচার বাড়ির বিদ্যুতের মিটার পুড়ে যায় বলে জানান তিনি।
Source - www.bd24live.com ↗