Bangladesh · 2026-11-15 09:54:12

প্রেসার নরমাল তাহলে ঔষুধ কেন?

প্রেসার নরমাল তাহলে ঔষুধ কেন?
কিছুদিন আগের ঘটনা। রাতে ঘুমাতে যাওয়ার আগে ফোন এল এক পিতৃস্থানীয় আত্মীয়ের কাছ থেকে। বয়স আনুমানিক ৬৫ বছর বা তার কিছু বেশি। কুশলাদি বিনিময়ের পর তিনি জানতে চাইলেন, উচ্চ রক্তচাপের ওষুধ আর চালিয়ে যাবেন কি না। কথা বলতে গিয়ে বুঝতে পারলাম, প্রায় এক বছর ধরে তিনি নিয়মিত প্রেসারের ওষুধ খাচ্ছেন। কিন্তু গত দুই সপ্তাহ ধরে নিজেই তা বন্ধ রেখেছেন। কারণ, স্থানীয় ফার্মেসিতে রক্তচাপ মেপে স্বাভাবিক পেয়েছেন। তাঁর ধারণা, ওষুধ শুরু করার আগের মতোই এখন রক্তচাপ স্বাভাবিক হয়ে গেছে। তাই ওষুধ বন্ধ রাখার সিদ্ধান্তটি ঠিক হয়েছে কি না, তা নিশ্চিত হতেই আমাকে ফোন করেছেন।

আমি তাঁকে বোঝানোর চেষ্টা করলাম- রক্তচাপ স্বাভাবিক থাকার অর্থ এই নয় যে উচ্চ রক্তচাপের সমস্যা সেরে গেছে। বরং নিয়মিত ওষুধ খাওয়ার কারণেই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকতে পারে। কিন্তু আমার কথায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন কি না, তা নিয়ে সংশয় থেকেই গেল। এমন ঘটনা শুধু একজনের নয়। উচ্চ রক্তচাপের ওষুধ নিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষের মধ্যে এমন ভুল ধারণা রয়েছে। অনেকে কিছুদিন ওষুধ খাওয়ার পর রক্তচাপ স্বাভাবিক দেখলে নিজেরাই ওষুধ বন্ধ করে দেন। অথচ এই সিদ্ধান্তের পরিণতি হতে পারে ভয়াবহ।

উচ্চ রক্তচাপ কতটা উদ্বেগের?

বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮-এর তথ্য অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে উচ্চ রক্তচাপের হার ২৬ দশমিক ২ শতাংশ। অর্থাৎ প্রতি চারজনের একজনের বেশি এই সমস্যায় আক্রান্ত। পুরুষদের মধ্যে এ হার ২৩ দশমিক ৫ শতাংশ এবং নারীদের মধ্যে ২৮ দশমিক ৯ শতাংশ।

তবে উদ্বেগের বিষয় হলো, আক্রান্তদের মধ্যে মাত্র ১২ দশমিক ৭ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। জরিপে চিকিৎসা গ্রহণকারীদের মধ্যেও মাত্র ৪৩ দশমিক ৬ শতাংশের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকার তথ্য পাওয়া যায়। এ পরিসংখ্যান থেকে স্পষ্ট, শুধু চিকিৎসা শুরু করলেই দায়িত্ব শেষ হয় না। নিয়মিত ওষুধ সেবন, রক্তচাপ পর্যবেক্ষণ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাও সমান গুরুত্বপূর্ণ।

প্রেসার স্বাভাবিক মানেই কি রোগ সেরে গেছে?

সংক্ষিপ্ত উত্তর- না। উচ্চ রক্তচাপ সাধারণত দীর্ঘমেয়াদি একটি স্বাস্থ্যসমস্যা। অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ওষুধের প্রয়োজন হয়। তবে জীবনযাত্রায় পরিবর্তন বা শারীরিক অবস্থার উন্নতির কারণে কারও কারও ওষুধের মাত্রা কমানোর সুযোগ তৈরি হতে পারে। সেই সিদ্ধান্ত নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। বিষয়টি বোঝার জন্য চশমার উদাহরণ দেওয়া যেতে পারে। চশমা পরলে চোখে স্পষ্ট দেখা যায়। কিন্তু তাই বলে চোখের দৃষ্টিশক্তির সমস্যা সেরে গেছে, এমন নয়। একইভাবে ওষুধ খাওয়ার ফলে রক্তচাপ স্বাভাবিক থাকলেই উচ্চ রক্তচাপের সমস্যা পুরোপুরি চলে গেছে- এমনটি ভাবার সুযোগ নেই।

কেন নিজে থেকেই ওষুধ বন্ধ করেন অনেকে?

উচ্চ রক্তচাপকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেকের ক্ষেত্রে রক্তচাপ বেড়ে গেলেও কোনো লক্ষণ দেখা যায় না। এ কারণে রোগীরা কয়েকটি ভুল ধারণা থেকে ওষুধ বন্ধ করে দেন।

লক্ষণ না থাকা: মাথাব্যথা বা শারীরিক অস্বস্তি না থাকলে অনেকেই মনে করেন, তাঁদের আর কোনো সমস্যা নেই।

স্বাভাবিক রিডিং দেখে নিশ্চিন্ত হওয়া: কয়েকবার রক্তচাপ মেপে স্বাভাবিক ফল পেলেই কেউ কেউ ধরে নেন, রোগ আর নেই।

আজীবন ওষুধ খাওয়ার ভয়: ‘একবার ওষুধ শুরু করলে সারাজীবন খেতে হবে’-এমন ধারণা থেকেও অনেকে চিকিৎসা বন্ধ করতে চান।

পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ: দীর্ঘদিন ওষুধ খেলে কিডনি নষ্ট হবে কিংবা শরীর ওষুধের ওপর নির্ভরশীল হয়ে পড়বে-এমন ভুল ধারণা অনেকের মধ্যে রয়েছে।

খরচ ও অনিয়ম: দীর্ঘদিন ওষুধ কেনার খরচ এবং প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওষুধ খাওয়ার অভ্যাস ধরে রাখতে না পারাও চিকিৎসা বন্ধের কারণ হতে পারে।

ওষুধ বন্ধ করার পরও কিছুদিন প্রেসার স্বাভাবিক থাকে কেন?

ওষুধ বন্ধ করার পরপরই সবার রক্তচাপ বেড়ে যায় না। কিছু ক্ষেত্রে কয়েক দিন বা তারও বেশি সময় রক্তচাপ স্বাভাবিক কিংবা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। এর পেছনে ওষুধের কার্যকারিতা, ওষুধের ধরন, শরীরের প্রতিক্রিয়া এবং জীবনযাত্রার মতো বিষয় ভূমিকা রাখে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করা হয়। কোনো ওষুধের কার্যকারিতা তুলনামূলক বেশি সময় স্থায়ী হয়, আবার কোনো ওষুধের প্রভাব দ্রুত কমে আসে। তাই ওষুধ বন্ধ করার পর কতদিন রক্তচাপ স্বাভাবিক থাকবে, তা সবার ক্ষেত্রে এক নয়। এ ছাড়া লবণ কম খাওয়া, নিয়মিত হাঁটা, ওজন নিয়ন্ত্রণ এবং মানসিক চাপ কমানোর মতো অভ্যাস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে এসব কারণে ওষুধ বন্ধ করা নিরাপদ-এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, রক্তচাপের পরিবর্তন অনেক সময় রোগী নিজে বুঝতে পারেন না। কোনো উপসর্গ না থাকলেও শরীরের ভেতরে উচ্চ রক্তচাপের ক্ষতিকর প্রভাব চলতে পারে।

অনিয়মিত ওষুধ সেবনে কী হতে পারে?

দীর্ঘদিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে রয়েছে-

স্ট্রোক: মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়া, ছিঁড়ে যাওয়া বা রক্ত চলাচলে বাধা সৃষ্টি হওয়ার ঝুঁকি বাড়ে।

হার্ট অ্যাটাক ও হৃদ্‌যন্ত্রের সমস্যা: দীর্ঘদিন উচ্চ রক্তচাপ থাকলে হৃদ্‌যন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এতে হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিউরের ঝুঁকি বাড়তে পারে।

কিডনির ক্ষতি: উচ্চ রক্তচাপ কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। দীর্ঘমেয়াদে তৈরি হতে পারে ক্রনিক কিডনি ডিজিজ।

দৃষ্টিশক্তির সমস্যা: চোখের রেটিনার রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তির ওপর প্রভাব ফেলতে পারে।

ওষুধ অনিয়মিতভাবে খাওয়া কিংবা চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করে আবার শুরু করাও ঝুঁকিপূর্ণ। বিশেষ করে কিছু ওষুধ হঠাৎ বন্ধ করলে রক্তচাপ দ্রুত বেড়ে যেতে পারে। তাই ওষুধ পরিবর্তন বা বন্ধ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

রক্তচাপ নিয়ন্ত্রণে যা করবেন

চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ নয়: প্রেসার স্বাভাবিক থাকলেও নিজের সিদ্ধান্তে ওষুধ বন্ধ বা মাত্রা পরিবর্তন করবেন না। প্রয়োজন হলে চিকিৎসক ওষুধের ধরন বা মাত্রা পরিবর্তন করতে পারেন।

নিয়মিত ফলোআপ করুন: নির্দিষ্ট সময় পরপর চিকিৎসকের কাছে যান। রক্তচাপের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অন্যান্য স্বাস্থ্য পরীক্ষাও করান।

সঠিক নিয়মে প্রেসার মাপুন: রক্তচাপ মাপার আগে কয়েক মিনিট বিশ্রাম নিন। সঠিক মাপের কাফ ব্যবহার করুন এবং রিডিং লিখে রাখুন। একবারের স্বাভাবিক রিডিং দিয়ে রক্তচাপের সামগ্রিক অবস্থা নির্ধারণ করা যায় না।

জীবনযাত্রায় পরিবর্তন আনুন: খাবারে লবণ কমান, নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, ধূমপান এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। এসব অভ্যাস ওষুধের কার্যকারিতাকে সহায়তা করে, তবে চিকিৎসকের দেওয়া ওষুধের বিকল্প নয়।

পরিবারের সদস্যদের সচেতন করুন: পরিবারের বয়স্ক সদস্যরা নিয়মিত ওষুধ খাচ্ছেন কি না, তাঁদের রক্তচাপ পরীক্ষা হচ্ছে কি না- এসব বিষয়ে খোঁজ রাখা প্রয়োজন। প্রয়োজনে ওষুধ খাওয়ার সময় মনে করিয়ে দিন এবং চিকিৎসকের কাছে যেতে সহযোগিতা করুন।

শেষ কথা

প্রেসার স্বাভাবিক থাকা মানেই ওষুধ ছেড়ে দেওয়ার সময় হয়েছে- এমন নয়। বরং অনেক ক্ষেত্রে এটি প্রমাণ করে যে চিকিৎসা কার্যকর হচ্ছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধ সেবন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলার বিকল্প নেই।

মনে রাখতে হবে, উচ্চ রক্তচাপের জটিলতা শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না; এর প্রভাব পড়ে পুরো পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রের ওপরও। তাই সচেতনতা ও নিয়মিত চিকিৎসার মাধ্যমেই অনাকাঙ্ক্ষিত জটিলতা প্রতিরোধ করা সম্ভব।

তথ্যসূত্র: বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে (বিডিএইচএস) ২০১৭-১৮; জার্নাল অব ক্লিনিক্যাল হাইপারটেনশন, ২০২১।

লেখক: ডা. আরেফিন আদনান, সিনিয়র মেডিকেল অফিসার

কুদাফারি, নুন, এটোল হাসপাতাল, মালদ্বীপ

(খোলা কলাম বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। বিডি২৪লাইভ ডট কম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Source - www.bd24live.com ↗