Bangladesh · 2026-11-15 12:45:00

বেঁচে গেল ১৩০ প্রাণ, দুই জাহাজের সংঘর্ষকে কেন ‘মিরাকল অব মিসিসিপি’ বলা হচ্ছে

বেঁচে গেল ১৩০ প্রাণ, দুই জাহাজের সংঘর্ষকে কেন ‘মিরাকল অব মিসিসিপি’ বলা হচ্ছে
দুটি জাহাজ। একটি প্রমোদতরি। নাম ‘আমেরিকান হেরিটেজ’। অন্যটি পণ্যবাহী। নাম ‘আটলান্টিক অ্যাসফাল্ট’। যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীতে সংঘর্ষ হয় জাহাজ দুটির। এতে প্রমোদতরিতে থাকা প্রায় ১৩০ জন প্রাণে বেঁচে যান। ঘটনাটিকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলছেন মার্কিন কর্মকর্তারা।
ঘটনাটি ঘটেছে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে, গত শুক্রবার দুপুরে। তখন আমেরিকান হেরিটেজ মিসিসিপি নদীতে নোঙর করা ছিল। পাশ কাটিয়ে যাওয়ার কথা আটলান্টিক অ্যাসফাল্টের। কিন্তু পণ্যবাহী জাহাজটি দ্রুতগতিতে প্রমোদতরিতে আঘাত করে।
সংঘর্ষে যাত্রীবোঝাই প্রমোদতরিটি এক পাশে কাত হয়ে যায়। এতে সেখানে থাকা ৩২ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কারও আঘাতই গুরুতর নয়। কেউ নিখোঁজ হননি।
তদন্ত চলছে। সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে মার্কিন কোস্টগার্ডের ক্যাপ্টেন মেলানি বার্নহাম বলেন, পণ্যবাহী জাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থায় কোনো সমস্যা হয়েছিল বলে মনে হচ্ছে।
নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো সংবাদ সম্মেলনে বলেন, ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম চালানো গেছে। খবর পেয়েই উদ্ধারকর্মীরা সহায়তা কাজে নেমে পড়েন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা।
হেলেনা মোরেনো আরও বলেন, ‘এ ঘটনায় কেউ নিখোঁজ হননি। মিসিসিপিতে সত্যিই এটি অলৌকিক ঘটনা।’
সংবাদ সম্মেলনে নিউ অরলিন্স বন্দরের প্রধান মেলানি মন্টরোল জানান, শুক্রবার দুপুরের দিকে দুর্ঘটনার খবর জানিয়ে ফোন আসতে শুরু করে। প্রমোদতরিতে পানি ঢুকতে শুরু করলে তাৎক্ষণিকভাবে অনেকেই যাত্রীদের নিরাপদে বেরিয়ে আসতে সহায়তা করেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের সময় ‘আমেরিকান হেরিটেজ’ জাহাজে ১২৯ জন যাত্রী ও ক্রু ছিলেন।
সংঘর্ষের পরপরই প্রমোদতরিটি এক পাশে হেলে পড়ে। আরোহীরা দ্রুত সেটা থেকে নেমে আসেন। একপর্যায়ে জাহাজটি পুরোপুরি কাত হয়ে পড়ে বলে জানান মেয়র হেলেনা মোরেনো।
উদ্ধার কাজে অংশ নিতে টাগবোট চালক, পুলিশ ও অন্য উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ওই সময়ে কর্তৃপক্ষ মিসিসিপি নদীতে নৌচলাচল বন্ধ করে দেয়।
আট দিনের ভ্রমণ শেষে আমেরিকান হেরিটেজ সবে মিসিসিপি নদীতে এসে নোঙর করেছিল। যাত্রাপথে লুইজিয়ানা ও মিসিসিপির বিভিন্ন গন্তব্যে এটির যাত্রাবিরতি ছিল। গতকাল শনিবার হেলেনা মোরেনো জানান, আহত নয়জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
হেলেনা মোরেনো বলেন, প্রমোদতরির ক্যাপ্টেন নিজেও আহত হয়েছেন। সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন কি না, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্যাপ্টেন চিকিৎসা নিতেও অস্বীকৃতি জানান।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, উদ্ধার কার্যক্রম ছিল অবিশ্বাস্য একটি কাজ।
গভর্নর জেফ ল্যান্ড্রি উদ্ধার কার্যক্রমকে ‘মিরাকল অব মিসিসিপি’ বলে চিহ্নিত করেন। তিনি বলেন, প্রমোদতরিতে থাকা উল্লেখযোগ্যসংখ্যক মানুষকে নিরাপদে উদ্ধার করা গেছে।
জো ন্যাব নামের একজন প্রমোদতরিতে ছিলেন। তাঁর বাড়ি কানসাসে। গায়ে ধুলোমাখা অবস্থায় সংবাদমাধ্যমকে জো বলেন, সংঘর্ষের পরপরই জাহাজটি দ্রুত উল্টে যায়। উদ্ধার হওয়ার আগে তিনি প্রায় ২০ মিনিট পানিতে ভেসে ছিলেন।
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে জো বলেন, ‘প্রচণ্ড ঝাঁকি খেয়ে সেটি (প্রমোদতরি) দ্রুত উল্টে যাচ্ছিল। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি।’
প্রত্যক্ষদর্শী জেমি হলফোর্ড বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে বলেন, সংঘর্ষের জেরে প্রমোদতরিকে তিনি ডকে আঘাত করতে দেখেছেন। তিনি বলেন, আওয়াজটা অনেকটা যুদ্ধের সিনেমার মতোই। মনে হচ্ছিল, টাইটানিকের মতো কিছু ঘটেছে। যাত্রী ও ক্রুদের অনেকে নেমে আসার সময় কাঁদছিলেন।
আমেরিকান হেরিটেজের ধারণক্ষমতা ১৫০ জনের বেশি। এতে একটি কাচঘেরা রেস্তোরাঁ, ব্যায়ামাগার এবং তিনটি অতিথি লাউঞ্জ আছে। ২০১৫ সালে নির্মিত জাহাজটিতে চারটি ডেক আছে।

Source - www.prothomalo.com ↗