Bangladesh · 2026-11-15 14:51:28

সুইডেন, ফ্রান্স নাকি ফিনল্যান্ড, পড়তে যাওয়ার আগে কী জানা জরুরি

সুইডেন, ফ্রান্স নাকি ফিনল্যান্ড, পড়তে যাওয়ার আগে কী জানা জরুরি
ইউরোপে পড়তে যাব—একটি বাক্যেই অনেক শিক্ষার্থীর স্বপ্ন শুরু হয়। কিন্তু ইউরোপ একটি দেশ নয়; এটি ভিন্ন ভাষা, ভিন্ন খরচ, ভিন্ন শিক্ষাব্যবস্থা ও ভিন্ন ক্যারিয়ারপথের এক বিশাল মহাদেশ। তাহলে সুইডেন, ফ্রান্স নাকি ফিনল্যান্ড—কোনটি আপনার জন্য উপযুক্ত?
বাংলাদেশের অনেক শিক্ষার্থী এখন কানাডা, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার পাশাপাশি ইউরোপের দিকে তাকাচ্ছেন। কারণ, সেখানে রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা, নিরাপত্তা, গবেষণার সুযোগ এবং ইউরোপীয় কর্মবাজারে প্রবেশের সুযোগ। তবে সফল হওয়াটা ভিসা ফরম পূরণ করা থেকে নয়; নিজের লক্ষ্য ও সামর্থ্য বুঝে সঠিক দেশ নির্বাচন করার ওপর নির্ভর করে।
সুইডেন: প্রযুক্তি ও উদ্ভাবনের পথে
যাঁরা প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, ডিজাইন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট বা ব্যবসা নিয়ে পড়তে চান, তাঁদের পছন্দের তালিকায় সুইডেন থাকতে পারে। স্টকহোম, গোথেনবার্গ ও লুন্ডের মতো শহরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে পড়ানো অনেক প্রোগ্রাম রয়েছে।
দেশটির শিক্ষাব্যবস্থা গবেষণা, সমালোচনামূলক চিন্তা ও দলগত কাজের ওপর গুরুত্ব দেয়। তবে সুইডেনের জীবনযাত্রার ব্যয় কম নয়। বিশেষ করে বড় শহরে বাসাভাড়া ও দৈনন্দিন খরচ পরিকল্পনা ছাড়া বহন করা কঠিন হতে পারে।
সুইডেনে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে পড়ানো ডিগ্রি প্রোগ্রামে সাধারণত টিউশন ফি প্রযোজ্য। তাই আবেদনের আগে বিশ্ববিদ্যালয়ভিত্তিক ফি, স্কলারশিপ ও বাসস্থানের ব্যবস্থা ভালোভাবে যাচাই করা দরকার।
ফ্রান্স: ক্যারিয়ারের নতুন সম্ভাবনা
ফ্রান্স মানেই অনেকের কাছে প্যারিস, আইফেল টাওয়ার বা ফ্যাশনের দেশ। কিন্তু শিক্ষার্থীর দৃষ্টিতে ফ্রান্স হলো ব্যবসা প্রশাসন, হোটেল ম্যানেজমেন্ট, কালিনারি আর্টস, ফ্যাশন, ডিজাইন, ফিল্ম ও আন্তর্জাতিক সম্পর্কের একটি শক্তিশালী গন্তব্য।
ফ্রান্সের বড় সুবিধা হলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান—পাবলিক ইউনিভার্সিটি, অভিজাত ও বিশেষায়িত গ্রান্দজ একোল ও প্রাইভেট ইনস্টিটিউশন। প্রতিটির ফি, ভর্তির প্রক্রিয়া ও প্রোগ্রামের মান ভিন্ন। তাই শুধু দেশের নাম দেখে নয়; নির্দিষ্ট প্রতিষ্ঠান ও কোর্স যাচাই করা জরুরি।
তবে ফ্রান্সে যেতে চাইলে মাথায় রাখতে হবে ‘ফরাসি ভাষা’। ইংরেজিতে পড়ানো অনেক প্রোগ্রাম থাকলেও দৈনন্দিন জীবন, ইন্টার্নশিপ ও চাকরির ক্ষেত্রে ফরাসি ভাষার দক্ষতা থাকলে তা বড় সুবিধা দেয়। যাঁরা ভাষা শেখার আগ্রহ রাখেন, তাঁদের জন্য ফ্রান্স শুধু ডিগ্রি নয়; একটি সাংস্কৃতিক অভিজ্ঞতাও হতে পারে।
ফিনল্যান্ড: শান্ত পরিবেশে ভবিষ্যতের শিক্ষা
প্রযুক্তি, গেম ডিজাইন, সাসটেইনেবল এনার্জি, ইঞ্জিনিয়ারিং ও শিক্ষাব্যবস্থার জন্য বিশ্বজুড়ে পরিচিত ফিনল্যান্ড। হেলসিঙ্কি, এসপো, তামপেরে ও ওউলুর মতো শহরগুলো তুলনামূলক শান্ত, নিরাপদ ও সুশৃঙ্খল।
ফিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর শিক্ষার্থীদের ইংরেজিতে পড়ানো স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে সাধারণত টিউশন ফি দিতে হয়। বছরে এই ফির পরিমাণ ৯ থেকে ২০ হাজার ইউরো হতে পারে। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগও রয়েছে।
তবে ফিনল্যান্ডের শীত দীর্ঘ। যাঁরা প্রথমবার ইউরোপে যাচ্ছেন, তাঁদের শুধু পড়াশোনার নয়; আবহাওয়া, একাকিত্ব ও নতুন জীবনযাত্রার জন্যও মানসিক প্রস্তুতি নেওয়া দরকার।
কোন দেশ আপনার জন্য
আপনার লক্ষ্য যদি হয় প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা উদ্ভাবন নিয়ে পড়াশোনা করা, তবে সুইডেন বা ফিনল্যান্ড হতে পারে সেরা পছন্দ। অন্যদিকে ব্যবসা, হোটেল ম্যানেজমেন্ট, ফ্যাশন কিংবা আর্ট নিয়ে ক্যারিয়ার গড়ার পাশাপাশি নতুন কোনো ভাষা শেখা ও সমৃদ্ধ সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য এক ঠিকানা হতে পারে ফ্রান্স।
একটি শান্ত, নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপনের কথা চিন্তা করলে ফিনল্যান্ডকে এগিয়ে রাখা যায়। এ ছাড়া সম্পূর্ণ ইংরেজিতে পড়াশোনা ও আন্তর্জাতিক পরিবেশের খোঁজে থাকলে সুইডেন ও ফিনল্যান্ড দারুণ সুযোগ তৈরি করে দেয়।
খরচ ও ভাষা: সিদ্ধান্তের ক্ষেত্রে দুই বড় নির্ধারক
ইউরোপে পড়াশোনার সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু টিউশন ফি দেখলে হবে না। বাসাভাড়া, খাবার, পরিবহন, স্বাস্থ্যবিমা, বইপত্র ও ব্যক্তিগত খরচও যোগ করতে হবে। একই দেশের ভেতরেও শহরভেদে ব্যয়ের বড় পার্থক্য রয়েছে।
ভাষাও সমান গুরুত্বপূর্ণ। সুইডেন ও ফিনল্যান্ডে ইংরেজিতে অনেক প্রোগ্রাম থাকলেও স্থানীয় ভাষা শেখা কর্মসংস্থানে সুবিধা দেয়। ফ্রান্সে ফরাসি ভাষা প্রায় অপরিহার্য বললেই চলে। তাই ভাষা শেখার ইচ্ছা না থাকলে সেই দেশ বেছে না নেওয়াই উচিত হবে।
শুধু দেশ নয়, ভবিষ্যৎ ভাবুন
অনেক শিক্ষার্থী প্রথমে ভাবেন, কোন দেশে ভিসা সহজ? কিন্তু আসল প্রশ্ন হওয়া উচিত—কোন দেশে আমার পড়াশোনা, দক্ষতা ও ক্যারিয়ার লক্ষ্যের সঙ্গে মানানসই সুযোগ আছে?
সুইডেন, ফ্রান্স বা ফিনল্যান্ড—যে দেশই বেছে নিন, সাফল্য আসবে সঠিক বিষয় নির্বাচন, বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা, ভাষার দক্ষতা ও পড়াশোনার সময় প্রাসঙ্গিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে। ইউরোপে পড়াশোনা একটি সুযোগ, কিন্তু সেই সুযোগ কাজে লাগানোর দায়িত্ব শিক্ষার্থীরই।
লেখা: নাজমুল হাসান রাজু, প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএইচএস এডুকেশন লিমিটেড

Source - www.prothomalo.com ↗