Bangladesh · 2026-11-15 14:36:20

ক্ষমা চাইলেন শ্রাবণ, ক্ষোভ ঝাড়লেন জামাল, আক্ষেপে পুড়ছে বাংলাদেশ

ক্ষমা চাইলেন শ্রাবণ, ক্ষোভ ঝাড়লেন জামাল, আক্ষেপে পুড়ছে বাংলাদেশ
গত রাতে হয়তো অন্য রকম একটা সকাল দেখার স্বপ্ন ছিল বাংলাদেশের ফুটবলারদের। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আনন্দে রাতটা কাটবে, পরদিন টিম হোটেলে ফিরবেন হাসিমুখে। কিন্তু ফুটবল সব সময় স্বপ্নের গল্প লেখে না। কখনো কখনো একটা ভুলই বদলে দেয় পুরো গল্প।
২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেই স্বপ্ন শেষ হয়েছে সেমিফাইনালেই। ম্যাচের শেষ দিকে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলে গোল হজম করে বাংলাদেশ। আবদুল সামাদ আরশাদের সেই গোলেই প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার আনন্দে মাতে পাকিস্তান। আর স্বাগতিক বাংলাদেশের ভাগ্যে জোটে হতাশা ও আক্ষেপ।
ম্যাচের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে শ্রাবণ। গোল হজমের জন্য তাঁকেই দায়ী করছেন অনেকে। আজ ফেসবুকে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন এই গোলকিপার। শ্রাবণ লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম। ভাবিনি, আজ ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে। একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। এই ঘটনা আমার জন্য বেদনাদায়ক এক শিক্ষা হয়ে থাকবে। সতীর্থ, কোচ এবং দেশের প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
শ্রাবনের ফেসবুক পোস্ট
শ্রাবণের কণ্ঠে অনুশোচনা। আর জামাল ভূঁইয়ার কথায় ক্ষোভ, অভিমান ও হতাশা। পাকিস্তানের বিপক্ষে দলের কৌশল ও খেলোয়াড় পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ অধিনায়ক। বিশেষ করে তাঁকে মাঠে নামানোয় দেরি করায় অসন্তুষ্ট জামাল। টিম হোটেল ছাড়ার সময় সাংবাদিকদের কাছে নিজের হতাশার কথা জানিয়েছেন এই মিডফিল্ডার। বলেছেন, ‘অনেক খারাপ লাগছে। ঠিকমতো ঘুমাতে পারছি না। সারা রাত, ভোর ছয়টা পর্যন্ত হামজার রুমে ছিলাম। আসলে ভেবেছিলাম, আমাকে আরও আগে মাঠে নামানো হবে। কিন্তু আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। এটা নিয়ে ম্যাচের পর অনেক কথা বলেছি। আমার খুব রাগ হয়েছিল।’
আঙুল উঠছে শ্রাবণের দিকে, কিন্তু সাফ থেকে বিদায়ের আসল কারণ কীশুধু নিজের মাঠে নামা নিয়েই নয়, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন জামাল। তাঁর মতে, প্রতিপক্ষের কৌশল জানা থাকার পরও সেটির মোকাবিলায় কোনো সমাধান খুঁজে পায়নি বাংলাদেশ। জামালের ভাষায়, ‘আমরা আগের ম্যাচের মতো খেলতে পারিনি। এর একটা কারণ হতে পারে কৌশলগত ঘাটতি। পাকিস্তান কি আমাদের জন্য খুব নতুন কোনো কৌশল নিয়ে এসেছিল? তারা পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলবে, সেটা তো আমাদের জানা ছিল। সাধারণত পাঁচ ডিফেন্ডারের বিপক্ষে খেলার কিছু কৌশল বা সমাধান থাকে। কিন্তু এই ম্যাচে আমরা কোনো সমাধান খুঁজে পাইনি। বিষয়টি হতাশাজনক।’
জামাল ভূঁইয়া
দেরিতে মাঠে নামানো নিয়ে নিজের ক্ষোভের ব্যাখ্যাও দিয়েছেন জামাল। বলেছেন, ‘দলের সবাই তখন ক্লান্ত ছিল। আমার মনে হয়েছিল, আমাকে আরও আগে নামানো হবে। আমাদের তিনজনকে একসঙ্গে ৮৬ মিনিটে প্রস্তুত হতে বলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা দ্বিতীয় মিনিটে। ম্যাচ শেষে এ নিয়ে আমি অনেক কথা বলেছি। আমার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমার মনে হয়, এটা ঠিক সিদ্ধান্ত ছিল না। তবে এটাই জীবন। দিন শেষে আমরা হেরেছি, ফাইনালেও খেলতে পারিনি।’
পাকিস্তানের কাছে যেভাবে হেরে ভাঙল বাংলাদেশের স্বপ্নজামালের ক্ষোভের আরেকটি জায়গা দলের ব্যবস্থাপনা। শুধু খেলোয়াড়দের নয়, ম্যানেজমেন্টকেও ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম না দেওয়ার বিষয়টিও সামনে এনেছেন বাংলাদেশ অধিনায়ক। এ প্রসঙ্গে জামাল বলেছেন, ‘ম্যাচ শেষে ড্রেসিংরুমে কোচ সবার সঙ্গে কথা বলেছেন। বেশ কিছু বিষয় তুলে ধরেছেন। তবে শুধু খেলোয়াড়দেরই শিখলে হবে না, ম্যানেজমেন্টকেও শিখতে হবে। আগের ম্যাচে যখন আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম, তখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার কথা ভাবা উচিত ছিল। সবাই গুরুত্বপূর্ণ, তবে হামজার মতো খেলোয়াড়ের বিশ্রাম দরকার ছিল। কারণ, এর ৪৮ ঘণ্টা পরই আমাদের আরেকটি ম্যাচ ছিল। এখানে কিছু ভুল ছিল। তবে শেষ পর্যন্ত কে খেলবে, কে খেলবে না, সেটা কোচের সিদ্ধান্ত।’
পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের ফুটবলারদের মনেও যে হতাশা কতটা গভীর, তা বোঝা গেছে আজ টিম হোটেল ছাড়ার সময়। একে একে হোটেল ছেড়েছেন খেলোয়াড়েরা। কারও মুখেই ছিল না হাসি।
একটি ভুলের জন্য শ্রাবণের অনুশোচনা, দলের কৌশল নিয়ে জামালের প্রশ্ন—সব মিলিয়ে বাংলাদেশের সাফ অভিযান শেষ হয়েছে একরাশ হতাশা আর আক্ষেপ নিয়ে।

Source - www.prothomalo.com ↗