Bangladesh · 2026-11-15 14:32:48

মাদ্রাসার চাকরির পাশাপাশি আখ চাষ, লাখ টাকা বাড়তি আয় ছায়েদুলের

মাদ্রাসার চাকরির পাশাপাশি আখ চাষ, লাখ টাকা বাড়তি আয় ছায়েদুলের
স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে রয়েছেন মো. ছায়েদুল হক (৫০)। স্বল্প বেতনের চাকরি, তাই সংসার চালাতে হিমশিম খেতে হতো তাঁকে। বাড়তি আয়ের জন্য তিনি চাকরির পাশাপাশি অবসর সময়ে ধান, সবজির চাষ করেছেন অনেক দিন। তবে এতে খুব একটা সফলতা পাননি। দুই বছর ধরে করছেন আখ চাষ। এতে ভালো আয় হচ্ছে তাঁর, সংসারে এসেছে সচ্ছলতা।
ছায়েদুল হকের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামে। সবুজে মোড়ানো শান্ত গ্রামটির এক কিলোমিটার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। কিছুটা পূর্বে পাশ ঘেঁষে চলে গেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথও। এরপরই সুউচ্চ পাহাড়ের সারি।
দক্ষিণ সোনাপাহাড় গ্রামটিতেই ছায়েদুল হকের আখখেত। গত রোববার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেলের সোনালি রোদে ঝলমল করছে সারি সারি আখ। ২৪ শতক জমিতে আখ চাষ করেছেন ছায়েদুল। খেতেই দেখা হয় ছায়েদুল হকের সঙ্গে।
মো. ছায়েদুল হক, আখচাষি।অনেক শিক্ষককে দেখেছি, চাকরির পাশাপাশি অবসর সময় টিউশনি করেন। এতে তাঁদের বাড়তি আয় হয়। আমার যেহেতু সংসারে অভাব আছে, তাই আমিও প্রতিষ্ঠানে নির্দিষ্ট দায়িত্ব পালনের পর বাড়তি আয়ের জন্য আখ চাষ করেছি।ছায়েদুল হক জানান, ১৯৯৯ সালের জুন মাসে ১ হাজার ৩০০ টাকা বেতনে স্থানীয় জামেয়া রহমানিয়া দাখিল মাদ্রাসায় (এমপিওভুক্ত) চতুর্থ শ্রেণির কর্মচারী পদে যোগ দেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে প্রাতিষ্ঠানিক নিয়মে বেতন বেড়েছে তাঁর। তবে বেতন দিয়ে কোনোভাবে খাওয়া-পরা নিশ্চিত করা গেলেও সংসারে সচ্ছলতা ছিল না। একসময় স্ত্রী, দুই মেয়ে আর এক ছেলের সংসার নিয়ে বেশ টানাপোড়েনেও পড়তে হয় তাঁকে। তখন চাকরির পাশাপাশি বাড়ির পাশের কিছু জমি ইজারা নিয়ে কৃষিকাজ শুরু করেন ছায়েদুল।
শুরুর দিকে ধান আর সবজির চাষ করলেও তাতে তেমন সফলতা পাননি বলে জানান ছায়েদুল। তিনি জানান, সংসারের বাড়তি খরচ আর দুই মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে কিছু দেনা হয়েছিল তাঁর। তখনই ভাবনা আসে, ধান-সবজির বদলে আখ চাষ করার। চাষ শুরুর পর প্রথম বছরেই সফলতা পান তিনি।
এ বছর ২৪ শতক জমিতে সেচ, সার-কীটনাশকের খরচসহ আখের চাষে দুই লাখ টাকার মতো ব্যয় হয়েছে জানিয়ে ছায়েদুল বলেন, চাষাবাদের প্রয়োজনে কখনো কখনো দু-একজন শ্রমিক নিতে হয়েছে তাঁকে। বেশির ভাগ সময় তাঁর ছেলেই তাঁকে চাষাবাদে সহযোগিতা করেছেন। তাঁর খেতের আখ বাজারে প্রতিটি ১০০-২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এরই মধ্যে খেতের প্রায় অর্ধেকের বেশি আখ বিক্রি করেছেন। সব খরচ বাদ দিয়ে এ বছর আখখেত থেকেই আড়াই লাখ টাকার বেশি লাভ হবে বলে আশাবাদী তিনি।
ছায়েদুল হক প্রথম আলোকে বলেন, ‘অনেক শিক্ষককে দেখেছি, চাকরির পাশাপাশি অবসর সময় টিউশনি করেন। এতে তাঁদের বাড়তি আয় হয়। আমার যেহেতু সংসারে অভাব আছে, তাই আমিও প্রতিষ্ঠানে নির্দিষ্ট দায়িত্ব পালনের পর বাড়তি আয়ের জন্য আখ চাষ করেছি। চাষ কষ্টসাধ্য হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা আখ চাষ প্রায় ছেড়ে দিয়েছেন। উৎপাদন কম হওয়ায় বাজারে আখের চাহিদা বেশ ভালো। এই সুযোগ আমি কাজে লাগিয়েছি। সরকারি সহযোগিতা পেলে আগামী বছর চাষ আরও বাড়াব।’
জানতে চাইলে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকায় অবস্থিত জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ছায়েদুল হক দীর্ঘ সময় ধরে আমাদের মাদ্রাসায় চাকরি করছেন। চাকরির পর অবসর সময়ে তিনি বসে না থেকে খেতখামার করেন। এতে তাঁর বাড়তি আয় হয়। খেতখামার করলেও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে তাঁর কখনো অনিয়ম হয় না।’
মিরসরাই উপজেলা কৃষি কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ বছর উপজেলায় ১৩ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে দুর্গাপুর, হিঙ্গুলী, জোরারগঞ্জ ও খৈয়াছড়া ইউনিয়নে চাষ হয়েছে সবচেয়ে বেশি।মিরসরাই উপজেলা কৃষি কার্যালয়ের হিসাব অনুযায়ী, এ বছর উপজেলায় ১৩ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে দুর্গাপুর, হিঙ্গুলী, জোরারগঞ্জ ও খৈয়াছড়া ইউনিয়নে চাষ হয়েছে সবচেয়ে বেশি। জানতে চাইলে মিরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, ‘মূল পেশার পাশাপাশি বাড়তি পরিশ্রমের মাধ্যমে আখ চাষ করে সফল হয়েছেন ছায়েদুল হক। তাঁর এই সাফল্য অনুসরণীয়। ভবিষ্যতে আখ চাষে তাঁকে আমরা সব ধরনের সহযোগিতা করব।’
‘ধনীদের ফল’ পার্সিমনের দাম এবার কেমন

Source - www.prothomalo.com ↗