Bangladesh · 2026-11-15 15:44:24

লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর

লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর
লগি–বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন নিষিদ্ধ দলটির নেতা–কর্মীরা।
আজ রোববার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ সময় তাঁদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাঁদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
লাঠিসোঁটা, লগি–বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। পৌর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়। এরপর তাঁরা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।
অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়। এরপর তাঁরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা কমিটির কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা কার্যালয় খুলে তাঁরা উল্লাস করেন।
লুকিং গ্লাস ভাঙচুরের পর পুলিশের এপিসির গায়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয় প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মিছিল নিয়ে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন তাঁরা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তাঁরা। পরে তাঁরা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।
নিষিদ্ধ দলের মিছিল থেকে জুলাই স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দেওয়া হয়। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা–কর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাঁদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। এ ছাড়া জেলা পুলিশের তিনজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বললেও তাঁরা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
রামদা হাতে মহড়া। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে মিছিলেশনিবার রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর
এর আগে গতকাল শনিবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছিলেন বিএনপি নেতারা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার রাত আটটার দিকে প্রথমে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকার কয়েকটি দোকানে হামলার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা শনিবার রাতে প্রথম আলোকে বলেছিলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এসব তাণ্ডব চালিয়েছেন।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর

Source - www.prothomalo.com ↗