Bangladesh · 2026-11-15 17:11:41

ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, ‘হানি ট্র্যাপ’ নিয়ে তোলপাড় হয়েছিল পাকিস্তানেও

ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, ‘হানি ট্র্যাপ’ নিয়ে তোলপাড় হয়েছিল পাকিস্তানেও
একটি ভিডিও, কয়েকটি নামের আদ্যক্ষর আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা অনুমান। এতেই তোলপাড় শুরু হয়েছিল পাকিস্তানের বিনোদনজগতে। অভিযোগ উঠেছিল, দেশটির জনপ্রিয় কয়েকজন অভিনেত্রী ও মডেলকে ব্যবহার করা হয়েছে ‘হানি ট্র্যাপ’ হিসেবে। তাঁদের মাধ্যমে প্রভাবশালী রাজনীতিকদের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ করা হতো। অভিযোগের পেছনে ছিলেন পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা আদিল রাজা। তবে তিনি কারও পূর্ণ নাম প্রকাশ করেননি, দেখাতে পারেননি অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণও। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়ে যায় নাম খোঁজার প্রতিযোগিতা। এর জেরে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন অভিনেত্রী মাহিরা খান, মেহবিশ হায়াত, কুবরা খান ও সাজল আলী।
একটি ভিডিও থেকে বিতর্কের শুরু
২০২২ সালের শেষ দিন, ৩১ ডিসেম্বর। পাকিস্তানের সাবেক সেনা কর্মকর্তা আদিল রাজা তাঁর ইউটিউব চ্যানেল ‘সোলজার স্পিকস’-এ একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী ব্যক্তি কয়েকজন জনপ্রিয় মডেল ও অভিনেত্রীকে ব্যবহার করতেন। তাঁদের কাজ ছিল রাজনীতিক ও ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে তাঁদের আপত্তিকর পরিস্থিতিতে ফেলা এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করা।
এ ধরনের কৌশলকেই সাধারণভাবে বলা হয় ‘হানি ট্র্যাপ’। সাধারণত প্রেম, ঘনিষ্ঠতা কিংবা যৌন সম্পর্কের প্রলোভন দেখিয়ে কাউকে গোপন তথ্য, ছবি বা ভিডিও দিতে বাধ্য করা হয়। পরে সেসব ব্যবহার করে ব্ল্যাকমেল, অর্থ আদায় কিংবা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলে।
আদিল রাজা তাঁর বক্তব্যে পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং সাবেক আইএসআই প্রধান ফয়েজ হামিদের নামও উল্লেখ করেন। তবে তাঁর অভিযোগের পক্ষে প্রকাশ্যে কোনো যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি।
বিতর্কের সূত্রপাত হয় যখন আদিল রাজা চারজন নারী সম্পর্কে কয়েকটি আদ্যক্ষর উল্লেখ করেন—এমএইচ, এমকে, একে বা কেকে এবং এসএ। পূর্ণ নাম না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা অনুমান। নেটিজেনদের একাংশ এসব আদ্যক্ষরের সঙ্গে মেহবিশ হায়াত, মাহিরা খান, কুবরা খান ও সাজল আলীর নাম মেলাতে থাকেন।
এভাবেই অভিযোগের কেন্দ্রে চলে আসেন পাকিস্তানের জনপ্রিয় চার অভিনেত্রী। অথচ তাঁদের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ তখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
সজল আলী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে সজল আলীর প্রতিবাদ
শ্রীদেবীর সঙ্গে ‘মম’ সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকের কাছেও পরিচিতি পেয়েছিলেন সজল আলী। পাকিস্তানি টিভি সিরিয়াল ও চলচ্চিত্রে তাঁর জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিতর্ক ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সজল লেখেন, তাঁর দেশের নৈতিক অবক্ষয় ও পরিস্থিতি দেখে তিনি দুঃখিত। কারও চরিত্রহনন মানবতার সবচেয়ে নিকৃষ্ট কাজগুলোর একটি।
সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তাঁর বক্তব্যে স্পষ্ট ছিল, প্রমাণ ছাড়া একজন নারী শিল্পীর সম্মান নিয়ে এভাবে প্রশ্ন তোলাকে তিনি মেনে নিতে পারছেন না।
কুবরা খানের কড়া জবাব
এ বিতর্কে সবচেয়ে সরব ছিলেন অভিনেত্রী কুবরা খান। ‘সাং-এ-মাহ’সহ বিভিন্ন জনপ্রিয় টিভি সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী শুরুতে বিষয়টি উপেক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাম জড়িয়ে নানা মন্তব্য ছড়িয়ে পড়ায় আর নীরব থাকেননি।
ইনস্টাগ্রামে দেওয়া এক বক্তব্যে কুবরা বলেন, কোনো ভিত্তিহীন ভিডিও তাঁর অস্তিত্বকে মুছে দিতে পারবে না। কিন্তু তাই বলে যে কেউ প্রমাণ ছাড়াই তাঁর দিকে আঙুল তুলবে, আর তিনি চুপ থাকবেন—এমনটা ভাবার কারণ নেই।
আদিল রাজাকে তিন দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ হাজির করতে অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন কুবরা। অন্যথায় মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেন।
কুবরা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে মেহবিশ হায়াতের মানসিক যন্ত্রণা
পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মেহবিশ হায়াতও এই বিতর্কে জড়িয়ে পড়েন। ‘মিস মার্ভেল’ সিরিজে আয়েশা চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি।
প্রথম দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে মেহবিশ বলেন, একজন অভিনেত্রী হলেই তাঁর নাম নিয়ে ভিত্তিহীন ইঙ্গিত ছড়ানোর অধিকার কারও নেই। যাঁরা প্রমাণ ছাড়া এমন অভিযোগ ছড়াচ্ছেন, তাঁদের পাশাপাশি যাঁরা যাচাই না করে সেসব বিশ্বাস করছেন, তাঁদেরও সমালোচনা করেন তিনি।
পরে বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন মেহবিশ। ২০২৩ সালের জানুয়ারিতে আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, এই অপপ্রচারের কারণে তাঁকে ভয়াবহ মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বক্তব্যে মানুষ কীভাবে বিশ্বাস করে, তা নিয়েও হতাশা প্রকাশ করেন তিনি।
মেহবিশ হায়াত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে মাহিরা খানকে ঘিরেও গুঞ্জন
‘হামসফর’ নাটক ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’ সিনেমার মাধ্যমে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন মাহিরা খান। বলিউডেও শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
আদিল রাজার উল্লেখ করা আদ্যক্ষরের সঙ্গে মাহিরার নামও মিলিয়ে দেখেন অনেকে। ফলে তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনার কেন্দ্রে চলে আসেন। তবে এই বিতর্কে অন্যদের মতো প্রকাশ্যে বিস্তারিত প্রতিক্রিয়া দেননি মাহিরা।
আদালত পর্যন্ত গড়ায় বিতর্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যেই থেমে থাকেনি ঘটনা। কুবরা খান ও মেহবিশ হায়াত মানহানিকর প্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। পাকিস্তানের সিন্ধ হাইকোর্টে তাঁদের আবেদন জমা পড়ে।
২০২৩ সালের ৬ জানুয়ারি কুবরার আবেদনের শুনানির পর আদালত পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ও পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটিকে (পিটিএ) সংশ্লিষ্ট মানহানিকর ও আপত্তিকর অনলাইন কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জবাবও চান।
মারিরা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে পরে মেহবিশ হায়াতের আবেদনের পরিপ্রেক্ষিতেও আদালত অনলাইনে ছড়ানো মানহানিকর কনটেন্ট অপসারণের বিষয়ে নির্দেশ দেন। কর্তৃপক্ষ জানায়, কিছু কনটেন্ট সরানো হয়েছে, আবার কিছু লিংক বিদেশি প্ল্যাটফর্মে থাকায় সেগুলো অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
২০২৩ সালের মে মাসেও আদালত এফআইএর তদন্তের অগ্রগতি জানতে চান। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিও থেকে শুরু হওয়া বিতর্ক শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় গড়ায়।
প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটিঅভিযোগকারীর বক্তব্যেও আসে পরিবর্তন
বিতর্ক ছড়িয়ে পড়ার পর আদিল রাজা তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, যে আদ্যক্ষরগুলো উল্লেখ করেছেন, সেগুলোর সঙ্গে অনেক অভিনেত্রী ও মডেলের নাম মিলে যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁদের নাম ধরে আলোচনা চলছে, তাঁদের কাউকে তিনি সরাসরি অভিযুক্ত করেননি বলেও জানান।
এমনকি আদিল রাজার বক্তব্যের কারণে বিভিন্ন অভিনেত্রীর নাম জড়িয়ে যে অনুমান ও প্রচার চলেছে, সেটিরও নিন্দা করেন তিনি। কিন্তু তত দিনে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগ, ছবি ও মন্তব্যের কারণে অভিনেত্রীদের সম্মান ও ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠেছে।
২০২৫ সালের অক্টোবরে লন্ডনের হাইকোর্ট আদিল রাজার বিরুদ্ধে করা পৃথক একটি মানহানির মামলায় তাঁর বক্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে রায় দেন। মামলাটি করেছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার রশিদ নাসির। আদালত ক্ষতিপূরণ ও আইনি খরচ বাবদ ৩ লাখ ৫০ হাজার পাউন্ড দেওয়ার নির্দেশ দেন। তবে এই রায়টি অভিনেত্রীদের নিয়ে করা অভিযোগের সত্যতা নির্ধারণের রায় নয়; এটি ছিল অন্য একজনের করা মানহানির মামলা।
টাইমস অব ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Source - www.prothomalo.com ↗