Bangladesh · 2026-08-02 21:05:05

হুমায়ূনের গল্প-গানে মঞ্চে ‘চাঁদনি পসরে’

হুমায়ূনের গল্প-গানে মঞ্চে ‘চাঁদনি পসরে’
গল্পের সঙ্গে গান, আবৃত্তির সঙ্গে সুরের আবহ। চেনা সাহিত্যকে শোনার ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে মঞ্চে এল ‘চাঁদনি পসরে’। হুমায়ূন আহমেদের ছোটগল্প এবং তাঁর নাটক ও চলচ্চিত্রে ব্যবহৃত গান মিলিয়ে সাজানো এই শ্রুতি প্রযোজনায় উঠে এল মানুষের মনোজগৎ, প্রেম, বিরহ, নিঃসঙ্গতা ও মানবিক সম্পর্কের নানা অনুভূতি।
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রযোজনাটি মঞ্চস্থ হয়। সিটি ব্যাংক নিবেদিত এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক আবৃত্তি সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে যৌথভাবে আয়োজিত প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নির্মাতা জাহিদুর রহমান।
‘চাঁদনি পসরে’র বিশেষত্ব ছিল উপস্থাপনায়। প্রচলিত গল্পপাঠ কিংবা নাট্যরূপের বাইরে গিয়ে হুমায়ূন আহমেদের ছোটগল্পকে তুলে ধরা হয় আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায়। গল্পের সাহিত্যিক আবেদন ও তাঁর নাটক-চলচ্চিত্রে ব্যবহৃত গানের আবহ মিলিয়ে তৈরি করা হয় শ্রুতিনির্ভর এই আয়োজন। গল্প, আবৃত্তি ও সংগীতের মেলবন্ধনে তাঁর সৃষ্টিকে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরা হয় ভিন্ন এক শিল্পভাবনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হারুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদূল হক।
চাঁদনি পসরে’র বিশেষত্ব ছিল উপস্থাপনায়প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান বলেন, ‘একটি জাতির প্রকৃত সমৃদ্ধি শুধু অর্থনৈতিক উন্নয়ন কিংবা অবকাঠামোগত অগ্রগতিতে সীমাবদ্ধ নয়; শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত পরিচয় ফুটে ওঠে। হুমায়ূন আহমেদ তাঁর সাহিত্যকর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে যে স্থায়ী আসন তৈরি করেছেন, তা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। তাঁর সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে “চাঁদনি পসরে”র মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ তৈরি করেছেন স্বতন্ত্র এক পাঠকসমাজ। তাঁর গল্পের চরিত্র, সংলাপ ও জীবনঘনিষ্ঠ বর্ণনা কয়েক প্রজন্মের মানুষের আবেগ ও স্মৃতির অংশ। সহজ ভাষায় মানুষের মনের কথা, প্রকৃতি ও সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি তুলে ধরার ক্ষমতা তাঁকে জনপ্রিয়তার পাশাপাশি দিয়েছে সাহিত্যিক স্বাতন্ত্র্য। সেই চেনা সৃষ্টিজগৎকেই এবার আবৃত্তি ও গানের মধ্য দিয়ে নতুন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা ছিল ‘চাঁদনি পসরে’।
প্রচলিত গল্পপাঠ কিংবা নাট্যরূপের বাইরে গিয়ে হুমায়ূন আহমেদের ছোটগল্পকে তুলে ধরা হয় আবৃত্তি ও সংগীতের সম্মিলিত পরিবেশনায়আয়োজকদের দাবি, আবৃত্তি অঙ্গনে হুমায়ূন আহমেদের ছোটগল্প নিয়ে এ ধরনের শ্রুতি প্রযোজনা প্রথমবারের মতো উপস্থাপিত হয়েছে। তাঁদের প্রত্যাশা, এই উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য পাঠ, আবৃত্তিচর্চা ও সৃজনশীল সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াবে।
হুমায়ূন আহমেদের সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি গল্প ও গানকে সঙ্গে নিয়ে আবৃত্তিশিল্পের সম্ভাবনাও তুলে ধরেছে স্বরকল্পন আবৃত্তিচক্রের এই আয়োজন।
গল্পের সাহিত্যিক আবেদন ও তাঁর নাটক-চলচ্চিত্রে ব্যবহৃত গানের আবহ মিলিয়ে তৈরি করা হয় শ্রুতিনির্ভর এই আয়োজন

Source - www.prothomalo.com ↗