Bangladesh · 2026-11-15 16:35:57

খুন করে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে স্বীকার, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খুন করে আধা ঘণ্টা পর ঘটনাস্থলে এসে স্বীকার, অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রনি (৪১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে মিজমিজি তারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত আল আমীনকে (৪০) পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন লোকজন।
নিহত রনি ওই এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন। অভিযুক্ত আল আমীন একই এলাকার আবদুল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তারা মার্কেট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রনি। এ সময় আল আমীন তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রনির মৃত্যু হয়।
এর প্রায় আধা ঘণ্টা পর আল আমীন ঘটনাস্থলে ফিরে এসে উপস্থিত লোকজনের কাছে রনিকে হত্যার কথা স্বীকার করেন বলে জানান প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক প্রথম আলোকে বলেন, ছুরিকাঘাতে এক মাইক্রোবাসচালককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।
ওসি আরও জানান, নিহত রনির সঙ্গে আল আমীনের পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরেই তাঁকে হত্যা করা হয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আল আমীন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Source - www.prothomalo.com ↗