সারকথা
আল মাহমুদের ‘বখতিয়ারের ঘোড়া’ কবিতায় বখতিয়ার খলজিকে বাংলায় ইসলাম প্রচারের নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে। কবিতাটির শিল্পগুণ অনস্বীকার্য; তবে এর ইতিহাসভাষ্য কতটা নির্ভরযোগ্য, এই লেখায় তা খতিয়ে দেখা হয়েছে। বখতিয়ার সম্পর্কে তথ্যের প্রধান উৎস মিনহাজ-ই-সিরাজের তবকাত-ই-নাসিরী। গ্রন্থটি শাসকদের প্রশংসায় রচিত এবং ঘটনার কয়েক দশক পরের শোনা কথার ওপর নির্ভরশীল। সেই বিবরণ থেকেই বোঝা যায়, বখতিয়ারের লক্ষ্য ছিল সম্পদ সংগ্রহ ও রাজ্যবিস্তার, ধর্মপ্রচার নয়। তিনি বাংলার সামান্য অংশই অধিকার করেছিলেন, তিব্বত অভিযানে পরাজিত হয়েছিলেন এবং ওদন্তপুরীতে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছিলেন; তবে নালন্দা তিনি ধ্বংস করেননি। তাঁর বহু আগেই আরব বণিক ও দরবেশদের মাধ্যমে বাংলায় ইসলাম পৌঁছেছিল। আদমশুমারি ও বিভিন্ন গবেষণা দেখায়, শাসনকেন্দ্র থেকে দূরের কৃষিনির্ভর অঞ্চলেই ইসলাম বেশি বিস্তার লাভ করেছে। এর পেছনে কাজ করেছে পীর-দরবেশদের ধীর ও নিবিড় প্রভাব, গ্রামসমাজের উন্মুক্ত কাঠামো এবং বর্ণপ্রথার কঠোরতা। লেখকের মতে, বহিরাগত শাসকদের বীর হিসেবে মহিমান্বিত করা আমাদের ইতিহাসচর্চার দুর্বলতা। এখন প্রয়োজন বাংলার সাধারণ মানুষের ইতিহাস অনুসন্ধান করা।
‘বখতিয়ারের ঘোড়া’ এবং বাংলায় ইসলাম প্রসারের তরবারিতত্ত্ব

ভূমিকা
আল মাহমুদ আমার প্রিয় কবিদের একজন। তাঁর অনেক কবিতা বারবার পড়ি। নতুন করে মুগ্ধ হই। কেবল বহুল আলোচিত ‘সোনালী কাবিন’ নয়, তাঁর অনেক কবিতাই অমরত্ব পাবে বলে অনুমান করা যায়। তাঁর ‘বখতিয়ারের ঘোড়া’ও অনেক জনপ্রিয়। বহুল পঠিত। ‘বখতিয়ারের ঘোড়া’য় বঙ্গে ইসলামের ইতিহাসের কিছু চুম্বক ইঙ্গিত আছে। কাব্যিক ব্যবহারে তা অনন্য। কিন্তু ইতিহাস-চৈতন্যের দিক থেকে তা কোনো ভুল বার্তা দেয় কি না, সে প্রশ্ন তোলা যায়। ইতিহাসস্পর্শী কবিতা সে প্রশ্ন এড়াতে পারে না। কবিতার তাফসিরে সবাই একমত হন না। সেটা মেনেই ওই রকম প্রশ্ন তোলা হচ্ছে এখানে।
কবিতা বহুকাল ঐতিহাসিক অনুসন্ধানের অন্যতম উৎস। ‘হিস্ট্রিক্যাল পোয়েট্রি’ বলে কবিতার একটা সুপরিচিত ধারাই রয়েছে; যা ইতিহাস ও সমাজ গবেষণায় বহু আলোচিত উৎস। যে কারণে ওয়াল্ট হুইটম্যানের কবিতার ওপর দাঁড়িয়ে আমেরিকার গৃহযুদ্ধের ইতিহাস লিখিত হয়। যেভাবে উর্দুতে ফয়েজ আহমেদ ফয়েজের কবিতায় ১৯৪৭-এর দেশভাগ কিংবা বাংলা ভাষায় শামসুর রাহমানের কবিতায় ১৯৭১-এর বাংলাদেশ যুদ্ধকে পাই আমরা। অর্থাৎ কাব্য সুষমার বাইরেও কবিতা নিয়ে আলাপ উঠতে পারে। কবিতায় প্রকাশিত ঐতিহাসিক বিবরণে লুকিয়ে থাকা আকার-ইঙ্গিতে বাড়তি অনুসন্ধান হতে পারে; যা আবার কবিতা-সাহিত্যের শক্তির জায়গাই প্রকাশ করে। ‘বখতিয়ারের ঘোড়া’কে আমরা সেভাবেও পাঠ করতে পারি। ব্যক্তি ও কবি আল মাহমুদকে একদম মিলিয়ে না ফেলেও সে পাঠ চলতে পারে।১
এ কবিতায় 'ঘোড়া' শব্দ ব্যবহৃত হয়েছে ধরে নেওয়া যায় বখতিয়ার খলজির বীরত্ব, সাহস এবং স্থানীয় সমাজের সমর্থনের প্রতীক ও প্রমাণ হিসেবে। কবি স্পষ্টত বখতিয়ারকে মহিমান্বিত করেন। সেই মহিমার সঙ্গে পরোক্ষে যুক্ত করতে চান বঙ্গে ইসলাম ছড়িয়ে পড়ায় ওই যোদ্ধার ‘অবদান’-এর গৌরব। বখতিয়ারের ঘোড়ায় কবি পাঠককে ধর্মীয় আবেগে উদ্দীপ্ত করতেও আকুল, যে পাঠক স্থানীয় পর্যায়ে সংখ্যাগরিষ্ঠই হয়তো ধর্মে মুসলমান। এমনকি পাঠকের ধর্মীয় পরিচয় বাদ দিয়েও বলা যায় বখতিয়ারের ঘোড়া বাংলায় ইসলামের প্রসার সম্পর্কে ধারণা দিতে চায়। কিন্তু সেই ধারণার যথার্থতা মোটা দাগে খতিয়ে দেখা জরুরি হয়ে পড়ে। কারণ, এই কবিতার সরল পাঠ নবীন পাঠকের মধ্যে এই বোধ তৈরি করে যে ‘ঘোড়ার ক্ষুর' আর মধ্য এশিয়ার ‘যোদ্ধাদের তরবারি’র ডগায় ইসলামের বীজ রোপিত হয়েছে এখানে। বাংলার ইসলাম যেন শুধুই একটা যুদ্ধ-প্রসঙ্গ।
এ রকম বিবরণ কেবল আল মাহমুদের ৩৩ লাইনের ১৮৬ শব্দের এই কবিতায় রয়েছে, তা-ই নয়। বাংলাদেশে ‘ইসলামের ইতিহাস’ নামে যা কিছু প্রচলিত ও প্রচারিত, তাতে এটা এক প্রবল বয়ান আকারে আছে।২ এই ধর্মীয়-সমরবাদ গৌরবের সঙ্গেই প্রজন্ম থেকে প্রজন্ম লিখিত-পঠিত-প্রচারিত হচ্ছে। যেমন বাংলাদেশে কলেজ পর্যায়ে ইতিহাসের বহুল প্রচলিত গ্রন্থের মধ্যে রয়েছে আব্দুল করিমের ভারতীয় উপমহাদেশে মুসলমান শাসন। খুবই প্রভাবশালী গ্রন্থ এটা। হাজার হাজার তরুণ-তরুণী এ রকম বই পড়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে ইসলামের আবির্ভাব সম্পর্কে জানছে। পাশাপাশি উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি নিচ্ছে। অসংখ্য সংস্করণ প্রকাশিত হয়েছে এই গ্রন্থের। এই বইয়ে ‘বিচক্ষণ সমরনায়ক’ বখতিয়ারকে ‘বাংলা জয়’ এবং ‘ইসলামি সমাজব্যবস্থা কায়েম’-এর কর্তৃত্ব দেওয়া আছে। (আবদুল ২০০৭: ৩২-৩৪) এ রকম গ্রন্থের বাইরে সরাসরি শুধু বখতিয়ার খলজির ওপরও অনেক বই লেখা হচ্ছে। যেমন সরদার আব্দুর রহমান লিখেছেন (তাঁর উল্লেখ মতে), বখতিয়ার খলজির পূর্ণাঙ্গ জীবনীগ্রন্থ। সেখানে বখতিয়ারকে নিয়ে বলা হয়েছে, ‘পুরাতন ধর্মের নিগড় থেকে নির্যাতিত মানুষকে মুক্ত করার এবং একটা নতুন জীবনব্যবস্থায় উত্তীর্ণ করার জন্য তিনি প্রথম বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্যোগ নেন।...বাংলাদেশের প্রথম দীক্ষিত মুসলমান দেবকোটের কোচদলপতি... আলীমেচ তাঁরই আদর্শে মুগ্ধ হয়ে সদলবলে মুসলমান হয়।...বিজয়ী ধর্ম হিসেবে তাঁর (বখতিয়ারের) দ্বারাই এতদঞ্চলে প্রথম ইসলাম প্রচার শুরু।’’ (সরদার ২০১৯: ১৯৫-১৯৬)
ইতিহাস হিসেবে এই সব ভাষ্য কতটা সঠিক, তা বাড়তি বিবেচনা দাবি করে। এসব বিবরণের সত্যাসত্য এবং তার পক্ষে নির্ভরযোগ্য সাক্ষ্য-প্রমাণ আছে কি না এবং বঙ্গে প্রকৃতপক্ষে প্রাথমিক পর্যায়ে ইসলামের আহ্বান কীভাবে প্রচারিত হয়েছে, সেসব নিয়ে আমরা ধাপে ধাপে পর্যালোচনা করব। বাংলায় বিশ্বাস হিসেবে ইসলামের প্রসার কি শুধু বলপ্রয়োগের মাধ্যমে ঘটেছে, নাকি এর অর্থনৈতিক সামাজিক আধ্যাত্মিক অনেক কারণ ছিল, সেসবও খতিয়ে দেখা দরকার। ইসলাম আবির্ভাবের তরবারি ও ঘোড়াতত্ত্ব বলপ্রয়োগের মাধ্যমে এই ধর্ম প্রসারের যে ধারণা প্রচার করে, তার মাধ্যমে আসলে অপর কোনো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সত্য আড়াল হচ্ছে কি না, সেটাও আমাদের পর্যালোচনায় থাকবে।
বাংলায় ইসলামের আবির্ভাবের প্রাথমিক দিনগুলো নিয়ে ইতিমধ্যে কিছু মৌলিক গবেষণা হয়েছে। আরও হবে নিশ্চয়ই। তবে এ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ গবেষণার সারকথা হচ্ছে, এখানে ইসলামের প্রসার ও বিকাশে ভৌগোলিক পরিবেশ, মানুষের মনোজগৎ এবং প্রত্যক্ষ কিছু সমাজ-ঘটনা বিপুল ভূমিকা রেখেছে। তবে ‘বখতিয়ারের ঘোড়া’ আমাদের সামনে তার বিপরীত প্রতিচ্ছবি নিয়ে হাজির হয় এবং লোকপ্রিয়তা পায়। এটা কবিতাশিল্পের জন্য ভালো খবর। কিন্তু ইসলাম ও ইতিহাসের দিক থেকে একে যাচাই করে নেওয়া জরুরি।
কারণ, এ রকম বিবরণ ইসলাম সম্পর্কে ভীতিকর ধারণার দিকেও নিয়ে যায় পাঠককে। পাশাপাশি ইসলামের কাঁধে সওয়ার হয় ভারতবর্ষে মধ্য এশিয়ার যোদ্ধাদের নানান নির্মমতার কাণ্ডকীর্তি। সেসব নির্মমতার কলঙ্ক বাড়ানো-কমানোর একটা বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতাও আছে। তাতে করে বিভিন্ন তরফে আবার অস্পষ্ট ও অযৌক্তিক নতুন নতুন বিবরণ হাজির হয়ে চলেছে; যা তৎকালীন বঙ্গসমাজ সম্পর্কে পাঠককে ঐতিহাসিক সত্যের কাছাকাছি পৌঁছাতে ব্যর্থ করে দেয়। এ রকম এক পরিসরে দাঁড়িয়ে আমরা ‘বখতিয়ারের ঘোড়া’ পুনঃপাঠ করছি। তবে এ-ও বলা দরকার, আল মাহমুদের কবিতা ও তাঁর ইতিহাসচেতনা এই আলোচনায় একরূপ উপলক্ষমাত্র। এই আলোচনা কেবল বাংলার ইতিহাসে ইসলাম আবির্ভাবের তরবারিতত্ত্বকে পর্যালোচনা করতে ইচ্ছুক। তবে পাশাপাশি এসব প্রশ্নও তোলা হচ্ছে—বাংলার আর্থসামাজিক-রাজনৈতিক ইতিহাসে বাইরে থেকে আসা আক্রমণের মাধ্যমে রাজত্ব করা শাসকদের আমরা কীভাবে দেখব। বাংলার ইতিহাস বলতে আমরা আসলে কার বিবরণকে বুঝব। আগ্রাসী শাসকদের ইতিহাস, নাকি স্থানীয় প্রাকৃতজনের জীবন-জীবিকা-নির্মাণ-ধ্বংস-দুঃখ-সুখের বিবরণ? হয়তো দুটোই। কিন্তু কোনটা অগ্রাধিকার পাবে?
আবেগ, বর্ণ, ধর্ম ও জাতিগত পক্ষপাতের বাইরে এসে অতীত বাংলা নিয়ে যেসব নির্ভরযোগ্য গবেষণা রয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করে এই আলোচনা। তবে মূল বিতর্কে প্রবেশের আগে আলোচিত কবিতাটি আমরা আরেকবার পড়ে নিতে পারি :
বখতিয়ারের ঘোড়া
মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠে
মনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি;
আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ, জেহাদ বলে জেগে উঠি।
জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে।
যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক,
যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি,
মাতৃস্তনের পাশে দু’চোখ কচলে উঠে দাঁড়াবে এখুনি;
বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে।
আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে।
না, এখনও সে শিশু। মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায়।
বলে, বালিশে মাথা রাখো তো বেটা। শোনো
বখতিয়ারের ঘোড়া আসছে।
আসছে আমাদের সতেরো সোয়ারি
হাতে নাংগা তলোয়ার।
মায়ের ছড়াগানে কৌতূহলী কানপাতে বালিশে
নিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর।
সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়দৌড়। বলে, কে মা বখতিয়ার?
আমি বখতিয়ারের ঘোড়া দেখবো।
মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন,
আল্লার সেপাই তিনি, দুঃখীদের রাজা।
যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা,
আর মানুষ করে মানুষের পূজা,
সেখানেই আসেন তিনি। খিলজীদের শাদা ঘোড়ার সোয়ারি।
দ্যাখো দ্যাখো জালিম পালায় খিড়কি দিয়ে
দ্যাখো, দ্যাখো।
মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালক
তুলোর ভেতর অশ্বখুরের শব্দে স্বপ্ন তার
নিশেন ওড়ায়।
কোথায় সে বালক?
আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামা
মনে হয় রক্তেই ফয়সালা।
বারুদই বিচারক। আর
স্বপ্নের ভেতর জেহাদ, জেহাদ বলে জেগে ওঠা।
বখতিয়ার খলজির বাংলায় আসা
বখতিয়ার খলজি বাংলায় অভিযান চালান ১২০৪ সালে (হিজরি ৫৯৮-৯৯; কোনো কোনো ভাষ্যকারের মতে ১২০৫ সালে) এবং সেটা বাংলার ক্ষুদ্র একাংশে মাত্র। ৩ বিহার-নদীয়া-গৌড় ছিল তাঁর অভিযানের পথরেখা, যা ইতিহাসের বইগুলোতে ‘লক্ষ্মণাবতী’ নামেও পরিচিত। রাজা লক্ষ্মণের নামে গৌড়ের ওই নামকরণ। ইসলাম ধর্মের অনুসারী শাসকদের আমলে লক্ষ্মণাবতীকে ‘লাখনৌতি’ নামে উল্লেখ শুরু হয়।
গৌড় অভিযানের দুই বছর পরই আসাম-তিব্বত অভিযানে খলজি চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। তখন নিজ পক্ষীয় আরেক সেনাপতি কর্তৃক ছুরিকাহত হয়ে মারা যান তিনি। তাঁর জন্ম-মৃত্যু-সামরিক কর্মকাণ্ডের দিন-তারিখে সামান্য হেরফের আছে পুরোনো বিবরণে। সেই বিতর্ক এড়িয়ে আমরা মূল প্রসঙ্গের দিকে এগোব।
বখতিয়ার খলজির অধিকাংশ বিবরণের উৎস কাযী মিনহাজ-ই সিরাজ জোয্জানীর তবকাত-ই-নাসিরী। বাংলায় মুসলমান শাসনের অনেক তথ্যের জন্য এটি গুরুত্বপূর্ণ উৎস। বাংলায় মুসলমানদের অভিযান সম্পর্কে এটাকে প্রাচীন প্রামাণ্যগ্রন্থ হিসেবে দেখা হয়। কিন্তু এ-ও মনে রাখা দরকার, এটি বখতিয়ারের মৃত্যুর প্রায় ছয় দশক পর প্রকাশিত এবং চার দশক পরের শোনা কথার ওপর লিখিত। লেখকের জন্ম বখতিয়ারের বাংলা অভিযানের এক দশক আগে। আর তিনি হিন্দুস্তানে এসেছেন বখতিয়ারের মৃত্যুর অন্তত দুই দশক পর, তা-ও বাংলা থেকে বহু দূরের সিন্ধুতে। বখতিয়ারের অভিযান সম্পর্কে তাঁর কোনো সরাসরি অভিজ্ঞতা ছিল না। দিল্লিতে কাযী থাকা অবস্থায় ওই গ্রন্থ লিখিত এবং এর ভিত্তি হলো ১২৪২ সালের পর দুই বছর বাংলায় অবস্থান। ১২৬০ সালের অক্টোবরে মিনহাজ-ই-সিরাজ এটা লেখা শেষ করেন। মেজর রেভার্টি পরে সেটা অনুবাদ করেন, যা প্রকাশিত হয় ১৮৮১ সালে।
মিনহাজ-ই-সিরাজ নিজে দিল্লির মুসলমান শাসকদের ঘনিষ্ঠ ছিলেন। তাঁদের সঙ্গে অনেক সামরিক অভিযানেও অংশ নেন।৪ গ্রন্থটি লেখা হয়েছে দিল্লির ১২৪৬ সালের শাসক সুলতান নাসির উদ্দীন মাহমুদ শাহর জন্য পুরস্কার হিসেবে। ‘তবকত’ মানে কাহিনি। ‘তবকাত’ হলো তার বহুবচন। ‘তবকাত-ই-নাসিরী’ মানে ‘সুলতান নাসিরের কাহিনী’। বাংলার ইতিহাস সম্পর্কে এখানে তিনটি তবকতে (২০, ২১, ২২) উল্লেখ আছে।
এ গ্রন্থ স্বাভাবিকভাবেই শাসকদের বিষয়ে প্রশংসামূলক ছিল। কারণ, সরাসরি তাদের ছত্রচ্ছায়ায়, তাদের গুণগান হিসেবে এটা লিখিত। এ রকম একমাত্র উৎসকে ব্যবহার করে বখতিয়ার খলজির যেসব বীরত্বের বিবরণ প্রচারিত হয়, তা সংগত কারণেই প্রশ্নসাপেক্ষ। বীরত্বের পাশাপাশি মিনহাজও বখতিয়ারকে ‘অধিকৃত অঞ্চলসমূহে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও উপাসনালয় নির্মাণ’ করার কৃতিত্ব দিয়েছেন। আজ পর্যন্ত বখতিয়ারের আমলের সে রকম কোনো স্থাপত্য কোথাও না পাওয়ার পরও এসব বিবরণ সদম্ভে জারি আছে। এসব নিয়ে বাড়তি অনুসন্ধান বেশি হয়নি; বরং পরবর্তী ‘ইতিহাসবিদ’রা সিরাজের বিবরণকেই নানানভাবে পুনর্লিখন করে চলেছেন। আবার তবকাত-ই-নাসিরী থেকে বখতিয়ারের বিষয়ে যত তথ্য-উপাত্ত নেওয়া হয়, তার ‘প্রতিপক্ষ’ লক্ষ্মণ সেন সম্পর্কে তেমনটি করা হয় না। বাংলায় তখনকার জনসাধারণ সম্পর্কেও সেখানে বিস্তারিত কিছু পাওয়া যায় না।
তবকাত-ই-নাসিরী বা অনুরূপ কোনো উৎস আমাদের এমন কোনো তথ্য দেয় না, যা থেকে বখতিয়ারের জীবনের প্রথমাংশে এমন সাক্ষ্য মেলে যে ধর্মপ্রচার তাঁর কোনো লক্ষ্য ছিল। আধ্যাত্মিকতার দিকে এই যোদ্ধার আগ্রহ ছিল বলে বিস্তারিত প্রমাণ মেলে না; বরং প্রাথমিক সমর অভিযানগুলোতে সম্পদ-সংগ্রহ এবং সৈন্যদল বাড়াতেই তাঁকে আগ্রহী দেখা যায়। প্রাথমিকভাবে জায়গির পাওয়া (বর্তমানের উত্তর প্রদেশের মির্জাপুর জেলার) ভিউলী ও ভগবাত থেকে তিনি আশপাশের হিন্দু শাসকদের রাজ্যগুলোতে মাঝে মাঝে বছরাদিক কালজুড়ে যেসব অভিযান চালিয়েছেন, সেসব মূলত সম্পদ সংগ্রহের লক্ষ্যে। বিহারের (মগধ) ওদন্তপুরী বিহার আক্রমণের পর বখতিয়ার খলজি সেখানকার ধনসম্পদ নিয়ে চলে গিয়েছিলেন। ধর্মের প্রসার যার লক্ষ্য-উদ্দেশ্য হবে, তিনি কোথাও অভিযান শেষে ধনসম্পদ সংগ্রহ শেষে সেখান থেকে চলে যাবেন, এমনটি হওয়ার কথা নয়। তবকাত-ই-নাসিরীতে লেখা রয়েছে, ‘বিজয় লাভের পর (ওদন্তপুরী বিহার দখলের পর) লুণ্ঠিত দ্রব্য নিয়ে মোহাম্মদ বখতিয়ার প্রত্যাবর্তন করেন ও সুলতান কুতুব-উদ-দীনের কাছে উপস্থিত হন। তিনি সেখানে প্রভূত সম্মান ও পুরস্কার লাভ করেন।” (মিনহাজ ২০১৪: ২৪) ওদন্তপুরী থেকে সংগৃহীত সম্পদ যে তখনকার দিল্লির ‘সুলতান’ কুতুব-উদ-দীন আইবককে উপহার দেওয়া হয়, সে বিষয়ে গবেষক মোহাম্মদ মোহার আলীও উল্লেখ করেন, যদিও তিনি এটা মানেননি যে ওই অভিযানে বখতিয়ার কাউকে খুন করেন। (আলী ১৯৮৫: ৫১)
আল-বেরুনীর কিতাবুল হিন্দ সাক্ষ্য দেয়, ওই সময়ের ভারতীয় হিন্দু রাজ্যগুলোতে মন্দিরে প্রচুর ধন-সম্পদ গচ্ছিত থাকত; যা ওই সব রাজ্যে বহিরাক্রমণের বড় কারণ ছিল। বখতিয়ার খলজির সৈন্য দলও গড়ে উঠেছিল ভাগ্যান্বেষী যোদ্ধাদের দ্বারা। ধর্মপ্রচারক বা আধ্যাত্মিকতার তাড়নাদীপ্ত ব্যক্তিদের দ্বারা নয়। এরা কেউ শাহ সুলতান রুমি, আমানত শাহ, মিসকিন শাহ বা বায়েজিদ বোস্তামীর মতো ছিলেন না। এঁরা জিহাদে লিপ্ত হয়েছিলেন বলেও প্রমাণ নেই। আমাদের প্রিয় কবি আল মাহমুদ তাঁর কবিতায় জিহাদ ও বখতিয়ার খলজি প্রায় সমার্থক করেছেন এবং তুর্কি এই যোদ্ধাকে ‘আল্লার সেপাই’ বলেছেন। ফলে ইসলামের একরূপ কট্টর ও সমরবাদী যে ইমেজ দাঁড়ায়, তা বঙ্গে ইসলামের আবির্ভাবের সময়ের সঙ্গে মেলে কি না, তা একটু পর আমরা মিলিয়ে দেখব। আমরা এ-ও দেখব যে ‘জিহাদ’ অর্থ যদি ‘ধর্মযুদ্ধ’ হয়, তাহলে তখনকার বাংলার সমন্বয়ধর্মী সংস্কৃতির’ মাঝে সেটার প্রয়োজন বা অবকাশ ঘটেনি। শাসকদের সঙ্গে শাসকদের ক্ষমতা দখলের লড়াই এবং জিহাদ মোটেই সমার্থক নয়। ধর্মীয় কিংবা রাজনৈতিক—কোনো বিবেচনা থেকেই নয়; বিশেষ করে যেখানে উভয় শাসকই বহিরাগত।
‘বখতিয়ারের ঘোড়া’ কবিতাটির অনন্য কাব্যিক সৌন্দর্য রয়েছে। কিন্তু তাতে এমন এক ব্যক্তিকে বাংলায় ইসলাম প্রচারের গৌরবের ভাগ দেওয়া হচ্ছে বা প্রধান এক ইসলাম-পসন্দ ব্যক্তির তকমা দেওয়া হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামান্যই সামঞ্জস্যপূর্ণ। কোরআনে জিহাদ সম্পর্কে বলা হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাদেরই জন্য, যারা নির্যাতিত হওয়ার পর হিজরত করে, পরে জিহাদ করে ও ধৈর্য ধারণ করে’ (১৬ সূরা নাহল : ১১০)। অর্থাৎ জিহাদ বা অমানবিকতার বিরুদ্ধে সংগ্রাম হলো নির্যাতনের একরূপ প্রত্যুত্তর। কিন্তু বখতিয়ার খলজি কোথাও নির্যাতিত নন। বরং পেশাগত জীবনের শুরুতে তিনি দিল্লিসহ বিভিন্ন স্থানের মুসলমান শাসকদের দ্বারাই কয়েকবার প্রত্যাখ্যাত। তিনি মগধ বা নদীয়া কিংবা গৌড়ে কোনো পূর্ব নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করতে আসেননি। তাঁর সর্বশেষ তিব্বত অভিযানকেও জিহাদ হিসেবে বিবেচনা করা যায় না। এগুলো সাম্রাজ্য বিস্তার, সম্পদ সংগ্রহ এবং রাজত্ব কায়েম ছাড়া আর কিছু ছিল না।
বাস্তবে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বারা ইতিমধ্যে এ সত্য সমর্থিত হয়—বখতিয়ার খলজির বহু আগেই বঙ্গে ইসলামের প্রচার ঘটে গিয়েছিল। তবে এর প্রসার তখনো বাকি ছিল। তুর্কি যোদ্ধাদের যদি এখানে ধর্মপ্রচারের কর্তৃত্ব দিতে হয়, তাহলে বখতিয়ারের আগে প্রায় ৫০০ বছরজুড়ে উপমহাদেশে আগত ইসলাম প্রচারকারীদের সেটা কেন দেওয়া হবে না? এ প্রশ্ন ওঠা স্বাভাবিক। তারাই বরং ধর্ম প্রচারে প্রাথমিক প্রতিকূলতা অতিক্রমের কৃতিত্বের অধিকারী।
অন্যদিকে যদি রাজা-বাদশাহদের দ্বারা বা তাঁদের তরবারি শক্তিতে ধর্মান্তরকরণ গতি পেত, তাহলে উপমহাদেশে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি থাকত দিল্লিতে। কয়েক শতাব্দী ওখানে মুসলমান শাসকদের কেন্দ্র থাকা সত্ত্বেও তেমনটি ঘটেনি; বরং দিল্লির নগর পরিমণ্ডলে মুসলমান জনসংখ্যার বড় অংশ ছিল বাইরে থেকে আগতরা বা তাদের বংশধরেরা। বাংলাতেও মুসলমান শাসকদের অবস্থানের মূল জায়গাগুলোতে নয়, ইসলামের বেশি বিকাশ ঘটেছে প্রান্তিক অঞ্চলে।
১৮৭১ সালে ভারতে প্রথম জনশুমারি হয় বলে আমরা জানি। তবে তার আগেও কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শুমারি হয়েছে। ৫ সেই সূত্রে পাওয়া যায়, নদীয়ার ১৮০১ সালের জনসংখ্যার হিসাবে দেখা যাচ্ছে, সেখানে তখনও মুসলমানদের হিস্যা ৩৭ দশমিক ৫ ভাগ। দারিদ্র্যের কারণে মুসলমানদের জন্মহার বেশি হওয়া সত্ত্বেও ১৮০১ সালে নদীয়ায় মুসলমানরা ছিল অমুসলমানদের (৫৪ শতাংশ) চেয়ে প্রায় ১৭ শতাংশ কম। অথচ এই নদীয়া ‘জয় করে’ই বখতিয়ার বাংলায় ইসলাম প্রসারের খ্যাতি উপভোগ করে যাচ্ছেন। এবং তারপরও বহুকাল সেখানে মুসলমানদের ‘শাসন’ ছিল। পরিসংখ্যান এখানে ‘তরবারির শক্তি’ ও ব্যবহার সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেয় না; বরং ঐতিহাসিক সত্য হিসেবে আমরা যা পাই, দিল্লিতে মুসলমান শাসকদের প্রতিষ্ঠার বহু আগে বাংলায় আরবদের আগমন ঘটে গিয়েছিল। বখতিয়ারের আগমনের কয়েক শ বছর আগের মসজিদের প্রমাণ রয়েছে বাংলায়। ৮০০ খ্রিষ্টাব্দের আগের আরবি মুদ্রা পাওয়ার নজির আছে রাজশাহীর পাহাড়পুর ও কুমিল্লার ময়নামতিতে। (আকবর ২০১৮: ২৭) বখতিয়ারের আগমনের আগে বা সমকালে মুন্সিগঞ্জের বিক্রমপুরে এসেছেন বাবা শহীদ আদম, নেত্রকোনার মদনপুরে এসেছেন শাহ সুলতান রুমি, বগুড়ার মহাস্থানে এসেছেন সুলতান মাহিসওয়ার (‘মাছের পিঠে আরোহণকারী’ বলে কথিত), সিরাজগঞ্জে এসেছেন ইয়েমেনের মখদুহ শাহ দৌলা প্রমুখ। এ রকম তালিকা আসলে আরও অনেক দীর্ঘ। মুন্সিগঞ্জের রামপালের মতো একটা প্রত্যন্ত অঞ্চলে সেন আমলে বাবা আদমের উপস্থিতির কাহিনি নিশ্চিতভাবে আমাদের বঙ্গে ইসলাম প্রচার সম্পর্কে সুস্পষ্ট বার্তা দেয়।
এটা হতে পারে, বখতিয়ার অভিযানের পর বাংলার কিছু অংশে ইসলামের অবকাঠামোগত বিকাশ গতি পেয়েছিল। পুরোনো সমাজের গর্ভে নতুনের জন্মের যে তাড়না ছিল, পুরোনো শাসকের অপসারণে তা-ই স্বচ্ছন্দ হয়েছে। এটা নতুন চলমানতার সঞ্চার করতে বাধ্য। পাশাপাশি এ-ও সত্য, বাংলায় বাইরে থেকে অভিযানে আসা মুসলমান ধর্মাবলম্বী প্রথম সেনানায়ক বখতিয়ার। কিন্তু যে ধর্মাবলম্বীই হোন, তিনি কিন্তু যোদ্ধা এবং পররাজ্য আক্রমণকারীই। লস্কর-ই-তুরকান (তুর্কিদের সেনাবাহিনী) আর লস্কর-ই-ইসলাম (ইসলামের সেনাবাহিনী) এক বিষয় হতে পারে না। (রহমান ১৯৯৫: ৪২৫-৪৩৪) উপরন্তু রক্ত ও ভাষাগত দিক থেকে স্থানীয় জনপদের সঙ্গে কোনো রূপ সম্পর্ক ছিল না এই যোদ্ধাদের। বখতিয়ারের মুসলমানিত্বকে ইসলামের প্রচার-প্রসারের সঙ্গে একাকার করে ভাবা কিংবা একজন মুসলমানের ‘শাসন’কে ‘ইসলাম কায়েম’ হিসেবে দেখার আগে বাংলাভাষীদের কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি :
ক] বখতিয়ারের আগমনের বহু আগেই ইয়েমেন, মক্কা, বাগদাদ ইত্যাদি স্থান থেকে দরবেশ ও আউলিয়ারা এখানে এসেছেন;
খ] বখতিয়ার নিজে বাংলার সামান্য অংশেই অভিযান পরিচালনা করেন; সুতরাং পুরো বাংলায় ইসলামের প্রচার-প্রসারে তাঁর ভূমিকা রাখার সুযোগ খুবই সীমিত; এটা কেবল ভৌগোলিক কারণেই নয়, সময়গত কারণেও। বাংলা অভিযানের দুই বছর পরই তিনি মারা যান। ফলে এত অল্প সময়ে ব্যাপক কোনো ধর্মীয় জাগরণের অবকাশ প্রশ্নসাপেক্ষ। পরের আলোচনায় বিভিন্ন গবেষকের বিবরণ থেকে আমরা দেখব, বাংলায় কখনোই মুসলমানদের সংখ্যা হঠাৎ একসঙ্গে বাড়েনি; বরং বহু বছর ধরে দরবেশদের ধীরলয়ের ভূমিকায় এখানে ধর্মীয় বিশ্বাসের রূপান্তর ঘটেছে।
গ] প্রাথমিক জীবনের বিবরণ থেকে বখতিয়ারের মাঝে ধর্মপ্রচারকের কোনো বৈশিষ্ট্য বা লক্ষ্য পাওয়া যায় না; তিনি যদি সেই কাজই করতেন, তাহলে বাংলায় আসার আগে তাঁর জায়গির পাওয়া বিউলি ও ভাগবাতে তার স্পষ্ট নজির থাকত।
ঘ] বখতিয়ারের বীরত্ব সম্পর্কে ব্যাপক অতিকথন দেখা যায়; অথচ তাঁর যোদ্ধা জীবনের বড় অভিযানে (১২০৫ সালের পর কামরূপ-আসাম-তিব্বত অভিমুখীন) তাঁর বাহিনী শোচনীয়ভাবে পরাজিতই হয়েছিল। এমনকি বিহার অভিযান শেষেও মিথিলা (উত্তর বিহার) তাঁর দখলে আসেনি। (ইটন ২০০৮: ১৪৯) কামরূপে এমন এক রাজার কাছে তিনি পরাজিত হন, যার যুদ্ধবিদ্যায় বিশেষ কোনো খ্যাতি ছিল না। এই যুদ্ধে কামরূপে বন্দি হয়ে থাকা বখতিয়ারের যোদ্ধাদের বংশধরেরাই আসামের ইতিহাসে ‘গোরিয়া মুসলমান’ হিসেবে কথিত। মিনহাজ-ই-সিরাজের বিবরণ থেকেই জানা যায়, তিব্বত অভিযানে যেসব সৈন্য নিহত হয়েছিল, তাদের বিধবা স্ত্রী ও এতিম শিশুরা বখতিয়ারকে পেলেই অভিসম্পাত বর্ষণ করত। মিনহাজ-ই-সিরাজের সেই বিবরণ এ রকম :
বখতিয়ার দেওকোটে পৌঁছে অত্যধিক মানসিক যন্ত্রণায় রোগাক্রান্ত হয়ে পড়েন। যেসব খলজি মৃত্যুমুখে পতিত হয়েছিলেন, তাঁদের স্ত্রী ও সন্তানদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার লজ্জায় তিনি অশ্বারোহণ করতেন না। যখনই তিনি অশ্বারোহণ করে বের হতেন, গৃহচূড়া ও রাস্তা থেকে সমুদয় লোক অভিযোগ করতেন এবং অভিশাপ দিতেন। গালিগালাজ করতেন। (সহায় ২০১৯)
এই হলো বাস্তবে বীর বখতিয়ারের অবস্থা। মিনহাজের বিবরণ থেকে এ-ও লক্ষণীয় যে এসব অভিযান ছিল ‘খলজি’ উপজাতিদের একটা ব্যাপার। তিব্বত অভিযানের এই পরিণতির আগে নদীয়া দখলেও কোনো যুদ্ধ হয়নি লক্ষ্মণ সেনের পালিয়ে যাওয়ার বিবরণ সঠিক হলে। লক্ষ্মণাবতী বা গৌড়েও বখতিয়ার যুদ্ধ করার মতো কোনো প্রতিপক্ষ পেয়েছেন বলে জানা যায় না। অথচ বাংলার ইতিহাসগ্রন্থসমূহ তাঁর বীরত্বে ভারাক্রান্ত।
ঙ] বাংলার যে অংশ বখতিয়ারের দখলকৃত ছিল, সেখানে তাঁর পরের শাসক শিরান খলজিও দ্রুতই উৎখাত হয়েছিলেন। মাত্র আট মাস তিনি রাজত্ব করেন। ১২০৮ সালে তিনিও পলাতক অবস্থায় মারা যান। এই দুই খলজি যদি স্থানীয় সমাজে জনপ্রিয় হতেন, তাহলে শিরানের এত দ্রুত অপসারণ নিশ্চয়ই সম্ভব হতো না।
চ] খলজিরা বাংলার নদীয়া বা গৌড়কেন্দ্রিক যে অংশ দখল করেছিলেন তার বাইরে, বিশেষ করে পূর্ব বাংলায় সেন বংশের শাসন আরও দীর্ঘকাল অব্যাহত ছিল। আমাদের ইতিহাস বইগুলোতে যদিও লেখা হয়, কিন্তু লক্ষ্মণ সেন বঙ্গে সেন বংশের ‘শেষ রাজা’ নন মোটেই। তাঁর দুই পুত্র (বিশ্বরূপ সেন ও কেশব সেন) বহু বছর বাংলার বড় এক অংশ শাসন করেছেন। বিভিন্ন তাম্রশাসনে ইতিমধ্যে প্রমাণিত, লক্ষ্মণ সেনের এই দুই পুত্র ১২২৩ সাল পর্যন্ত বিক্রমপুরে শাসক ছিলেন। অর্থাৎ বখতিয়ারের আক্রমণে ‘বাংলায় মুসলমান শাসন কায়েমে’র দাবি ঐতিহাসিকভাবে প্রশ্নবিদ্ধ। বখতিয়ারের নদীয়া ও গৌড় (বর্তমানের মালদহ) বিজয়কে ‘বাংলা বিজয়’ হিসেবে ইতিহাস বইগুলো যেভাবে উল্লেখ করে, তা খুবই বিভ্রান্তিকর। (মিনহাজ ২০১৪: ৩০) এমনকি এরপরের সুলতানি শাসন শুরু হতেও অনেক দশক লেগেছে। আবার সুলতানি শাসনের মাঝেও বাংলায় কংশনারায়ণ নামে অমুসলমান স্বাধীন রাজা ক্ষমতায় এসেছেন (১৪১৭ সালে)। ইতিহাসকে নির্মোহভাবে পাঠ করতে হলে এসব তথ্য অবজ্ঞা করা যাবে না।
ছ] বাংলায় ইসলামের বিকাশকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ছাড়াই খলজিদের মতো যোদ্ধা দলের কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে পর্যবেক্ষণের আরেকটা বিপদের দিক হলো, এতে ধরে নেওয়া হয়, এই ধর্ম তার আধ্যাত্মিক ও সামাজিক সামর্থ্যের ওপর দাঁড়িয়ে তলোয়ার বা রাষ্ট্রীয় মদদ ছাড়া প্রচারিত ও বিকশিত হতে সক্ষম নয়। এটা এক অর্থে ইসলামকে ‘রিলিজিয়ন অব সোর্ড’ বলে যেভাবে খণ্ডিত প্রচার রয়েছে, তাকে মেনে নেওয়া। বাংলায় ইসলামের ইতিহাস নিয়ে খ্যাতনামা গবেষকদের ভাষ্যগুলোর সঙ্গে এ রকম পর্যবেক্ষণ একদম মেলে না। এমনকি জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআনসম্মতও নয় (২ : ২৫৬)।
জ] মিনহাজ-ই-সিরাজ যদিও বলেছেন, নদীয়া ও গৌড়ে অভিযান শেষে ‘বখতিয়ার খলজি অনেক মসজিদ, খানকা ইত্যাদি নির্মাণ করেছেন’ কিন্তু তার ন্যূনতম কোনো অবশেষ চিহ্নের কথা প্রত্নতাত্ত্বিক জরিপে পাওয়া যায় না। গৌড় ও পাণ্ডুয়ায় ১২৩১ সালের আগের কোনো স্থাপনার ধ্বংসাবশেষ বা শিলালিপির কথা এখনো জানা যায় না, যা থেকে এ স্থানকে সেকালের কোনো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র বলে মনে হতে পারে। গৌড়ে পাওয়া সবচেয়ে প্রাচীন শিলালিপিটি ১২৩১ সালের, যা একটা কূপ খননের ফলক। ৬ তা ছাড়া যদি মিনহাজ-ই-সিরাজের এই বিবরণকে সত্য মানতে হয়, তাহলে এ-ও মানতে হয়, ‘অনেক মসজিদ’ স্থাপনের মতো বড় সংখ্যায় মুসলমান জনগোষ্ঠী বখতিয়ারের আগে থেকে নদীয়া ও সন্নিহিত অঞ্চলে আগে থেকেই ছিল।
ঐতিহাসিক চরিত্র হিসেবে বখতিয়ার খলজি সম্পর্কে প্রচার ও অপপ্রচার
বখতিয়ার খলজি সম্পর্কে উপরিউক্ত বিবরণ পাঠের সময় এটা মনে রাখা জরুরি, বঙ্গের ইসলাম প্রসারের মতো তিনিও নানানভাবে ভুল প্রচারণার শিকার। বিশেষ করে মগধের অনেক ধ্বংসলীলার সঙ্গে তাঁকে যুক্ত করা হয় পর্যাপ্ত তথ্যপ্রমাণ ছাড়াই। ফলে ইতিহাসের ওই সময়টা পাঠ করতে গিয়ে আমরা আসলে দুটি সমস্যায় পড়ছি—একদিকে ইসলাম বিস্তৃতির আলোচনা চলে যায় তরবারিবাদের বিবরণের দিকে; আবার বখতিয়ারকে অযথা কালিমালিপ্ত করতে গিয়ে সত্য-মিথ্যার মিশেলে অনেক ধ্বংসলীলার কাহিনি হাজির করা হয় তাঁর নামে। এই দুই বিপরীতমুখী প্রবণতা সামলিয়ে বিহার ও বাংলার ইতিহাসে বখতিয়ারের ভূমিকার একটা নির্মোহ ভাষ্য দাঁড় করানো জরুরি। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের জন্য এই অঞ্চলে ইসলাম প্রচারের প্রশ্নে তৎকালীন সমাজের একটা সম্ভাব্য সঠিক ছবি খুঁজে পাওয়া। কাজটি সহজ নয়। কারণ, ইতিমধ্যে আমরা এমন এক জ্ঞানতাত্ত্বিক পরিসরে আছি, যেখানে একদিকে তরবারিতত্ত্ব কেবল কবিতায় নয়; গদ্যেও বিপুলভাবে স্তূপ হয়ে আছে, আবার বখতিয়ার-ঘৃণারও আধিক্য সীমাহীন। (আবিদ ২০০৭: ১৩৯) যাঁরা বখতিয়ারকে বিশিষ্ট জিহাদি হিসেবে দেখাতে চেয়েছেন, তাঁদের বিবরণে যেমন সত্য, অর্ধসত্য এবং অসত্যের ব্যাপক মিশ্রণ ঘটেছে, তেমনি আরেক দল তাঁকে শুধু নিষ্ঠুর দস্যু হিসেবে দেখাতে গিয়েও তখনকার সামগ্রিক পরিস্থিতির বিশ্লেষণ অবহেলা করেছেন।
দক্ষিণ এশিয়ার ইতিহাসচর্চায় বখতিয়ারকে আফগানিস্তান থেকে আগত দেখানো হলেও খলজি ট্রাইব মূলত তুর্কি অঞ্চলের। তবকাত-ই-নাসিরীর ইংরেজি অনুবাদক রেভার্টির স্পষ্ট বিবরণ রয়েছে এ বিষয়ে। তখনকার তুরস্ক থেকেই এদের একাংশ আফগানিস্তানে আসে। তারপর বিভিন্ন আক্রমণকারী সৈন্য দলের হয়ে ভারতে এদের আগমন। আফগানিস্তানে এরা মূলত যাযাবর পশুচারণা পেশাজীবী হিসেবে পরিচিত। ১০০০ খ্রিষ্টাব্দের দিকে এরা আফগানিস্তানে আসে। আফগানিস্তানে এরা গিলজি বা গিলজাই নামেও উচ্চারিত ছিল। ওই ‘গিলজাই’ ভারতবর্ষে এসে ‘খলজি’ রূপে উচ্চারিত।৭ প্রাথমিকভাবে অন্য শাসকদের সৈনিক হিসেবে এবং সমর কৌশলে দক্ষ হওয়ায় পরে নিজেরাই ‘শাসক’ হয়ে ওঠার আকাঙ্ক্ষার বাইরে তাদের চরিত্রে ‘জিহাদি’ গৌরব আরোপ ইতিহাসসম্মত নয়।
বখতিয়ারের মতোই তথ্য-বিকৃতি দেখা যায় বাংলায়, তিনি যাকে ‘পরাজিত’ করেন বলে প্রচারিত হয়, সেই লক্ষ্মণ সেন সম্পর্কেও। বলা হয়, লক্ষ্মণ সেন ‘হিন্দু রাজা’ ছিলেন। কার্যত তিনি বৈষ্ণব ধর্মের অনুসারী ছিলেন। তথ্য হিসেবে এটা হয়তো সামান্যই গুরুত্বপূর্ণ। তবে তবকাত-ই-নাসিরী কিন্তু এ-ও জানাচ্ছে, লক্ষ্মণ সেন রাজা হিসেবে ‘দানশীল’ ও ‘ঔদার্য’-এর প্রতীক ছিলেন। আল মাহমুদ লক্ষ্মণকে ‘জালিম’ হিসেবে উল্লেখ করলেও মিনহাজ-ই-সিরাজ তাঁকে ‘মহান ব্যক্তি’ হিসেবে বর্ণনা করেছেন। তবে এর বিস্তারিত ব্যাখ্যা দেননি। লক্ষ্মণ সেন সম্পর্কে তিনি এ রকম লিখেছেন :
কোনো কোনো বিশ্বস্ত লোকের বর্ণনায় এমন পাওয়া যায়, যেন ছোট বা বড় কোনো অত্যাচার তিনি কোনো দিন করেননি। একালের হাতেম দয়াশীল সুলতান কুতুব-উদ-দীনের (তাবসারাহ) মতো তিনি দাতা ছিলেন এবং কেউ তাঁর কাছে প্রার্থনা করলে তিনি তাঁকে এক লক্ষ মুদ্রা দান করতেন। এ বর্ণনা আছে যে, ওই দেশে চিতল বা জিতল-এর পরিবর্তে কড়ির প্রচলন ছিল। কমপক্ষে এক লক্ষ কড়ি তিনি দান করতেন। (সাঈদ)
বখতিয়ারের জন্য আমরা যদি মিনহাজ-ই-সিরাজকে সত্য মানি, তাহলে লক্ষ্মণ সেন সম্পর্কে না মানা স্ববিরোধিতা। তবে এ প্রশ্নও ওঠে, এত ভালো রাজা হলে লক্ষ্মণ সেন নদীয়ায় হেরে গেলেন কেন? এর কয়েকটি কারণ ছিল। প্রথমত, বখতিয়ারের নদীয়া আগমনকালে লক্ষ্মণ সেন ছিলেন অতিবৃদ্ধ। তাঁর পক্ষে এ সময় বিশাল সাম্রাজ্যের ঐক্য ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছিল। বাংলার বিভিন্ন প্রান্তে বখতিয়ার আসার আগেই অন্তত তিনজন স্থানীয় শাসক লক্ষ্মণ সেনের কর্তৃত্ব মানতে অস্বীকৃতি জানিয়েছিলেন। অর্থাৎ লক্ষ্মণ সেনের সাম্রাজ্য বখতিয়ার আসার কালে পর্যুদস্ত হওয়ার অপেক্ষাতেই ছিল। (মিনহাজ ২০১৪: ২৫)
দ্বিতীয়ত, নদীয়া (নওদীহ বা নবদ্বীপ) সেনদের ক্ষমতার ভরকেন্দ্রও ছিল না। যদিও মিনহাজ-ই-সিরাজ একে ‘রাজধানী’ বলেছেন, কিন্তু ‘সমগ্র নবদ্বীপে এমন কোনো প্রত্নকীর্তির চিহ্ন নেই, যাতে করে ধারণা করা যেতে পারে যে লক্ষ্মণ সেনের মতো প্রবল প্রতাপশালী নৃপতির শাসনকেন্দ্র বা কয়েক বছরের অবস্থান সেখানে ছিল।’৮ গঙ্গাতীরে অবস্থিত নবদ্বীপ বা নদীয়া ছিল তখন হিন্দুদের একটা ‘পুণ্যস্থান’। (সরদার ২০১৯: ৯৩) গঙ্গার মূলস্রোত তখন ভাগীরথী দিয়ে প্রবাহিত হতো। ‘বৃদ্ধ রাজা সেখানে ধর্মকর্মে নিয়োজিত ছিলেন।’ ৯ শাসক হিসেবে সেনদের ক্ষমতার বড় ভরকেন্দ্র ছিল বিক্রমপুর বা সোনারগাঁ। সেটা বখতিয়ার খলজির নদীয়া অভিযানের পরও যে অব্যাহত ছিল, সেটা আগেই বলা হয়েছে। বঙ্গ ছাড়াও লক্ষ্মণ সেনের রাজ্য মিথিলা (উত্তর বিহার), রাঢ়, বরেন্দ্রসহ আরও বহু স্থানে বিস্তৃত ছিল।(সরদার ২০১৯: ৯১)
বখতিয়ার ও লক্ষ্মণ সেন সম্পর্কে উপরোক্ত চিত্র আমাদের এটাই জানায়, ঘোড়া ও তরবারিতত্ত্ব একদিকে যেমন এই উভয় ঐতিহাসিক চরিত্র সম্পর্কে আবেগনির্ভর অনেক বাড়তি তথ্য ছড়িয়েছে, তেমনি অনেক বাস্তব তথ্য আড়াল করেছে।
এ রকম আবেগনির্ভর একপেশে ইতিহাসচর্চার সূত্রেই এটাও ছড়ানো হয়, বখতিয়ার খলজি বিহার অভিযানকালে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। বাস্তবে নালন্দা ধ্বংস হয় ১১৯৩ সালে, আর বখতিয়ারের বিহার অভিযান ছিল আরও দুই বছর পর। ১০ বখতিয়ার খলজি ভারতবর্ষেই ঢোকেন ১১৯৫ সালে। তবে নালন্দা ধ্বংসে যুক্ত না থাকলেও তিনি বিহার বা মগধের ওদন্তপুরীর একটা শিক্ষালয় (বিহার) ১১৯৯ সালে ধ্বংস করেছিলেন। নালন্দা ধ্বংসে বখতিয়ার যেমন নির্দোষ তেমনি ওদন্তপুরীর ঘটনায় বখতিয়ারের ভূমিকা নিয়ে নিশ্চুপ থাকারও সুযোগ নেই। এটা মোটেই কোন ‘ভুল-বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করেন।
ওদন্তপুরী স্থানটি নালন্দা থেকে দূরে অবস্থিত ভিন্ন জায়গা। ওখানকার অভিযানগুলো থেকে পাওয়া ধন-সম্পদ দিতেই বখতিয়ার খলজি ১২০৩ সালে কুতব-উদ-দীন আইবেকের কাছে গিয়েছিলেন। এ বিষয়ে ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। এভাবে ধন-সম্পদ সংগ্রহ ও তা ঊর্ধ্বতন শাসকদের নজরানা হিসেবে দেওয়ার সঙ্গে ধর্মপ্রচার বা জিহাদের যে সামান্যই সম্পর্ক, সেটা বলাই বাহুল্য। ১১ বখতিয়ারের মতোই কুতব-উদ-দীন আইবেকও ছিলেন তুর্কি। উপমহাদেশে তুর্কিদের এরূপ সমরবাদিতাকে ‘ইসলামের জয়-পরাজয়-বিজয়’ হিসেবে দেখার যে রেওয়াজ আমরা ইতিহাসসূত্রে পাই, সেটা প্রকৃতপক্ষে উপমহাদেশের ইসলামের ইতিহাসের বড় এক ভ্রান্তিপূর্ণ অধ্যায়। তুরস্ক বা আফগানিস্তানের যোদ্ধাদের বাংলার অভিযান ও দখলকে আমরা যদি ‘ইসলামের প্রতিষ্ঠা’ বা ‘মুসলমানদের শাসনের শুরু’ হিসেবে দেখি, তাহলে এর ৫৫৫ বছর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা বাংলায় সিরাজ-উদ-দৌলার পরাজয় ও বিতাড়নকে দেখতে হয় ‘বাংলায় খ্রিষ্টানদের শাসন’-এর প্রতিষ্ঠা হিসেবে! সাড়ে পাঁচ দশকের ব্যবধানে ‘ক্ষমতা দখল-বেদখলের’ এই উভয় অধ্যায় অনেক সমরূপতা নির্দেশ করে কিন্তু তাকে ধর্ম দিয়ে ব্যাখ্যা করা দুরূহ।১২
বাংলায় ইসলামের প্রচার-প্রসার : কিছু সাধারণ বিবেচনা
নির্মোহভাবে ও সম্প্রদায়গত পক্ষপাতের বাইরে দাঁড়িয়ে বাংলায় ইসলামের প্রসার সম্পর্কে অনুসন্ধানের চেষ্টা খুবই অল্প। কারণ হিসেবে তথ্য, উপাত্ত এবং সাক্ষ্য-প্রমাণের অপ্রতুলতার কথা বলা হয়। সেটা অসত্য নয়। ফলে ধর্ম প্রসারের ইতিহাসের জায়গা দখল করে রেখেছে রাজা-বাদশাহদের শাসনের কাহিনি। এখানে ইসলামের বিস্তৃতিতে বিশেষ ধরনের এক সামাজিক-অর্থনৈতিক পরিবেশের সহিষ্ণুতা, ভ্রাতৃত্ববোধ ও গণতান্ত্রিক সংস্কৃতির জন্য আকুলতা যে বড় ভূমিকা রেখেছে, সেটা বাংলার ভেতরকার স্বল্প কয়েকজন অনুসন্ধানকারী কেবল গুরুত্ব দিয়ে দেখেছেন এ পর্যন্ত। ভারতবর্ষের অন্যান্য স্থানের মনীষীরা এবং বিদেশের অনেক গবেষক বরং অধিক হারে সে রকম পরিশ্রমসাধ্য কাজগুলো করেছেন এবং করছেন। এ রকমই এক লেখায় মানবেন্দ্রনাথ রায়ের মন্তব্য ছিল, ইসলামের একেশ্বরবাদের মাঝে একটি শক্তিশালী সমাজ গঠনের সুদূরপ্রসারী সম্ভাবনা দেখেছিল স্থানীয় সমাজ। (বলখম্যান ১৮৭৩: ২১১) ভবিষ্যৎ সমৃদ্ধির স্বার্থে তাঁদের দরকার ছিল আধ্যাত্মিক ঐক্য। ইসলাম এখানে পুরোনো সমাজের সেই অসমাপ্ত কাজের সমাধা করেছে। নতুন ‘বিশ্বাস’কে স্থানীয়রা দেখেছিল নতুন সমাজবিপ্লবের বীজ হিসেবে। এর পরিবর্তে ইসলামকে কেবল যুদ্ধবিগ্রহের ফল হিসেবে দেখলে বাংলার সমাজ-ঐতিহ্যের প্রতি প্রবল অবিচার করা হয়। ইসলাম আবির্ভাবের রাজনৈতিক তাৎপর্য তাতে বাদ পড়ে। ঘোড়া ও তরবারিবাদ ইসলামের স্থানীয় ধরনের তাৎপর্যের সামান্যই বুঝতে সক্ষম।
এ লেখায় এর আগে বাংলায় ইসলাম প্রচারের কয়েকজন আরব বুজুর্গের নাম উল্লেখ করেছি আমরা। উপমহাদেশে ইসলামের প্রচারের প্রাথমিক উদ্যোগগুলো যে একপর্যায়ে এ রকম আরবদের থেকে যুদ্ধ ও লুণ্ঠনপ্রিয় কোনো কোনো তুর্কি ও আফগান আগ্রাসীর হাতে মলিন হয়েছে, সেটা অস্বীকারের সুযোগ নেই। এটাও সত্য, আরবদের তরফ থেকেও ইসলামের ইতিহাসে যুদ্ধের প্রবল ইতিহাস আছে। আশপাশের অঞ্চলে আরবদের সেই যুদ্ধগুলো ছিল আসলে জরাগ্রস্ত নানান রাষ্ট্রকাঠামো ধ্বংস করে বহুকালের গোত্রযুদ্ধের অবসান ঘটিয়ে সেখানে বাণিজ্য বিকাশের উপযোগী নতুন শক্তিশালী রাষ্ট্র গড়ার প্রকল্প। সেই ইসলামের মাঝে আছে আব্বাসীয় খলিফাদের হাতে বাগদাদে থেকে, ফাতেমীয়দের সময় উত্তর আফ্রিকাজুড়ে এবং উমাইয়াদের মাধ্যমে স্পেনে জ্ঞান-বিজ্ঞান চর্চার বিস্ময়কর সব আয়োজনের কথা।
অন্যদিকে উপমহাদেশে তুর্কি-আফগানদের অভিযানগুলো ছিল স্পষ্টত সাম্রাজ্য দখল ও নিজস্ব ক্ষমতা কায়েম। এটা নেহাতই ভিন্ন চরিত্রের অভিযান। যদিও এতে ধর্মীয় আবরণ দিয়েছেন কিছু লেখক-গবেষক। বাংলায় ইসলামের বিস্তৃতির প্রধান কারণ সেটা নয়। প্রধান পদ্ধতিও সেটা ছিল না। ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্মান্তরকরণের ধারণা অবশ্যই গৌরবেরও নয়। লুটপাট ও ধর্ম প্রচার ইসলামের প্রাথমিক নির্দেশনার সঙ্গেও সাংঘর্ষিক। ‘ফৌজে এলাহি’দের (খোদার সৈনিক) জন্য খলিফা আবু বকরের নসিহত ছিল, ‘ফলের গাছও নষ্ট করা যাবে না, খাদ্যশস্য এমনকি পশুও নয়।’ আশ্রমবাসীদের প্রতিও কদাচিৎ কঠোর হবে।” (মানবেন্দ্রনাথ ২০১৫: ৩১)
অথচ বখতিয়ার খলজি কী করলেন? তবকাত-ই-নাসিরী থেকে বিহারের ওদন্তপুরী অভিযানের ঘটনার বিবরণ তুলে ধরা হলো সংক্ষেপে (মিনহাজ-ই-সিরাজের মূল বিবরণের ইংরেজি তর্জমাও নিচে রেফারেন্স হিসেবে থাকল পাঠকের বিবেচনার জন্য)।১৩
বিহারের শহর ছিল দুর্গ দ্বারা সুরক্ষিত। সেখানে গুছিয়ে আক্রমণের আগে লুটপাটের অংশ হিসেবে বখতিয়ার বিভিন্ন স্থানে হানা দিতেন। বিশ্বাসী সহযোগীরা তাঁর সঙ্গে থাকত। এ রকম এক সময়েই দুর্গসদৃশ একটা স্থানে দুই শ ঘোড়া সওয়ারিসহ হঠাৎ আক্রমণের ঘটনা ঘটে। সে সময় ফারগানার বেশ শিক্ষিত দুই ভাইও এই অভিযানে ছিল। এদের একজন নিজাম উদ দীন, আরেকজন শামশাম উদ দীন। এদের একজনের সঙ্গে ৬৪১ হিজরিতে কথা বলেই এই বিবরণ লিখছি। দুর্গসদৃশ জায়গাটিতে আক্রমণকালে বখতিয়ার একটা গুপ্ত দরজা দিয়ে সেখানে ঢুকে গেলেন। প্রচুর সম্পদ পাওয়া গেল। এখানে অধিবাসীদের বড় অংশ ছিল ব্রাহ্মণ। তাদের মস্ত ক মুণ্ডিত ছিল। সবাইকে হত্যা করা হয়। প্রচুর কিতাব দেখা গেল। এসব বইয়ের অর্থ উদ্ধারের জন্য কিছু হিন্দুকে ডাকা হলো। সেই হিন্দুদেরও মেরে ফেলা হলো। বইগুলোর বিবরণ থেকে বোঝা গেল, এই দুর্গ ও শহরটি আসলে একটা বিদ্যাপীঠ।
অনেক ভারতীয় গবেষক এই ঘটনাকে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের সঙ্গে মিলিয়ে ফেলেন। ওদন্তপুরী নালন্দার কাছাকাছি বিহার শরিফ নামে একটা জায়গা। মূল

Source - www.protichinta.com ↗