Bangladesh · 2026-11-15 18:39:03

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী–সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা–কর্মীদের তৎপরতায় নাহিদকে হেনস্তার চেষ্টায় সফল হননি তাঁরা।
এক সপ্তাহের সফরে এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণ–অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম। কেমব্রিজ ইউনিভার্সিটি বাংলা সোসাইটি আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে গিয়েছিলেন তিনি।
অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠতে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের সামনে পড়েন নাহিদ ইসলাম। সে সময় ঘটনাস্থলে ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল। বাংলাদেশ সময় গতকাল মধ্যরাতে নাহিদকে হেনস্তার চেষ্টার ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওতে দেখা যায়, এনসিপির সমর্থক যুক্তরাজ্যপ্রবাসী কয়েক ব্যক্তি নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন। আর গাড়ির সামনের দিকে আওয়ামী লীগের সমর্থক কয়েক ব্যক্তির সঙ্গে এনসিপির সমর্থকদের আরেকটি অংশের বাদানুবাদ চলছে। এ অবস্থার মধ্যেই নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।
ভিডিওটির ক্যাপশনে এম এ হিমেল লিখেছেন, ‘দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিঁড়তে পারেনি!’
এম এ হিমেলের পোস্ট করা আরেকটি ভিডিওতে এনসিপি–সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।’
ঘটনার বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক আজ প্রথম আলোকে বলেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ বরাবরই এনসিপির নেতাদের হেনস্তার চেষ্টা করে। গতকাল রাতেও তারা এটি করার চেষ্টা করেছে; কিন্তু সফল হতে পারেনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলাম সফলভাবে তাঁর অনুষ্ঠান সম্পন্ন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন। তবে আওয়ামী লীগের লোকজন বাইরে চিল্লাচিল্লি করেছে।
‘সুবিধা করতে পারেনি’
নাহিদ ইসলামকে যুক্তরাজ্যে হেনস্তার চেষ্টার ঘটনা এনসিপির নেতা–কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তাঁরা বলছেন, নাহিদকে হেনস্তার চেষ্টা এবং এর আগে যুক্তরাজ্যে হাসনাত আবদুল্লাহকে হেনস্তার চেষ্টার ঘটনাগুলোর সংগঠক একজন ব্যক্তিই। তিনি চিহ্নিত।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রথম আলোকে বলেন, ‘কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের অনুষ্ঠানস্থলের বাইরে আওয়ামী লীগের সমর্থকেরা জড়ো হয়ে নানা স্লোগান দিয়েছে। কিন্তু এনসিপির অনেক লোকজন সেখানে থাকায় তারা সুবিধা করতে পারেনি। আসলে জুলাইপন্থী সবাইকেই তারা হেনস্তার চেষ্টা করে। নাহিদ ইসলাম অভ্যুত্থানের প্রধান মুখ হওয়ায় তাঁর প্রতি তাদের আক্রোশ থাকা স্বাভাবিক। কিন্তু এখন তারা সেভাবে সাড়া পাচ্ছেন না। ১০–১৫ জন উগ্র ব্যক্তি ছাড়া আর কেউ আসছে না। এটি তাদের শক্তিক্ষয় বা ডিমোরালাইজড (মনোবল ভেঙে পড়া) হয়ে পড়ার লক্ষণ।’
যুক্তরাজ্যে অবস্থানরত একজন আওয়ামী লীগ–সমর্থক ব্যক্তিকে এসব ঘটনার সংগঠক হিসেবে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, ওই ব্যক্তি ইতিমধ্যে চিহ্নিত। বাংলাদেশ সরকার চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে কিংবা তাঁকে ডিপোর্ট (দেশে ফেরত পাঠানো) চাইতে পারে।

Source - www.prothomalo.com ↗