Bangladesh · 2026-11-15 21:30:00

‘তুই ফ্যাসিস্ট,চুপ!’, জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমক

‘তুই ফ্যাসিস্ট,চুপ!’, জয়কে জাসাস নেতা হেলাল খানের ধমক
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে প্রকাশ্যে ‘ফ্যাসিস্ট’ বলে আক্রমণ করেছেন চিত্রনায়ক ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার আহ্বায়ক হেলাল খান। এ সময় জয় তাঁকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন হেলাল খান। একপর্যায়ে জয়কে চুপ করতে বলেন তিনি। আজ রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এ ঘটনা ঘটে। দুজনের উত্তপ্ত বাক্যবিনিময়কে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এফডিসি প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার সূত্রপাত এফডিসিতে আয়োজিত একটি মানববন্ধনকে কেন্দ্র করে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। পূর্বঘোষিত এ কর্মসূচিতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও এফডিসির কর্মচারীরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হেলাল খান, সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, মৌসুমী চৌধুরীসহ অনেকে। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে অংশ নেননি জয় চৌধুরী ও চলচ্চিত্র শিল্পী সমিতির কয়েকজন সদস্য। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন হেলাল খান।
মানববন্ধন শেষ হওয়ার পর শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যান হেলাল খান। সেখানে জয় চৌধুরীসহ কয়েকজনকে বসে থাকতে দেখে তাঁদের কাছে মানববন্ধনে অংশ না নেওয়ার কারণ জানতে চান। এ সময় জয় বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেন। কিন্তু তাঁর বক্তব্যে সন্তুষ্ট না হয়ে আরও উত্তেজিত হয়ে পড়েন হেলাল খান।
একপর্যায়ে জয়কে উদ্দেশ করে হেলাল খান বলেন, ‘তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। যে কারণে অনুষ্ঠানে যাসনি তোরা।’
শুধু জয় নন, সেখানে উপস্থিত অন্যদের নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁদের উদ্দেশে হেলাল খান বলেন, ‘এখানে যারা ছিল, সবগুলো ফ্যাসিস্ট। এফডিসি ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
জয় চৌধুরী কথা বলার চেষ্টা করলে তাঁকে থামিয়ে দিয়ে হেলাল খান বলেন, ‘চুপ, একদম চুপ।’ এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। উপস্থিত ব্যক্তিদের মধ্যেও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
জয় চৌধুরী। ফেসবুক থেকে কী বলছেন জয় চৌধুরী
ঘটনার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন জয় চৌধুরী। তাঁর দাবি, পুরো ঘটনার পেছনে রয়েছে একটি ভুল–বোঝাবুঝি। শিল্পী সমিতির সামনে বসে থাকা কয়েকজন ব্যক্তি ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েবের ভক্ত। তাঁরা ডি এ তায়েবের জন্মদিন উপলক্ষে কেক কাটার জন্য এফডিসিতে এসেছিলেন। কিন্তু তায়েবের আসতে দেরি হওয়ায় সেখানে অপেক্ষা করছিলেন।
জয় চৌধুরী বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ, আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে।’
জয়ের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তিরা কখন, কীভাবে এফডিসিতে এসেছেন, তা ডি এ তায়েব নিজেও জানতেন না। তাঁদের কেন মানববন্ধনে পাঠানো হয়নি, সেটিও তায়েবের জানা ছিল না। এসব বিষয় নিয়েই হেলাল খান ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করেন জয়।
একই সংগঠনে দায়িত্ব পালন করছেন দুজন
হেলাল খান ও জয় চৌধুরীর মধ্যে এই প্রকাশ্য বিরোধের ঘটনা বিশেষভাবে আলোচনায় এসেছে তাঁদের সাম্প্রতিক সাংগঠনিক সম্পর্কের কারণেও।
চলতি বছরের আগস্টে চলচ্চিত্রের ১৯টি সংগঠন নিয়ে গঠিত হয় ‘উনিশ সংগঠন’ নামে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম। চলচ্চিত্রশিল্পের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্মের ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক হন হেলাল খান। সদস্যসচিবের দায়িত্ব পান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। আর মুখপাত্র করা হয় জয় চৌধুরীকে।
একই চলচ্চিত্রভিত্তিক প্ল্যাটফর্মের নেতৃত্বে রয়েছেন হেলাল খান ও জয় চৌধুরী। গত আগস্টে এফডিসিতে আয়োজিত অনুষ্ঠানে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। সে সময় নতুন দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন জয়।
ক্ষমা চাইতে এসে আবারও বাগ্‌বিতণ্ডায় জয় চৌধুরীকে এই হেলাল খান
নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন হেলাল খান। ১৯৯৪ সালে গীতিকার ও প্রযোজক মাসুদ করিমের হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু। ‘প্রিয় তুমি’ চলচ্চিত্র দিয়ে অভিষেকের পর ‘বাজিগর’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘জুয়াড়ি’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
বিশেষ করে ‘সাগরিকা’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
‘জুয়াড়ি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও যুক্ত তিনি।
চলচ্চিত্রের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হেলাল খান। বর্তমানে তিনি দলটির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জয় চৌধুরী। ফেসবুক থেকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী
চিত্রনায়ক জয় চৌধুরীর চলচ্চিত্রে অভিষেক ‘এক জবান’ সিনেমার মাধ্যমে। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রশিল্পীদের সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় জয়। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
চলতি বছরের ৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন জয় চৌধুরী। একই নির্বাচনে সভাপতি হন অভিনেতা শিবা শানু। বর্তমানে অভিনয়ের পাশাপাশি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জয়।

Source - www.prothomalo.com ↗