পরিবেশবান্ধব বিমান চলাচলের ক্ষেত্রে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটির তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বিমান সিই-২৫এ প্রথমবারের মতো মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেছে।
চীনের রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক) জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির শনিবারের (১৪ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষামূলক উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন।
কোমাক জানায়, পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে বিমানটি আকাশে ছিল ১৬ মিনিটের কিছু বেশি সময়। এ সময়ে এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।
প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা জানিয়েছেন, পরীক্ষার সময় বিমানটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। প্রত্যাশা অনুযায়ীই উড্ডয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মানুষ নিয়ে আকাশে উড়ল চীনা বৈদ্যুতিক বিমান

এর আগে কয়েক মাস ধরে চালকবিহীন অবস্থায় বিমানটির পরীক্ষা চালানো হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয়ভাবে আকাশে ওড়ে সিই-২৫এ। এরপর মানববাহী পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি পাওয়ার আগে এটি ১৯টি স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।
কোমাকের পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল, সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও সংস্থা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
এদিকে বিমানটির বাণিজ্যিক ব্যবহারের পথেও অগ্রগতি হয়েছে। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) এর টাইপ সার্টিফিকেটের আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে। যাত্রী পরিবহনে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম শুরুর আগে এ সনদ পাওয়া বাধ্যতামূলক।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিই-২৫এ আন্তনগর যোগাযোগের জন্য তৈরি কোমাকের প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান। এতে ১৯ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। উড্ডয়নের সময় এর সর্বোচ্চ ওজন ১০ টন।
বিমানটির ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ ৩০০ কিলোমিটার। এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় চলতে পারে। একবার চার্জে সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম বিমানটি।
সূত্র: এনডিটিভি
Source - www.bd24live.com ↗