Bangladesh · 2026-11-15 22:05:54

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি

ঢাকার সড়কে গতি নিয়ন্ত্রণে ৮টি স্পিড ক্যামেরা পেল ডিএমপি
রাজধানীর সড়কে যান চলাচল সুশৃঙ্খল ও নিরাপদ করতে প্রচলিত ম্যানুয়াল ট্রাফিক ব্যবস্থাপনার পরিবর্তে ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে গতিসীমা নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের জন্য ডিএমপিকে আটটি স্পিড ক্যামেরা দেওয়া হয়েছে।

এসব ক্যামেরা পরিচালনায় দক্ষতা বাড়াতে ট্রাফিক বিভাগের ৩২ জন পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে স্পিড ক্যামেরা পরিচালনা বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় ডিএমপি ও গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে ১৫ থেকে ১৭ নভেম্বর এ কর্মশালার আয়োজন করেছে।

অনুষ্ঠানে জিআরএসপির সিনিয়র রোড পুলিশিং অ্যাডভাইজার পিটার জোনস ও পল সিমকক্স আনুষ্ঠানিকভাবে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানের কাছে আটটি স্পিড ক্যামেরা হস্তান্তর করেন।

বিআইজিআরএসের আওতায় আসন্ন স্পিড এনফোর্সমেন্ট পাইলট প্রকল্প বাস্তবায়নে এসব ক্যামেরা ব্যবহার করা হবে।

কর্মশালার উদ্বোধন করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান। তিনি বলেন, ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ম্যানুয়াল পদ্ধতি থেকে আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় রূপান্তর করা হচ্ছে। এ ক্ষেত্রে সড়কে ব্যবহৃত ডিজিটাল সরঞ্জামগুলোর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন।

তিনি আরও বলেন, স্পিড ক্যামেরা পরিচালনার এ প্রশিক্ষণ কর্মকর্তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। প্রশিক্ষণ থেকে সর্বোচ্চ জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর মাধ্যমে ঢাকায় সড়ক নিরাপত্তামূলক পদক্ষেপ বাস্তবায়ন, বিশেষ করে গতিসীমা ব্যবস্থাপনা নির্দেশিকা কার্যকর করা সহজ হবে।

বিআইজিআরএস ঢাকা উত্তরের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদ কর্মশালাটি সঞ্চালনা করেন। ঢাকা শহরের সড়ক নিরাপদ করতে উদ্যোগ নেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ডিএমপিকে ধন্যবাদ জানান তিনি।

কর্মশালায় অ্যাক্সিস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক মো. আবদুর রহিম সরকার লেজার স্পিড ক্যামেরা পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেন।

এতে অংশগ্রহণকারীরা ক্যামেরা পরিচালনা, দলগতভাবে এর ব্যবহার, ব্যক্তিগত দক্ষতা প্রদর্শন এবং যন্ত্রের সাধারণ রক্ষণাবেক্ষণ সম্পর্কে হাতে-কলমে ধারণা নেন। পাশাপাশি বাস্তব সড়ক পরিস্থিতিতে ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতা অর্জনের জন্য ব্যবহারিক প্রশিক্ষণেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভাইটাল স্ট্র্যাটেজিসের টেকনিক্যাল অ্যাডভাইজার আমিনুল ইসলাম সুজন, বিআইজিআরএস ঢাকা উত্তরের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মো. গোলাম হোসেন, ট্রান্সপোর্ট কো-অর্ডিনেটর প্রকৌশলী রেজাউর রহমান এবং সার্ভেইল্যান্স কো-অর্ডিনেটর ড. তানভীর ইবনে আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Source - www.bd24live.com ↗