Bangladesh · 2026-11-15 21:43:06

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, 'হাদী চত্বর' বদলে ‘জয় বাংলা চত্বর’

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, 'হাদী চত্বর' বদলে ‘জয় বাংলা চত্বর’
১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তাঁরা। মিছিল থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।

রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে জেলা সদর ও আশপাশের বিভিন্ন এলাকা এবং ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরে আসতে শুরু করেন। দুপুর ১২টার দিকে শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হওয়ার পর তাঁরা লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা হয়ে শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান মিছিলকারীরা।

মিছিলে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। তাঁদের অনেকের হাতে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র দেখা যায়। তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উল্লেখযোগ্যসংখ্যক নারী কর্মীও ছিলেন।

মিছিলকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টানিয়ে দেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সেটির তালা খুলে দেন। এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বর’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ পুনঃস্থাপন করেন তাঁরা।

এ সময় শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। শেখ কামাল স্টেডিয়াম-সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে জড়ো করে আগুন দেওয়া হয়। এ ছাড়া লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

মিছিল চলাকালে লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক।

কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরাও দায়িত্ব পালন করেন। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।

মিছিলের কারণে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। রিকশা ও ভ্যান চলাচলও ব্যাহত হয়। দুপুর দেড়টার দিকে মিছিলকারীরা বিভিন্ন এলাকা থেকে সরে যেতে শুরু করেন। বেলা দুইটার পর শহরের বিভিন্ন স্থানে তাঁদের উপস্থিতি কমে আসে। পরে কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

Source - www.bd24live.com ↗