পর্যটকদের বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে তিন মাসব্যাপী উৎসব। সেই উৎসবের আয়োজন সাজাতে গিয়ে কেটে ফেলা হয়েছে উপকূলের প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে পরিচিত বহু বছরের পুরোনো ঝাউগাছ। কোথাও একসঙ্গে পড়ে আছে কাটা গাছের মোটা মোটা গুঁড়ি, কোথাও চলছে আয়োজনের অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণের কাজ। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে শুরু হওয়া ‘কক্স কার্নিভাল’ ঘিরে এমন দৃশ্যই জন্ম দিয়েছে পরিবেশগত উদ্বেগের।
পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই আয়োজন করা হলেও এর জন্য সৈকতসংলগ্ন ঝাউবাগানের গাছ কাটার অভিযোগ উঠেছে।
পরিবেশবাদীদের প্রশ্ন, যে প্রাকৃতিক সৌন্দর্য ও উপকূলীয় পরিবেশের ওপর দাঁড়িয়ে কক্সবাজারের পর্যটনশিল্প, সেই প্রকৃতিই যদি উৎসবের অবকাঠামো নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই আয়োজনের সার্থকতা কোথায়?
যে ঝাউগাছ উপকূল বাঁচায়, কার্নিভালের জন্য সেই গাছই কাটা হলো

কার্নিভালের পরিসর বাড়াতে গিয়ে ঝাউবাগানের গাছ কেটে ফেলার বিষয়টি সামনে আসার পর স্থানীয় পরিবেশকর্মী, সংবাদকর্মী ও সচেতন নাগরিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রতিবাদ ও সমালোচনা। তাদের অভিযোগ, পর্যটন উন্নয়নের নামে উপকূলের পরিবেশের সঙ্গে এমন আপস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কক্সবাজারের সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগান কেবল সৌন্দর্যবর্ধনের উপাদান নয়, উপকূলীয় পরিবেশেরও গুরুত্বপূর্ণ অংশ। ঝাউগাছের শিকড় বালু ধরে রাখতে সহায়তা করে। পাশাপাশি উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কমানো এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব গাছের ভূমিকা রয়েছে।
বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে বিদ্যমান সবুজ আচ্ছাদন রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বহু বছর ধরে বেড়ে ওঠা গাছ কেটে ফেলার ক্ষতি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘ মেয়াদে এর প্রভাব পড়তে পারে উপকূলীয় প্রতিবেশব্যবস্থায়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পর্যটন খাতের বিকাশে উৎসব হতেই পারে, আমরা এর পরিপন্থী নই। কিন্তু এভাবে বহু বছরের পুরোনো ও প্রাকৃতিক ঝাউবাগান কেটে সাফ করে কার্নিভাল আয়োজন করা কোনোভাবেই কাম্য হতে পারে না। ঝাউবাগান না কেটে চাইলে বর্তমানে বাণিজ্য মেলা আয়োজিত খোলা মাঠে বা অন্য কোনো উপযুক্ত স্থানে এই তিন মাসব্যাপী কর্মসূচি পালন করা যেত। গাছ কেটে এমন আয়োজন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।’
তার মতে, পর্যটনশিল্পের বিকাশের জন্য প্রকৃতিকে অক্ষত রাখা জরুরি। কারণ কক্সবাজারের পর্যটনের প্রধান আকর্ষণই হচ্ছে সমুদ্র, সৈকত ও এর প্রাকৃতিক পরিবেশ। সেই পরিবেশ ধ্বংস করে পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ দীর্ঘ মেয়াদে পর্যটনশিল্পের জন্যও ক্ষতিকর হয়ে উঠতে পারে।
ঝাউগাছ কাটার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশ সচেতন ব্যক্তিরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের উদ্বেগ ও ক্ষোভের কথা তুলে ধরেছেন। তাদের এসব পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
প্রতিবাদকারীদের প্রশ্ন, তিন মাসব্যাপী একটি উৎসব আয়োজনের জন্য কি উপকূলের পুরোনো ঝাউবাগান কেটে ফেলতে হবে? সৈকতসংলগ্ন এলাকায় গাছ না কেটে বিকল্প কোনো স্থানে আয়োজন করার সুযোগ ছিল কি না, সেটিও খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।
ঝাউগাছ কাটার অভিযোগের বিষয়ে বন বিভাগের বক্তব্য জানতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানানো হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, এ বিষয়ে জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মো. মাহমুদুর রহমান সায়েমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। ঝাউগাছ কাটা বা পরিবেশ ধ্বংসের বিষয়ে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে কথা বলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের আশঙ্কা, পর্যটন অবকাঠামো নির্মাণের নামে নির্বিচারে গাছ কাটা হলে কক্সবাজারের উপকূলীয় প্রতিবেশব্যবস্থায় দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে।
তাদের দাবি, কার্নিভালের জন্য ঠিক কতটি গাছ কাটা হয়েছে, কোন কর্তৃপক্ষের অনুমতিতে কাটা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা দ্রুত তদন্ত করে জনসমক্ষে প্রকাশ করতে হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বনায়নের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
পর্যটনশিল্পের বিকাশে উৎসব, বিনোদন ও আধুনিক অবকাঠামোর প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু সেই আয়োজনের জন্য যদি উপকূলের প্রাকৃতিক সম্পদই ধ্বংস করা হয়, তাহলে তা কতটা টেকসই উন্নয়ন হবে, সেই প্রশ্ন থেকেই যায়।
কক্সবাজারের সবচেয়ে বড় সম্পদ কোনো অস্থায়ী মঞ্চ, আলোকসজ্জা কিংবা উৎসবের আয়োজন নয়; এর সমুদ্রসৈকত, ঝাউবাগান ও প্রাকৃতিক সৌন্দর্য। পর্যটকদের আকৃষ্ট করতে গিয়ে সেই সৌন্দর্যেরই ক্ষতি হলে উৎসব শেষে থেকে যাবে পরিবেশের ক্ষত। তাই কক্স কার্নিভালের আয়োজনের পাশাপাশি ঝাউগাছ কাটার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও উপকূলের পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। এমনটাই মনে করছেন পরিবেশ সংশ্লিষ্টরা।
Source - www.bd24live.com ↗