Bangladesh · 2026-11-15 23:24:31

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন
বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এদিকে মূল অভিযুক্ত রাহুলকে (২২) গ্রেপ্তার ও তাঁর ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
আজ রোববার বিকেলে বগুড়া শহরের নারুলী এলাকায় এই মানববন্ধন হয়। এতে অন্যান্যের মধ্যে বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি রুস্তম আলী বক্তব্য দেন।
গতকাল শনিবার বিকেলে নারুলী এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিবার।
এ ঘটনায় অভিযুক্ত রাহুল ও তাঁর দাদা-দাদিকে আসামি করে আজ রোববার বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল চারটার দিকে শিশুটি হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করার এক পর্যায়ে রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পান। বিষয়টি জানাজানি হলে রাহুল পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁর দাদি ও দাদাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, অভিযুক্ত রাহুল পলাতক। তবে তাঁর দাদা ও দাদিকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Source - www.prothomalo.com ↗