Bangladesh · 2026-11-15 23:03:01

‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম

‘ভাইয়ের সঙ্গে কথা না বলে গাড়ি বের করবি না’, হাজারীবাগে হামলায় সন্ত্রাসী ইমনসহ ৪৩ নাম
‘এই, তোরা গাড়ি নিয়ে বের হয়েছিস কেন? ভাইয়ের সঙ্গে কথা বলে তারপর গাড়ি বের করবি। নইলে আবার হামলা করব।’
এভাবেই আজ রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ারের তিনটি গাড়িতে হামলার সময় হুমকি দেন হামলাকারীরা। প্রতিষ্ঠানটির অভিযোগ, অন্তত ২০ জন এসে গাড়িগুলো ভাঙচুরের পাশাপাশি চালক ও তাঁদের সহকারীদের মারধর করেন। এরপর রাত সাড়ে নয়টার দিকে কুরিয়ারটির আরেকটি গুদামে হামলা হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে কুরিয়ারের গাড়িতে।
দুপুরে হামলার সময় দেওয়া হুমকিতে উল্লেখ করা ‘ভাই’ বলতে শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনকে বোঝানো হয়েছে বলে জানিয়েছে কুরিয়ার প্রতিষ্ঠানটি।
এর মধ্যেই নতুন তথ্য পাওয়া গেছে এ জে আর কুরিয়ারের ওপর প্রথম হামলার তদন্তে। পুলিশ জানিয়েছে, গত ২০ অক্টোবর হাজারীবাগে প্রতিষ্ঠানটির প্রধান গুদামে হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম পাওয়া গেছে। তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের কেউ জিজ্ঞাসাবাদে ইমনের নাম বলেননি।
এদিকে আজকের হামলাসহ গত ২৬ দিনে এ জে আর কুরিয়ারের গাড়ি, গুদাম ও কার্যালয়ে অন্তত ২০ বার হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাও রয়েছেন।
আজ রোববার দুপুরেও এ জে আর কুরিয়ার সার্ভিসের গাড়িতে ভাঙচুর চালিয়েছে হামলাকারীরাতিন গাড়ি আটকে আবার হামলার হুমকি
এ জে আর কুরিয়ার কর্তৃপক্ষ জানায়, রোববার বেলা দেড়টার দিকে হাজারীবাগের গুদাম থেকে প্রতিষ্ঠানটির তিনটি গাড়ি একসঙ্গে যাত্রাবাড়ী, গাজীপুর ও কেরানীগঞ্জের উদ্দেশে রওনা হয়। মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ের পাশে বোড়ঘাট প্রথম সড়কে পৌঁছালে গাড়িগুলোর ওপর হামলা চালানো হয়।
অন্তত ২০ জন এসে গাড়িগুলো লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। ভাঙচুরের পাশাপাশি চালক ও তাঁদের সহকারীদের মারধর করেন। এ সময় হামলাকারীরা ‘ভাইয়ের সঙ্গে কথা না বলে’ গাড়ি বের করলে আবারও হামলা চালানোর হুমকি দেন।
এ জে আর কুরিয়ারের সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘হামলার নেপথ্যের ব্যক্তিদের গ্রেপ্তার না করায় বারবার একই ঘটনা ঘটছে। আমাদের কর্মী ও পরিবহনচালকেরা প্রতিনিয়ত ভয় নিয়ে কাজ করছেন।’ তিনি বলেন, রাতে আবারও তাঁদের কুরিয়ারের আরেক গুদামে হামলা হয়েছে। হামলাকারীরা প্রায় ৫০ জন ছিল। তারা গ্রাহকের মোটরসাইকেলসহ নানা পণ্য পুড়িয়ে দিয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে তখন পর্যন্ত ভুক্তভোগীদের কেউ থানায় অভিযোগ করেননি।
হামলায় ক্ষতিগ্রস্ত এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গাড়িএ জে আর কুরিয়ারের গাড়ি দেখলেই হামলা, কারা করছে, কেন ধরতে পারছে না পুলিশহামলায় ইমনসহ ৪৩ জনের নাম
গত ২০ অক্টোবর হাজারীবাগে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেসের প্রধান গুদামে হামলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ওপর ধারাবাহিক আক্রমণ শুরু হয়। এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ।
মামলার তদন্তসংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা রোববার প্রথম আলোকে জানান, প্রথম হামলার ঘটনায় তদন্তে শীর্ষ সন্ত্রাসী ইমনসহ ৪৩ জনের নাম পাওয়া গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই ব্যক্তিরা ইমনের হয়ে কাজ করেন। তাঁদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তে উঠে আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাফিজ কামাল ওরফে সানি, আলিফ হোসেন লাবিব, স্বপন মুন্সী, মো. মুন্না, মাহিদুল ইসলাম, মো. মাসুম হোসেন, রজিন, আপন ওরফে হোন্ডা আপন, ডায়মন্ড ওরফে আল আমিন, বেনকিউ হৃদয়, ফোকলা হৃদয়, বোচা সুমন, ডন সাগর, লাদেনসহ অনেকে।
হামলায় ক্ষতিগ্রস্ত এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গাড়ি‘এখন থেকে ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে’ বলে কুরিয়ার সার্ভিসের গুদামে ঢুকে ভাঙচুর-লুটপাটগাড়ি পোড়ানায় বিএনপি–সংশ্লিষ্ট দুই নেতার নাম
৫ নভেম্বর মোহাম্মদপুরে এ জে আর কুরিয়ারের মালামালবোঝাই একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ৭ নভেম্বর মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলাটি তদন্ত করছে ডিবির তেজগাঁও বিভাগ।
এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিমের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ রানা এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবু।
গ্রেপ্তার অন্য সাতজন হলেন কামরুল হাসান আলমাস, মো. মমিন, নুরুজ্জামান, ইমরান মিয়া, সোহেল শেখ ওরফে হৃদয় ওরফে তাজ, ওবায়দুল্লাহ ওরফে শাহীন এবং আজহারুল ইসলাম জাকির। তবে তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ডিবি কর্মকর্তাদের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ৫ নভেম্বরের হামলা ও অগ্নিসংযোগে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে আদালতে কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। কেন তাঁরা হামলা করেছেন এবং এর নেপথ্যে কারা রয়েছেন, এসব প্রশ্নেরও সন্তোষজনক জবাব দিচ্ছেন না।
ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, কেন এবং কীভাবে একের পর এক হামলা হচ্ছে, তা তদন্ত করা হচ্ছে।
‘কালকের দিন সময় দিলাম, না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে’হামলায় ক্ষতিগ্রস্ত এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেডের গাড়িহুমকি থামছে না, আতঙ্কে চালকেরা
এ জে আর কর্তৃপক্ষের হিসাবে, ২৬ দিনে অন্তত ২০টি হামলায় প্রতিষ্ঠানটির ছয়জন চালক ও কর্মী আহত হয়েছেন। আগুনে পুড়েছে গ্রাহকদের লাখ লাখ টাকার পণ্য। এসব ঘটনায় বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা, ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) ও ছয়টি অভিযোগ করা হয়েছে।
গত বৃহস্পতিবারও এক দিনে তিন জায়গায় হামলার শিকার হয় প্রতিষ্ঠানটির গাড়ি। ভোরে একটি কাভার্ড ভ্যান, রাত সাড়ে আটটায় দক্ষিণ যাত্রাবাড়ীতে আরেকটি গাড়ি এবং রাত ৯টা ২০ মিনিটের দিকে কেরানীগঞ্জে কার্যালয়ের সামনে রাখা একটি গাড়িতে হামলা হয়। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে প্রথম হামলার তদন্তে ইমনসহ ৪৩ জনের নাম পাওয়ার তথ্য সামনে এলেও ধারাবাহিক হামলার নির্দেশদাতা কারা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর মধ্যেই রোববার আবারও হামলা হলো। হামলাকারীরা জানিয়ে গেলেন, ‘ভাইয়ের সঙ্গে কথা’ না বলে গাড়ি বের করলে আবারও হামলা হবে। তাঁদের কেউই এখনো গ্রেপ্তার হননি।

Source - www.prothomalo.com ↗