দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরে গিয়েছিলেন প্রায় পাঁচ বছর আগে। এরপর অবসর সময়ের দুশ্চিন্তা কাটিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোলায়মান হোসাইন বেছে নিয়েছেন কৃষিকাজ। তিন বিঘা জমিতে পুকুর খনন করে মাছ চাষের পাশাপাশি পুকুরপাড়ে গড়ে তুলেছেন সমন্বিত ফল ও সবজির বাগান। এছাড়া দুই বিঘা জমিতে ড্রাগন ফলের আবাদ করে তিনি সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সব খরচ বাদে এই কৃষি খামার থেকে তাঁর বার্ষিক আয় পাঁচ লাখ টাকার বেশি।
সম্প্রতি কালীগঞ্জ পৌর এলাকার চাচড়া গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, সবুজে ঘেরা এক ব্যতিক্রমী কৃষি খামার। বিশাল পুকুরের চারপাশের পাড়জুড়ে শোভা পাচ্ছে পেঁপে, কলা, কুল-বরই ও খেজুরগাছ। পুকুরপাড়ে সারি সারি পেঁপেগাছে ঝুলে আছে টপ লেডি, রেড লেডি ও শাহী জাতের প্রচুর ফল। প্রায় তিন বছর আগে শুরু করা এই সমন্বিত খামার এখন বহুমুখী কৃষি উৎপাদনের এক সফল উদাহরণ।
অবসর জীবনকে নতুন সম্ভাবনায় রাঙালেন শিক্ষক সোলায়মান

সোলায়মান হোসাইন জানান, অবসরের পর অলস সময় না কাটিয়ে নিজের এবং দেশের উপকারে কিছু করার চিন্তা থেকেই তিনি কৃষিতে মনোনিবেশ করেন। তিনি বলেন, ‘চাকরির আশায় বসে না থেকে কিংবা অবসরের পর অলস সময় না কাটিয়ে কৃষিকাজে যুক্ত হওয়া অনেক সম্মানের ও স্বাধীন পেশা। এতে নিজের যেমন উপকার হয়, তেমনি দেশের কৃষি উৎপাদনেও অবদান রাখা যায়।’
শিক্ষকতার পাশাপাশি দীর্ঘ সময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকা সোলায়মান হোসাইন বর্তমানে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদনার দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা, সাংবাদিকতা ও কৃষি—এই তিন ক্ষেত্রেই তিনি নিজের সম্পৃক্ততা ধরে রেখেছেন।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, সোলায়মান হোসাইনের এই উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাঁকে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ এবং আধুনিক চাষাবাদ বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, মাছ চাষের বিষয়ে তাঁর যেকোনো প্রয়োজনে মৎস্য অফিসের পক্ষ থেকে কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হবে।
সোলায়মান হোসাইনের এই উদ্যোগ শুধু তাঁর নিজের অবসর জীবনকেই কর্মমুখর করেনি, বরং স্থানীয়ভাবে কৃষির নতুন সম্ভাবনাও তৈরি করেছে। তাঁর এই খামার দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন। অবসর মানেই কর্মহীনতা নয়, ইচ্ছা ও পরিকল্পনা থাকলে জীবনের যেকোনো পর্যায়েই নতুন করে শুরু করা যায়—সোলায়মান হোসেনের কৃষি উদ্যোগ যেন সেই বার্তাই দিচ্ছে।
Source - www.bd24live.com ↗